Published : 05 Sep 2025, 04:44 PM
বার্লিনের আইএফএ মেলায় এ বছর প্রযুক্তিপ্রেমীদের জন্য আরেক চমক নিয়ে হাজির স্যামসাং। উন্মোচিত হয়েছে গ্যালাক্সি এস২৫ এফই যা এরইমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে ছয়শ ডলার থেকে। নতুন এ হ্যান্ডসেটটি চারটি রঙে পাওয়া যাবে।
ডিভাইসটি মূলত গ্যালাক্সি এস২৫ পরিবারের আরও সাশ্রয়ী সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। একে বলা হচ্ছে সিরিজটির ‘মিডরেঞ্জ তারকা’ কেননা যেখানে বেসিক গ্যালাক্সি এস২৫-এর দাম শুরু হয়েছিল আটশ ডলার থেকে সেখানে নতুন এস২৫ এফই তুলনামূলকভাবে কম দামে ব্যবহারকারীদের একই সিরিজের অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় লুকিয়ে আছে ফোনটির সফটওয়্যারে। অন্য এস২৫ মডেলগুলো যখন বাজারে আসে তখন সেগুলো ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেমে চলত। পরবর্তীতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে নতুন ভার্সন যুক্ত করা হলেও এস২৫ এফই সরাসরি বাজারে এসেছে ওয়ান ইউআই ৮ নিয়ে।
এই আপডেটে যুক্ত হয়েছে একেবারে নতুন আইকন, আরও মসৃণ অ্যানিমেশন, উন্নত এআই ইন্টিগ্রেশন এবং আগের যেকোনো সময়ের তুলনায় বেশি কার্যকর স্প্লিট-স্ক্রিন পারফরম্যান্স।
স্যামসাংয়ের নতুন এস২৫ এফই ফ্ল্যাগশিপ লাইনআপের অন্যান্য ডিভাইসের তুলনায় কিছুটা কম সক্ষমতার হলেও ফিচারের দিক দিয়ে কোনো অংশেই পিছিয়ে নেই। ফোনটিতে রয়েছে এক্সিনস ২৪০০ সিপিইউ যা দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট হলেও পারফরম্যান্সে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৮ এলিট প্রসেসরের মতো গতিশীল নয়। স্ন্যাপড্র্যাগন ৮ এলিট প্রসেসরটি সিরিজের অন্য মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে।
ডিসপ্লের দিক থেকেও ফোনটি যে কারও নজর কাড়বে। ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহাকারীদের দেবে উজ্জ্বল ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এর ব্রাইটনেস ১৯০০ নিট পর্যন্ত যেতে পারে।
ক্যামেরা সিস্টেমে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন লেন্স, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং আট মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলে ব্যবহারকারীরা পাবেন ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
হার্ডওয়্যারে সামান্য ঘাটতি থাকলেও সফটওয়্যার ফিচারে কোনো কমতি রাখেনি স্যামসাং। গ্যালাক্সি এস২৫ এফই-তে আছে সিরিজের অন্য ফোনের মতোই সব উন্নত গ্যালাক্সি এআই টুল।
এতে রয়েছে কোম্পানির জনপ্রিয় জেনারেটিভ এডিট ফটো এডিটিং সফটওয়্যার, অন-ডিভাইস এআই অ্যাসিস্ট্যান্ট এবং আরও অনেক কিছু। ফলে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ব্যবহারকারীরা পাচ্ছেন গ্যালাক্সি এআইয়ের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা।