Published : 19 Jun 2026, 06:02 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে বড় ধরনের পরিবর্তন এনেছে এর নির্মাতা কোম্পানি ওপেনএআই, যেখানে ব্যবহারকারীদের জন্য যোগ করা হয়েছে নতুন এক নির্ধারিত কাজের কেন্দ্র।
‘শেডিউলিং হাব’ নামের এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন ভবিষ্যতের যে কোনো কাজ বা প্রম্পট আগে থেকেই চ্যাটজিপিটিতে শেডিউল বা নির্ধারণ করে রাখতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
ওপেনএআইয়ের শেয়ার করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন এ আপডেটের ফলে চ্যাটজিপিটির সাইডবারে একটি শর্টকাট যোগ হবে, যেখানে সক্রিয় থাকা সব কাজের তালিকা ও তা কখন চালু হবে তা দেখা যাবে।
এই পেইজের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে যে কোনো অনুরোধ সাময়িকভাবে বন্ধ, সংশোধন বা মুছেও দিতে পারবেন।
New in ChatGPT: a better way to schedule tasks.
Scheduled tasks are faster, more reliable, and easier to manage from the new Scheduled page.
The new scheduled tasks experience is rolling out to Go, Plus, Pro, Business, and Enterprise users on web and mobile. pic.twitter.com/YC7JON6Hxn
— ChatGPT (@ChatGPTapp) June 17, 2026
পাশাপাশি, ওপেনএআই শেডিউল করা বিভিন্ন প্রম্পট পরিচালনা করার ক্ষেত্রে চ্যাটজিপিটিকে আরও শক্তিশালী করে তুলেছে। তারা বলেছে, ‘নতুন ব্যবস্থার কারণে নির্ধারিত সব কাজ এখন আরও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে সম্পন্ন হবে’।
চ্যাটজিপিটি এখন ব্যবহারকারীর হয়ে স্বয়ংক্রিয়ভাবে ওয়েব বা যোগ থাকা বিভিন্ন অ্যাপের তথ্য অনুসন্ধান বা নজরদারির কাজও করতে পারবে। নির্দিষ্ট সময়ের পাশাপাশি সকাল, দুপুর বা সন্ধ্যার মতো বিস্তৃত সময়ের ব্যবধানেও এসব কাজ সেট করা যাবে।
আপাতত চ্যাটজিপিটির প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ গ্রাহকরা এ সুবিধা পাচ্ছেন। তবে ফ্রি বা বিনামূল্যে ব্যবহারকারীরা কবে এ সেবা পাবেন তা এখনও স্পষ্ট করেনি কোম্পানিটি।
এ আপডেটের অংশ হিসেবে গেল বছর চালু হওয়া দৈনিক সারসংক্ষেপের ফিচার ‘পালস’ বন্ধ করে দিচ্ছে ওপেনএআই। প্রো ব্যবহারকারীরা আগামী ১৪ দিন পর্যন্ত ফিচারটি ব্যবহার করতে পারবেন।
এরপর থেকে ভবিষ্যতে যে কোনো সারসংক্ষেপ তৈরি করতে ব্যবহারকারীকে নতুন এ শেডিউলিং হাব ব্যবহার করতে হবে।