১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ভুল তথ্য’ না মোছায় গুগলকে ৫ কোটি ডলার জরিমানা রাশিয়ায়

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই বিদেশী প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে কনটেন্ট সেন্সরশিপ, স্থানীয় ডেটা ভুলভাবে উপস্থাপনের অভিযোগ করে আসছে দেশটি।

‘ভুল তথ্য’ না মোছায় গুগলকে ৫ কোটি ডলার জরিমানা রাশিয়ায়

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 05:49 PM

Updated : 21 Dec 2023, 05:49 PM

রাশিয়ার বিবেচনায় ইউক্রেইন যুদ্ধ ও এ ধরনের অন্যান্য বিষয় সংশ্লিষ্ট ‘ভুল’ তথ্য না মোছার অভিযোগে সার্চ জায়ান্ট গুগলকে পাঁচ কোটি ডলারের বেশি আর্থিক জরিমানা করেছে দেশটির আদালত।

বুধবার গুগলকে দেওয়া এ জরিমানার বিষয়টি উঠে এসেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস-এর প্রতিবেদনে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই বিদেশী প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে কনটেন্ট সেন্সরশিপ, স্থানীয় ডেটা ভুলভাবে উপস্থাপনের অভিযোগ করে আসছে দেশটি।

এদিকে, সংবাদ সংস্থা ‘আরআইএ’ প্রতিবেদনে বলেছে, গুগল অনলাইন থেকে ‘উগ্রবাদী কনটেন্ট’ সরাতে ব্যর্থ হওয়ায় ও ‘এলজিবিটি প্রোপাগান্ডা’ ছড়িয়ে দেওয়ায় এ জরিমানা ধার্য করা হয়েছে।

এ প্রসঙ্গে রয়টার্সকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি গুগল।

ইউক্রেইনের সঙ্গে চলমান যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। নভেম্বরে দেশটির সুপ্রিম কোর্ট রুল জারি করে, এলজিবিটি অধিকারকর্মীদের ‘উগ্রবাদী’ বলে আখ্যা দেওয়া উচিৎ। তবে, এমন পদক্ষেপে দেশটিতে গ্রেপ্তার ও সাজা দেওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ‘গে’ ও ‘ট্রান্সজেন্ডার’ অধিকারকর্মীরা।

আগ্রাসন শুরুর পর থেকেই ইউটিউবকে মূল লক্ষ্যবস্তু বানিয়ে আসছে রাশিয়া। তবে, দেশটি টুইটার ও মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যম ফেইসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলেও ইউটিউবের বেলায় তেমনটি করেনি।