১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

বিকল্প আয়ের পথ সুগম করতে লিংকডইনের নতুন টুল

এআইয়ের ফলে বিশ্বজুড়ে মানুষের কাজের ধরন ও পেশাগত সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। এ বাস্তবতাকে মাথায় রেখে প্ল্যাটফর্মে একাধিক পরিবর্তন আনছে লিংকডইন।

বিকল্প আয়ের পথ সুগম করতে লিংকডইনের নতুন টুল

নতুন কোনো ব্যবসার উদ্ভাবক বা প্রতিষ্ঠাতাদের জন্যও যোগ হচ্ছে বিশেষ কনটেন্ট তৈরির টুল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 03:10 PM

Updated : 16 Oct 2026, 03:10 PM

মূল চাকরির বাইরে সাইড প্রজেক্ট, নিজস্ব ব্যবসা বা বিকল্প পেশার চর্চা যারা করেন তাদের পেশাদার পরিচয় ফুটিয়ে তুলতে একঝাঁক নতুন ফিচার যোগ করছে পেশাদারদের মধ্যে জনপ্রিয় নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইন।

পাশাপাশি, ব্যবহারকারীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে প্রোফাইল পরিবর্তন ও উদ্যোক্তাদের জন্য আয় করার মতো নতুন সুবিধা আনার ঘোষণা দিয়েছে প্রযুক্তি কোম্পানিটি।

নতুন এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা এখন একইসঙ্গে নিজেদের একাধিক চাকরি বা কাজের তথ্য প্রোফাইলে তুলে ধরতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

নতুন কোনো ব্যবসার উদ্ভাবক বা প্রতিষ্ঠাতাদের জন্যও যোগ হচ্ছে বিশেষ কনটেন্ট তৈরির টুল। নেটওয়ার্কিংকে আরও স্বাভাবিক ও কার্যকরী করতেই এসব ফিচারে প্রাধান্য দিচ্ছে লিংকডইন।

‘নেটওয়ার্ক’ নামের নতুন ফিড পরীক্ষা করছে কোম্পানিটি, যেখানে অ্যালগরিদমের কৃত্রিম সুপারিশের বদলে কেবল ব্যবহারকারীর পরিচিত বা ফলো করা ব্যক্তি ও অ্যাকাউন্টের আপডেট দেখা যাবে।

এ ছাড়া বাস্তব জীবনে নতুন কারও সঙ্গে দ্রুত যোগাযোগ তৈরির সুবিধার্থে ফোন ওয়ালেটে সেভ করে রাখার মতো ‘বিজনেস কার্ড’ সুবিধাও যোগ হচ্ছে প্লাটফর্মটিতে।

অন্যদিকে, প্রতিষ্ঠাতাদের জন্য আয় বাড়াতে ‘অ্যাডভাইস সেশনস’ নামের নতুন এক নতুন ফিচার উন্মোচন করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। যার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট ফি’র বিনিময়ে একক পরামর্শ সভা পরিচালনা করতে পারবেন।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বিজনেস প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ফিচারটি উন্মুক্ত হচ্ছে। ব্যবহারকারীদের এই সেশনের আয় থেকে লিংকডইন কোনো অংশ কেটে নেবে না বলে নিশ্চিত করেছে কোম্পানিটি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত প্রসারের ফলে বিশ্বজুড়ে মানুষের কাজের ধরন ও পেশাগত সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। এ বাস্তবতাকে মাথায় রেখেই প্ল্যাটফর্মে একাধিক পরিবর্তন আনছে লিংকডইন।

লিংকডইনের তথ্য অনুসারে, গত এক বছরে তাদের প্রোফাইলে নিজেদের ‘প্রতিষ্ঠাতা’ বা ‘ফাউন্ডার’ হিসেবে যোগ করা ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭০ শতাংশ বেড়েছে।

পাশাপাশি মূল চাকরির পাশাপাশি একই সময়ে একাধিক প্রতিষ্ঠানে যোগ থাকা বা ভিন্ন পেশায় থাকার তথ্য প্রকাশের হারও বেড়েছে।

এআই প্রযুক্তির প্রভাবে নতুন উদ্যোগ শুরু করা সহজ হয়েছে নাকি শ্রমবাজারের অস্থিরতার কারণে মানুষ বাধ্য হয়ে বিকল্প উপায়ের দিকে ঝুঁকছে এমন প্রশ্নের জবাবে লিংকডইনের চিফ প্রোডাক্ট অফিসার হরি শ্রিনিবাসন বলেছেন, তাদের সংগৃহীত তথ্য বলছে, ‘বর্তমানে নিশ্চিতভাবেই আগের চেয়ে বেশি মানুষ নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করছেন’।

তবে এই পরিবর্তনের পেছনের মূল কারণ কী তা এককভাবে নির্দিষ্ট করে বলা কঠিন। এআই ব্যবহার করে সফটওয়্যার কোড লিখে ফেলা আর একটি সফল ব্যবসা দাঁড় করানোর প্রক্রিয়া দুটি ভিন্ন বিষয়।

শ্রিনিবাসন বলেছেন, “আপনি এআই দিয়ে উদ্ভাবন বা প্রযুক্তি তৈরি করে ফেলতে পারেন, তবে এটা পূর্ণাঙ্গ ব্যবসা গড়ে তোলার প্রক্রিয়াকে খুব বেশি সহজ করে দিয়েছে কি না তা নিয়ে বিতর্ক রয়েছে।”