ব্যবহারকারী নির্দেশ দিলে লেখায় ‘এম ড্যাশ’ রাখা বন্ধ করবে চ্যাটজিপিটি
বর্তমানে ইন্টারনেটে লেখার ভেতর এম ড্যাশের উপস্থিতিকে অনেকেই এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করার অন্যতম লক্ষণ হিসেবে দেখছেন।
এখন থেকে কাস্টম ইনস্ট্রাকশনে যদি ব্যবহারকারীরা চ্যাটিজিপিটিকে এম ড্যাশ (—) ব্যবহার না করতে বলেন তাহলে মডেলটি এই চিহ্ন আর ব্যবহার করবে না।
ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান এক্স-এ বলেন, আগে চ্যাটজিপিটি ব্যবহারকারীর অনুরোধ সত্ত্বেও লেখার মধ্যে এম-ড্যাশ ব্যবহার করত।
বর্তমানে ইন্টারনেটে লেখার ভেতর এম ড্যাশের উপস্থিতিকে অনেকেই এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করার অন্যতম লক্ষণ হিসেবে দেখেন। বিশেষ করে অতিরিক্ত ব্যবহারের কারণে সন্দেহ আরও বাড়ছে।
যদিও কোনো লেখায় এম-ড্যাশ থাকলেই তা এআই লিখিত এমন ধারণা সঠিক নয়, তবু পাঠকদের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে।
জেনারেটিভ এআই মডেলগুলো কেন এত বেশি এম-ড্যাশ ব্যবহার করে তা এখনও স্পষ্ট নয়। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো বিভিন্ন বই, অনলাইন কনটেন্ট, বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ ও পাবলিক ফোরামের বিশাল ডেটাসেট দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ওইসব উৎসে এম ড্যাশের ঘন ব্যবহার এবং প্রশিক্ষণ পর্যায়ে এটিকে এড়িয়ে চলার নির্দেশনা না থাকায় মডেলগুলো স্বাভাবিকভাবেই চিহ্নটি বেশি ব্যবহার করে।
