ট্রাম্পের ট্রুথ সোশাল ফেরত গেল প্লে স্টোর থেকে
শারীরিক হুমকি ও সহিংসতায় উষ্কানি দেওয়ার মতো কনটেন্ট মডারেশনের পর্যাপ্ত নীতিমালা না থাকায় প্লে স্টোরের নীতির লঙ্ঘন হচ্ছে, তা নিয়ে ট্রুথ সোশালের কাছে উদ্বেগ প্রকাশ করেছে গুগল।
কনটেন্ট মডারেশনে 'পর্যাপ্ত ব্যবস্থা না থাকায়' গুগল প্লে স্টোরে এখনও অনুমোদন পায়নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশালের অ্যান্ড্রয়েড অ্যাপ।
অ্যাপটির অনুমোদন না পাওয়ার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন গুগলের এক মুখপাত্র। অনুমোদনে এই বিলম্বকে অ্যাপটি জন্য একটি ‘বড় ধাক্কা’ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। এর আগে ফেব্রুয়ারির ২১ তারিখে অ্যাপলের অ্যাপস্টোরে এসেছে এটি।
যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বাজারের ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসের দখলে। ফলে, প্লে স্টোর ও অ্যাপস্টোর ছাড়া বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীর জন্য ট্রুথ সোশাল ডাউনলোডের সহজ কোনো উপায়ও নেই।
“১৯ অগাস্ট, আমরা ট্রুথ সোশালকে তাদের বর্তমান অ্যাপ জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নীতি লঙ্ঘনের বিষয়টি অবহিত করেছি।” --এক বিবৃতিতে বলেছে গুগল।
“এবং আরও বলেছি, কোনো অ্যাপ গুগল প্লে-তে লাইভে যেতে ব্যবহারকারীর তৈরি কনটেন্ট মডারেশনে কার্যকর ব্যবস্থা রাখা আমাদের সেবার অন্যতম শর্ত।”
শারীরিক হুমকি ও সহিংসতায় উষ্কানি দেওয়ার মতো কনটেন্টে নিষেধাজ্ঞা না দেওয়ায় যে প্লে স্টোরের নীতির লঙ্ঘন হচ্ছে, তা নিয়ে ট্রুথ সোশালের কাছে উদ্বেগ প্রকাশের কথা জানিয়েছে গুগল।
এ প্রসঙ্গে রয়টার্স ট্রুথ সোশালের মালিক প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)’র মন্তব্য জানতে চাইলে তারা কিছু বলতে রাজী হননি।
“বাকস্বাধীনতার আশ্রয়স্থল হওয়ার প্রতিশ্রুতিতে আপোষ না করে গুগলের নীতিমালার সঙ্গে মিলিয়ে নিতে তাদের সঙ্গে সরল বিশ্বাসে কাজ করে যাচ্ছে ট্রুথ সোশাল অ্যাপ।” --এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।
“কনটেন্টে যৌনতা ও অন্যান্য নীতি লঙ্ঘনের পরও ‘কয়েকটি প্রতিদ্বন্দ্বী’ অ্যাপকে প্লেস্টোরে অনুমোদন দিয়েছে গুগল, যেখানে ট্রুথ সোশাল যৌন উদ্দীপক কনটেন্টের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে।”
অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ দেরি করা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ সাইট ‘অ্যাক্সিওস’।
২০২১ সালের ৬ জানুয়ারি ‘ইউএস ক্যাপিটল’ দাঙ্গার পর টুইটার, ফেইসবুক ও ইউটিউব থেকে নিষিদ্ধ হন ট্রাম্প, সামাজিক মাধ্যমে সহিংসতায় উষ্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে। ওই ঘটনার এক বছরেরও বেশি সময় পর নিজের অ্যাপ ট্রুথ সোশালের মাধ্যমে সামাজিক মাধ্যমে ফেরার চেষ্টা করছেন তিনি।
ট্রুথ সোশাল অ্যাপ ব্যবহারকারীর জন্য ‘আকর্ষণীয় ও সেন্সরশিপ মুক্ত’ অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়েছে ‘টিএমটিজি’।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটি সেই সব ব্যবহারকারীকে আকৃষ্ট করবে যারা মনে করেন, ২০২০ সালের নির্বাচনে মূলধারার বলে পরিচিত বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্মের ভূমিকা ছিল বা যারা এই ধরনের ‘বিতর্কিত’ বিষয়াদি নিয়ে কথা বলতে চান।
