২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপে আর কাজ করবে না চ্যাটজিপিটি

১৫ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপে কাজ করা বন্ধ করে দেবে চ্যাটবটটি। হোয়াটসঅ্যাপের নীতি ও ব্যবহারের শর্তে পরিবর্তন আসার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই।

জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপে আর কাজ করবে না চ্যাটজিপিটি
ব্যহারকারীরা চাইলে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ম্যাকওএস ও ওয়েবে ব্যবহার করতে পারবেন চ্যাটজিপিটি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 10:37 AM

Updated : 26 Aug 2026, 02:32 PM

ব্যবহারকারীরা যদি হোয়াটসঅ্যাপে এআই চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করে থাকেন তবে এখন থেকে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবার সময় এসেছে। জানুয়ারি থেকে অ্যাপটিতে আর কাজ করবে না চ্যাটজিপিটি।

ওপেনএআই বলেছে, ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে মেটার জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে কাজ করা বন্ধ করে দেবে তাদের চ্যাটবটটি।

হোয়াটসঅ্যাপের নীতি ও ব্যবহারের শর্তে পরিবর্তন আসার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

এক ব্লগ পোস্টে এ পরিবর্তনের বিষয়ে ঘোষণায় ওপেনএআই বলেছে, “আমরা হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি চালু রাখতেই চেয়েছিলাম। তবে, এখন আমাদের লক্ষ্য হচ্ছে, এমনভাবে পরিবর্তন আনা যাতে ব্যবহারকারীদের জন্য নতুন ব্যবস্থায় যাওয়া বা অন্যভাবে চ্যাটজিপিটি ব্যবহার সহজ হয়।”

হোয়াটসঅ্যাপে ‘চ্যাট এক্সপোর্ট’ সুবিধা না থাকার কারণে ১৫ জানুয়ারির পর ব্যবহারকারীদের পুরানো বিভিন্ন আলাপ স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা যাবে না। 

তবে, এখনও যেহেতু ওই তারিখটি এখনও আসেনি, তাই ব্যবহারকারীরা নতুন এক পদ্ধতিতে এখনই সহজ উপায়ে চ্যাট হিস্ট্রি স্থানান্তর করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

হোয়াটসঅ্যাপে ‘১-৮০০-চ্যাটজিপিটি’ কনট্যাক্ট প্রোফাইলে গেলে সেখানে ‘লিংক ইওর চ্যাটজিপিটি অ্যাকাউন্ট’ নামে একটি অপশন থাকবে। অপশনটি সিলেক্ট করলে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপের সব প্রশ্ন ও চ্যাট সরাসরি চ্যাটজিপিটি অ্যাকাউন্টের ইতিহাসের সঙ্গে একীভূত হয়ে যাবে।

এর মাধ্যমে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপের বিভিন্ন কথোপকথন চ্যাটজিপিটি অ্যাপ বা ওয়েব সংস্করণে গিয়ে আবার দেখতে পারবেন, যেন সেগুলো হারিয়ে না যায়।

এমনটি কেন ঘটছে তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও বিষয়টিকে এক ধরনের ‘প্রভাবের লড়াই’ বলা যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

মেটা নিজেও এখন একটি এআই কোম্পানি। আর হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা। ফলে, পাঁচ কোটি মানুষ হোয়াটসঅ্যাপের ভেতরে অন্য কোম্পানির চ্যাটবট ব্যবহার করবে, সেটি মেটার ব্যবসার জন্য ভালো নয়।

তবে, ব্যহারকারীরা চাইলে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ম্যাকওএস ও ওয়েবে ব্যবহার করতে পারবেন চ্যাটজিপিটি।