১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গেইমের লোভনীয় ‘আপডেট’ যখন ভাইরাসের ফাঁদ

ছদ্মবেশে থাকা সম্ভাব্য এসব সাইবার হুমকি, ফিশিং স্ক্যাম ও ম্যালওয়্যারের কারণেই বিভিন্ন আপডেট ও বোনাস ফিচার ডাউনলোডের বেলায় চোখ কান খোলা রাখা উচিত গেইমারদের।

গেইমের লোভনীয় ‘আপডেট’ যখন ভাইরাসের ফাঁদ

ছবি: মাইনক্রাফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 08:58 PM

Updated : 11 Sep 2022, 08:58 PM

সাম্প্রতিক মাসগুলোয় ব্যপক হারে বেড়েছে ভিডিও গেইমের ‘আপডেটে’র ছদ্মবেশে সাইবার আক্রমণ। আর এতে টোপ হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে জনপ্রিয় গেইম মাইনক্রাফট।

অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি বলছে, ছদ্মবেশে থাকা সম্ভাব্য এসব সাইবার হুমকি, ফিশিং স্ক্যাম ও ম্যালওয়্যারের কারণেই বিভিন্ন আপডেট ও বোনাস ফিচার ডাউনলোডের বেলায় চোখ কান খোলা রাখা উচিত গেইমারদের।

নতুন ও উন্নত গেইমিং প্ল্যাটফর্ম এবং গেইমের বদলে তুলনামূলক পুরোনো প্রযুক্তির গেইম বেছে নিচ্ছে অপরাধী ও স্ক্যামাররা। নিরাপত্তা হুমকির এই তালিকায় সবচেয়ে জনপ্রিয় গেইমের নাম হচ্ছে মাইনক্রাফট।

মাইনক্রাফটে নিরাপত্তা হুমকি কতোটা বিস্তৃত?

২০২১ থেকে ২০২২ সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে পিসির বিভিন্ন নিরাপত্তা হুমকি পরীক্ষা করে ক্যাসপারস্কি বলছে, তাদের তালিকায় ২৩ হাজার দুইশ ৩৯টি ঘটনার মধ্যে ২৫ শতাংশই মাইনক্রাফট সংশ্লিষ্ট।

এই তালিকায় পরবর্তী অবস্থানে আছে যথাক্রমে ফিফা (১১ শতাংশ), রোবলক্স (সাড়ে নয় শতাংশ), ফার ক্রাই (নয় দশমিক চার শতাংশ) এবং কল অফ ডিউটি (নয় শতাংশ)।

স্মার্ট ফোনে ম্যালওয়্যার হুমকির তালিকাতেও শীর্ষে আছে মাইনক্রাফট, যেখানে শনাক্ত ঘটনার ৪০ শতাংশই ঘটেছে জনপ্রিয় এই গেইমের মাধ্যমে। এ তালিকায় পরবর্তী অবস্থানে আছে যথাক্রমে জিটিএ (১৫ শতাংশ), পাবজি (১০ শতাংশ), রোবলক্স (১০ শতাংশ) এবং ফিফা (পাঁচ শতাংশ)।

আশার কথা হচ্ছে, ক্যাসপারস্কির গবেষণায় দেখা গেছে, গত বছরের তুলনায় মাইনক্রাফটে ক্ষতিকারক এসব ফাইলের সংখ্যা কমেছে ৩৬ শতাংশ। এ ছাড়া, বছরে আক্রান্ত ব্যবহারকারীর সংখ্যাও কমেছে ৩০ শতাংশ, এক বছর আগের এক লাখ ৮৪ হাজার আটশ ৮৭ জনের বিপরীতে এক লাখ ৩১ হাজার পাঁচ জন।

সর্বমোট তিন লাখ ৮৪ হাজার দুইশ ২৪টি ঘটনার কথা উল্লেখ করেছে ক্যাসপারস্কি। এ ছাড়া, ২৮টি জনপ্রিয় গেইম বা গেইম সিরিজের ৯১ হাজার নয়শ ৮৪টি ফাইলের কথা জানিয়েছে তারা।

গেইমারকে সাফল্যের প্রলোভন দেখানো এই সব ছদ্মবেশি ফাইলে থাকে ম্যালওয়্যার ও অপ্রয়োজনীয় সফটওয়্যার। এই ধরনের তিন হাজার একশ ৫৪টি ‘বিশেষ’ ফাইলে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ছয়শ ৮৯ জন্য ব্যবহারকারী।

“গত কয়েক বছরে গেইমিং খাত তুলনামূলক বেড়ে যাওয়ায় আগামী বছর আক্রমণের বিভিন্ন নতুন উপায় আসতে পারে বলে ধারণা করছি আমরা।” --বলেছে কোম্পানিটি।

“উদাহরণ হিসেবে বলা যায়, বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠা ইস্পোর্টস থিমের কথা।”

এই কারণেই নিরাপদ থাকা গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয়ই কয়েক বছর ধরে তৈরি করা আপনার অ্যাকাউন্ট হারাবেন, অর্থ বা পরিচয় হারাতে চাইবেন না।