ডেটাসেন্টার পরিচালনায় ইইউবান্ধব পথে মাইক্রোসফট
পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া এই উদ্যোগে চলে আসবে মাইক্রোসফটের সবগুলো ক্লাউড সেবা – ‘অ্যাজিওর’, ‘মাইক্রোসফট ৩৬৫’, ‘ডায়নামিক্স ৩৬৫’ ও ‘পাওয়ার বাই’।
ইউরোপীয় ইউনিয়নের ক্লাউড গ্রাহকদের ডেটার বিভিন্ন অংশ প্রসেস ও সংরক্ষণের নতুন এক সুবিধা চালু করছে মাইক্রোসফট। সুবিধাটিকে ‘ইইউ ডেটা বাউন্ডারি’ বলছে কোম্পানিটি।
পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া এই উদ্যোগে চলে আসবে মাইক্রোসফটের সবগুলো ক্লাউড সেবা – ‘অ্যাজিওর’, ‘মাইক্রোসফট ৩৬৫’, ‘ডায়নামিক্স ৩৬৫’ ও ‘পাওয়ার বাই’।
২০১৮ সালে ব্যবহারকারীর প্রাইভেসি সুরক্ষায় ইইউ ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর)’ নামের বিশেষ প্রবিধান চালুর পর থেকেই গ্রাহক ডেটার আন্তর্জাতিক প্রবাহ নিয়ে বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে শঙ্কা বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে স্থানান্তরের ঝুঁকিতে থাকা ইউরোপীয় গ্রাহকের ডেটায় প্রাইভেসি সুরক্ষার প্রস্তাবনা নিয়ে কাজ করছে ইইউ সদস্যভুক্ত দেশগুলোর নির্বাহী অবকাঠামো ‘ইউরোপীয় কমিশন’।
“এই প্রকল্পের গভীরে যাওয়ার পর আমরা বুঝতে পারি, আমাদের পর্যায়ক্রমে এগোনো উচিৎ।” --রয়টার্সকে বলেন মাইক্রোসফটের সুরক্ষা প্রধান জুলি ব্রিল।
“প্রথম ধাপ হবে গ্রাহকের ডেটা। আর আমরা পরবর্তী ধাপগুলোতে এগোনোর সঙ্গে সঙ্গেই ‘লগিং ডেটা’, ‘সার্ভিস ডেটা’ ও অন্যান্য ধরনের ডেটা ভৌগলিক সীমারেখার মধ্যে আনবো।”
তিনি আরও বলেন, এর দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হবে ২০২৩ সালের শেষ নাগাদ। আর তৃতীয় ধাপ শেষ হবে ২০২৪ সালে।
ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ড’সহ ইউরোপের বিভিন্ন দেশে ডজনখানেকের বেশি ডেটা সেন্টার পরিচালনা করছে মাইক্রোসফট।
রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, বিভিন্ন শীর্ষ কোম্পানির ডেটা স্টোরেজ এতোটাই বড় ও এতোগুলো দেশে ছড়িয়েছে যে ওই ডেটা এখন কোথায় রয়েছে, সেগুলো ‘জিডিপিআর’-এর নীতিমালা মেনে চলছে কি না, ওই বিষয়গুলো তাদের পক্ষে বোঝা কঠিন হয়ে পড়ে।
“গ্রাহকদের আরও আত্মবিশ্বাসী বোধ করানোর পাশাপাশি তাদের ডেটা কোথায় প্রক্রিয়াজাত ও সংরক্ষিত হচ্ছে, সেই প্রশ্নে বিভিন্ন নিয়ন্ত্রকের সঙ্গে পরিষ্কার কথোপকথনে সক্ষম এই সমাধান তৈরি করছি আমরা।” --বলেন ব্রিল।
এর আগে, গ্রাহক ডেটার ক্ষেত্রে সরকারের অনুরোধ চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি ‘জিডিপিআর’ নীতিমালা লঙ্ঘন করে, এমন ডেটা ফাঁস হওয়া গ্রাহককে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিল মাইক্রোসফট।
