Published : 22 Sep 2025, 06:53 PM
সংযুক্ত আরব আমিরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও রোবট প্রযুক্তি নিয়ে কাজ করতে যৌথভাবে এক ল্যাব চালু করেছে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া ও আবুধাবি ইনস্টিটিউট।
সোমবার আবুধাবির প্রযুক্তি উদ্ভাবন ইনস্টিটিউট ‘টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট’ বা টিআইআই বলেছে, এনভিডিয়ার সঙ্গে মিলে সংযুক্ত আরব আমিরাতে একটি ল্যাব চালু করেছে তারা। এ ল্যাবে পরবর্তী প্রজন্মের এআই মডেল ও রোবোটিক্স প্ল্যাটফর্ম তৈরিতে কাজ চলবে।
এক বিবৃতিতে টিআইআই বলেছে, এ যৌথ গবেষণা কেন্দ্রটি মধ্যপ্রাচ্যে এনভিডিয়ার প্রথম কোনো এআই গবেষণা কেন্দ্র, যেখানে আবু ধাবির গবেষণার সঙ্গে যোগ হয়েছে কোম্পানিটির অত্যাধুনিক এআই প্রযুক্তি ও কম্পিউটিং শক্তি। এখন গোটা বিশ্বের এআই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এনভিডিয়ার চিপ।
টিআইআই-এর প্রধান নির্বাহী নাজওয়া আরাজ বলেছেন, চুক্তি অনুসারে, এনভিডিয়ার নির্দিষ্ট ধরনের এজ জিপিইউ চিপ ব্যবহার করতে পারবে আবুধাবির ইনস্টিটিউটটি, যা রোবটিক্সসহ অন্যান্য ক্ষেত্রে তাদের গবেষণা এগিয়ে নিতে সাহায্য করবে। বর্তমানে হিউম্যানয়েড রোবট, চার পাওয়ালা রোবট ও রোবোটিক বাহু নিয়ে কাজ করছে তারা।
“আমরা প্রথমবারের মতো এ চিপটি ব্যবহার করতে যাচ্ছি, এর নাম থর। আমাদের উন্নতমানের রোবট প্রযুক্তি উন্নয়নে সহায়তা করবে এই চিপ।”
টিআইআই হচ্ছে আবু ধাবি প্রশাসনের ‘অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ কাউন্সিল’-এর একটি শাখা। সংযুক্ত আরব আমিরাতকে বৈশ্বিক এআই খাতে নেতৃত্বদানকারী দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে কাজ করছে ইনস্টিটিউটটি।
রয়টার্স লিখেছে, সংযুক্ত আরব আমিরাত মূলত বিশ্বসেরা তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি। তবে গত কয়েক বছরে এআই উন্নয়নে শত কোটি ডলার খরচ করেছে উপসাগরীয় দেশটি। প্রযুক্তিতে নিজেদের এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে কাজে লাগাতে চাইছে তারা।
এর আগে, মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপসাগরীয় দেশগুলো সফরের সময় আবু ধাবিতে বিশ্বের অন্যতম বড় বিভিন্ন ডেটা সেন্টার হাব নির্মাণের জন্য বহু বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত। এ প্রকল্পে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, বিশেষ করে এনভিডিয়া চিপ ব্যবহৃত হবে।
তবে নিরাপত্তা উদ্বেগের কারণে চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। কারণ, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে এর আগে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে লিখেছিল রয়টার্স।
আরাজ বলেছেন, দীর্ঘদিন ধরেই মার্কিন কোম্পানির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে টিআইআই। এনভিডিয়া চিপ ব্যবহার করে নিজেদের বিভিন্ন এআই মডেলকে প্রশিক্ষণ দিয়ে আসছে তারা।
তিনি আরও বলেছেন, এ যৌথ ল্যাবের আলোচনা প্রায় বছরখানেক আগে শুরু হয়। এ প্রকল্পে দুই পক্ষের কর্মীরা কাজ করবে এবং নতুন কর্মীও নিয়োগ দেওয়া হবে।