চ্যাটজিপিটিতে এবার এল ‘মেমোরি’ ফিচার
তবে এমন টুল ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর প্রাইভেসি নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ, ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হবে।
এবার চ্যাটজিপিটিতে নিজস্ব ‘মেমোরি’ ফিচার থাকছে বলে ঘোষণা করেছে চ্যাটবটটির নির্মাতা কোম্পানি ওপেনএআই।
এর মানে, চ্যাটবটটি এখন ব্যবহারকারীর বিস্তারিত তথ্য জানতে ও তা মনে রাখতে পারবে।
উদাহরণ হিসেবে, কেউ যদি চ্যাটজিপিটিকে নিজের পোষা প্রাণী নিয়ে কবিতা লিখতে বলেন তাহলে এ ফিচারটির মাধ্যমে চ্যাটজিপিটি মনে রাখবে যে, সে ব্যবহারকারীর পোষা প্রাণী আসলে দুটি বেড়াল।
এর পাশাপাশি, ফিচারটি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে পারবে। যেমন— ব্যবহারকারী কী ধরনের উত্তর পছন্দ করেন বা কম্পিউটার প্রোগ্রামিং ভাষা ব্যবহার করেন, এমন বিষয়াদি।
ফিচারটি ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি’র আর্থিক ফিভিত্তিক ‘প্লাস’ সংস্করণে। তবে, ইউরোপীয় কমিশনের ডেটা আইনের কারণে এটি ইউরোপ বা কোরিয়ায় চালু না-ও হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
চ্যাটজিপিটি সবসময়ই নির্দিষ্ট কোনও কথোপকথনের বিষয়াদি মনে রাখতে পারে, যেমন- আগের বিভিন্ন বার্তা। তবে, কথোপকথন বন্ধ করলে সেইসব স্মৃতি ভুলে যায় চ্যাটবটটি।
এখন ব্যবহারকারী চ্যাটজিপিটি ছেড়ে গেলেও অ্যাপটি তাদের সঙ্গে ‘আঠার মতো’ লেগে থাকবে। আর তিনি অ্যাপে ফিরে এলে তার আগের সব তথ্য বহাল তবিয়তেই থাকবে।
চ্যাটজিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে মেমরি ফিচার যোগ করার বিষয়টি বড় চ্যালেঞ্জ ছিল। এটি তৈরি করা কঠিন হলেও। ফিচারটি ছাড়া চ্যাটজিপিটি যার সঙ্গে কথা বলছে, তার জন্য ‘পারসোনালাইসড মেসেজ’ পাঠানোর সুবিধা দেওয়া সম্ভব হয়ে উঠছিল না। এর পর থেকেই ওপেনএআই’সহ অন্যান্য কোম্পানি নিজস্ব পণ্যে ‘মেমরি’ ফিচার যোগ করার বিভিন্ন উপায় খুঁজে দেখছে।
তবে এমন টুল ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর প্রাইভেসি নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ, ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হবে।
এদিকে ওপেনএআই বলেছে, যেহেতু ফিচারটি প্রথমে পরীক্ষা করে নতুন টুল হিসেবে চ্যাটজিপিটিতে যোগ করা হয়েছে, তাই ব্যবহারকারীর কী কী স্মৃতি তৈরি হয়েছে ও সেগুলো কীভাবে মুছে ফেলা যায়, সে অপশনও দেখাবে নতুন ফিচারটি।
ব্যবহারকারী চাইলে ফিচারটি পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। পাশাপাশি বিভিন্ন একক কথোপকথনের ক্ষেত্রেও এটি বন্ধ করার সুবিধা মিলবে।
ওপেনএআই বলেছে, নতুন ফিচারটিতে যে ব্যবহারকারীর ‘অতিরিক্ত প্রাইভেসি ও সুরক্ষার বিষয়টি বিবেচনায়’ আসবে, তারা এ বিষয়ে ওয়াকিবহাল ছিল। আর এমন সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছে কোম্পানিটি। বিশেষ করে, স্বাস্থ্য বিবরণীর মতো সংবেদনশীল তথ্য মনে রাখা থেকে চ্যাটজিপিটিকে দূরে রাখার মাধ্যমে।
