১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ত্বকের যত্নে গবেষকরা বানালেন এআইনির্ভর স্মার্ট স্টিকার

ডিভাইসটি ত্বকের বার্ধক্য নিয়ে রিয়াল-টাইম তথ্য দিতে ও ব্যক্তিগতভাবে কার ত্বকের কী ধরনের যত্ন প্রয়োজন তা জানাতে পারে।

ত্বকের যত্নে গবেষকরা বানালেন এআইনির্ভর স্মার্ট স্টিকার
ত্বকের বিভিন্ন উপাদান কীভাবে বয়স বাড়াতে বা প্রক্রিয়াকে দ্রুত করতে পারে তা আনুমান করে দেখাবে এআইচালিত অ্যাপটি। ছবি: আমোরপ্যাসিফিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি বিউটি ব্র্যান্ড্রের সঙ্গে মিলে এমন পরিধানযোগ্য পাতলা এক স্মার্ট স্টিকার তৈরি করেছেন, যা ত্বকের বয়স বাড়ার প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারে বলে দাবি তাদের।

কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়ার বিউটি কোম্পানি ‘আমোরপ্যাসিফিক’-এর সঙ্গে মিলে এ ধরনের পরিধানযোগ্য ‘ইলেকট্রনিক স্কিন’ তৈরি করছেন ‘ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি’ বা এমআইটি’র গবেষকরা।

‘স্কিনসাইট’ নামের এ ডিভাইসটি ত্বকের বার্ধক্য নিয়ে রিয়াল-টাইম তথ্য দিতে ও ব্যক্তিগতভাবে কার কী ধরনের ত্বকের যত্ন প্রয়োজন তা জানাতে পারে। প্রথমবারের মতো ডিভাইসটি ‘সিইএস ২০২৬’-এ প্রদর্শিত হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

‘সিইএস ২০২৬’-এ হল বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রদর্শনী, যেখানে নতুন ইলেকট্রনিক যন্ত্রপাতি, গ্যাজেট, সফটওয়্যার ও উদ্ভাবনী প্রযুক্তি প্রথম প্রকাশ পায়। এখানে বড় বড় কোম্পানি ও স্টার্টআপ নিজেদের নতুন প্রযুক্তি ও পণ্যকে জনসমক্ষে উপস্থাপন করে, যা প্রতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়।

এ সপ্তাহে ‘সিইএস ২০২৬ ইনোভেশন অ্যাওয়ার্ড’-এর জন্যও নির্বাচিত হয়েছে ‘স্কিনসাইট’। ডিভাইসটি ব্লুটুথওয়ালা এক ছোট সেন্সর প্যাচ, যা ত্বকে লেগে থাকে ও মোবাইল অ্যাপের সঙ্গে কাজ করে। ত্বকের টানটান ভাব, ইউভি রশ্মির এক্সপোজার, তাপমাত্রা ও আর্দ্রতার মতো গুরুত্বপূর্ণ তথ্য ট্র্যাক করতে পারে এই ডিভাইস।

ত্বকের বিভিন্ন উপাদান কীভাবে বয়স বাড়াতে বা প্রক্রিয়াকে দ্রুত করতে পারে তা আনুমান করে দেখাবে এআইচালিত অ্যাপটি। এরপর ব্যবহারকারীর জন্য সবচেয়ে উপযোগী পণ্য ব্যবহারের পরামর্শ দেবে এটি, যাতে নিজেদের প্রতিদিনের রুটিনে সেগুলো অন্তর্ভুক্ত করতে পারেন তারা।

‘স্কিনসাইট’ ডিভাইসটি এমনভাবে তৈরি, এটি শ্বাস-প্রশ্বাস নেওয়া ও ঘেমে যাওয়ার পরও ত্বকে টিকে থাকতে পারে। ফলে দীর্ঘ সময় ত্বকে লাগিয়ে রাখা যাবে ডিভাইসটি। এর দাম কত বা কবে নাগাদ ডিভাইসটি পাওয়া যাবে তা এখনও জানায়নি এমআইটি বা কোম্পানিটি।