১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অ্যাস্ট্রো-অলিম্পিয়াড: বাছাই হল শীর্ষ ৫

নির্বাচিত পাঁচজন আগামী ২০ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

অ্যাস্ট্রো-অলিম্পিয়াড: বাছাই হল শীর্ষ ৫
শীর্ষ পাঁচের অন্যতম সপ্তর্ষি রহমানের হাতে সনদ তুলে দিচ্ছেন ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড-এর চেয়ারম্যান ড. মিখাইল গাব্রিলভ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫-এর আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্য চূড়ান্ত বাছাই শেষ হয়েছে। দুই দিনব্যাপী কর্মশালার শেষে পাঁচজন প্রতিযোগীকে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ টিম গঠিত হল।

সারাদেশ থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের আয়োজনে মঙ্গল ও বুধবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত বাছাই পর্ব।

নির্বাচিত পাঁচজন এ বছরের ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডেও অংশগ্রহণের সুযোগ পাবেন তারা।

সিনিয়র গ্রুপ থেকে বাংলাদেশ টিমের সদস্যারা হচ্ছেন, ঢাকার ‘হীড ইন্টারন্যাশনাল স্কুল’-এর একাদশ শ্রেণির সপ্তর্ষি রহমান, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ-এর দ্বাদশ শ্রেণির রাডিট রাইয়ান।

জুনিয়র গ্রুপ থেকে বাংলাদেশ টিমের সদস্যরা হচ্ছেন, যশোরের পুলিশ লাইন সেকেন্ডারি স্কুল-এর দশম শ্রেণির মো. মকদুম আমীন, রাজশাহী কলিজিয়েট স্কুল-এর অষ্টম শ্রেণির মো. জুবায়ের হোসাইন জিসান এবং খুলনার সাউদ হেরাল্ড ইংলিশ মিডিয়াম স্কুল-এর নবম শ্রেণির সায়ান্তন রয়।

প্রথম রাউন্ডে দেশের ১১টি জেলা থেকে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সেখান থেকে বাছাইকৃত তিনশ জন প্রতিযোগী অংশ নেয় জাতীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ডে। এরপর জাতীয় পর্যায় থেকে নির্বাচিত ৩০ জন নিয়ে তৃতীয় রাউন্ডের ক্লোজড ক্যাম্প পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে ক্যাম্পের শেষদিনে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ভিত্তিতে বাংলাদেশ টিমের সেরা পাঁচ জনকে নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র প্রো-ভিসি অধ্যাপক ড. আশিক মোসাদ্দেক। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মিখাইল গাব্রিলভ ও সাহাপার আলম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান মশহুরুল আমিন।

চূড়ান্ত বাছাই কার্যক্রম পরিচালনায় জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, নটর ডেম ইউনিভার্সিটির প্রভাষক লোপা মমতাজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভাষক খালিদ মাহবুব এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন থেকে রবীন ফকির, ফরিদউদ্দিন আহমেদ ও মাসুদুল হাসান জায়েদী।

গত বছরের মতো এবারও এপেক্স এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। এ ছাড়াও, সহযোগিতায় ছিল গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, এমটিবি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ওয়াচেস ওয়ার্ল্ড,  এডিএন টেলিকম. প্রথম আলো ও দূরন্ত টিভি।

মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও বিজনেস স্ট্যান্ডার্ড। একাডেমিক পার্টনার ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন ২০০৬ সাল থেকে আয়োজন করছে অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচি ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’।