২০০০ কোটি ডলার মূল্যের কোম্পানি হওয়ার পথে মাস্কের ‘বোরিং’
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কোম্পানিটির সুড়ঙ্গভিত্তিক যাতায়াত ব্যবস্থা চালু রয়েছে, সেখানে মাটির তলদেশ ও ওপরের রাস্তা মিলিয়ে টেসলা গাড়ির মাধ্যমে যাত্রী আনা-নেওয়া করা হয়।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের সুরঙ্গ নির্মাণ ও ভূগর্ভস্থ পরিবহন প্রযুক্তির স্টার্টআপ বোরিং কোম্পানি এবার বড় অংকের নতুন তহবিল সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে।
৪০০ কোটি ডলারের এ তহবিল সংগ্রহের উদ্যোগ সফল হলে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়াবে প্রায় ২ হাজার কোটি ডলারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট টেকক্রাঞ্চ।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি এবং তহবিলের শর্তাবলীতে পরিবর্তন আসতে পারে। চুক্তি চূড়ান্ত হলে কোম্পানিটির মূল্যায়ন আগের তুলনায় কয়েক গুণ বাড়বে।
এর আগে ২০২২ সালে বোরিং কোম্পানির বাজারমূল্য ছিল ৫৭০ কোটি ডলার।
বর্তমানে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কোম্পানিটির একটি সুড়ঙ্গভিত্তিক যাতায়াত ব্যবস্থা চালু রয়েছে, সেখানে মাটির তলদেশ ও ওপরের রাস্তা মিলিয়ে বিশেষ রুটে টেসলা গাড়ির মাধ্যমে যাত্রী আনা-নেওয়া করা হয়।
এ প্রকল্পের নিরাপত্তা ও পরিবেশগত দিক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে কাজ করতে গিয়ে কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
গেল বছর নেভাদার নিয়ন্ত্রক সংস্থা বলেছে, বোরিং কোম্পানি প্রায় আটশ বার পরিবেশগত নিয়ম লঙ্ঘন করেছে।
লাস ভেগাসের সফলতার পর এবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিল ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের মাটির নিচে সুড়ঙ্গ নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে বোরিং কোম্পানি।
ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, বাল্টিমোর, শিকাগো ও লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরগুলোতেও সুড়ঙ্গ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে মাস্কের এ স্টার্টআপটি।
২০১৮ সালে মাস্কের মহাকাশ গবেষণা কোম্পানি স্পেসএক্স থেকে আলাদা হয়ে স্বাধীন এক কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছিল বোরিং কোম্পানি।
সম্প্রতি স্পেসএক্স ইতিহাসের সর্বকালের বৃহত্তম আইপিও নিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত হলেও বর্তমানে কোম্পানিটির শেয়ারের দামে বড় ধরনের ধস বা দরপতন দেখা গেছে।
