২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক অ্যাকাউন্ট থেকে সীমাহীন টুইট পড়ার দিন থাকছে না

অসংখ্য প্রতিষ্ঠান টুইটার থেকে লাগামহীনভাবে ডেটা সংগ্রহ করছে আর এর প্রভাব গিয়ে পড়ছে গ্রাহক অভিজ্ঞতায়। মাস্ক বলছেন, এমন প্রতিষ্ঠান “শত শত বা তার চেয়েও বেশি”।

এক অ্যাকাউন্ট থেকে সীমাহীন টুইট পড়ার দিন থাকছে না

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 02:15 PM

Updated : 02 Jul 2023, 02:15 PM

ব্যবহারকারীর দৈনিক টুইট পড়ার সংখ্যায় রাশ টানতে যাচ্ছে টুইটার। এর কারণ হিসাবে প্ল্যাটফর্মটি থেকে লাগামহীন ডেটা আহরণ ও সিস্টেম ম্যানিপুলেশনের মাত্রা ‘চরম আকার ধারণ’ করার কথা বলেছেন এর মালিক।

শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান কোম্পানির ‘নির্বাহী চেয়ারপার্সন’ ইলন মাস্ক।

মাস্ক বলেন, প্রাথমিকভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দৈনিক ছয় হাজার পোস্ট পোস্ট ও আনভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দৈনিক ছয়শ পোস্ট পড়া যাবে বলে ঠিক করা হয়েছিল। আর একেবারে নতুন অ্যাকাউন্টের বেলায় এই সংখ্যা তিনশ পোস্টে সীমিত ছিল।

পরে এই সংখ্যা বাড়িয়ে ভেরিভাইড অ্যাকাউন্টে ১০ হাজার পোস্ট, আনভেরিফাইড অ্যাকাউন্টে পাঁচশ ও নতুন অ্যাকাউন্টে তিনশ করা হয়। ভিন্ন একটি পোস্টে এই আপডেট দেন মাস্ক, তবে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।

কিছুক্ষণ পরেই ফের সংখ্যাগুলো আট হাজার, আটশ ও চারশ’তে ঠিক করার কথা জানান মাস্ক।

এর আগে টুইটার ঘোষণা দিয়েছিল, টুইট দেখার জন্য ব্যবহারকারীর অবশ্যই সামাজিক মাধ্যমটিতে অ্যাকাউন্ট থাকা লাগবে। শুক্রবার এই পদক্ষেপকে ‘অস্থায়ী জরুরী ব্যবস্থা’ বলে আখ্যা দিয়েছিলেন মাস্ক।

অসংখ্য প্রতিষ্ঠান টুইটার থেকে লাগামহীনভাবে ডেটা সংগ্রহ করছে আর এর প্রভাব গিয়ে পড়ছে গ্রাহক অভিজ্ঞতায়। মাস্কের হিসাবে এমন প্রতিষ্ঠানের সংখ্যা “শত শত বা তার চেয়েও বেশি”।

এর আগে চ্যাটজিপিটি’র মালিক কোম্পানি ওপেনএআই তার বিশাল ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে প্রশিক্ষণ দিতে টুইটার ডেটা ব্যবহার করেছে জানার পর অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন মাস্ক।

এদিকে শনিবার সকালে হাজার হাজার ব্যবহারকারী টুইটারে প্রবেশ করতে পারেননি বলে জানিয়েছে অনলাইনে বিভ্রাট পর্যবেক্ষক ওয়েবসাইট ডাউনডিটেকটর ডটকম।

বিভ্রাট চলাকালীন পূর্বাঞ্চলীয় সময় সকাল ১১টা ১৭ মিনিট পর্যন্ত সাড়ে সাত হাজার ব্যবহারকারী সামাজিক মাধ্যমটিতে প্রবেশে সমস্যার কথা জানিয়েছেন।

এর আগে মাস্কের অধীনে প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়া বিজ্ঞাপনদাতাদের ফিরিয়ে আনতে সামাজিক মাধ্যমটি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আর আয় বাড়ানোর লক্ষ্যে অ্যাকাউন্টে থাকা নীল রঙের যাচাইকরণ চিহ্নকে ‘ব্লু’ গ্রাহক সেবায় অন্তর্ভুক্ত করেছে টুইটার।