Published : 25 Dec 2025, 02:55 PM
প্রতিদ্বন্দ্বী বিভিন্ন এআই চ্যাটবটকে প্ল্যাটফর্ম থেকে দূরে রাখতে মেটা হোয়াটসঅ্যাপের যেসব শর্তাবলী তৈরি করেছে তা স্থগিতের নির্দেশ দিয়েছে ইতালির নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটাকে এমন নির্দেশ দিয়েছে ইতালির অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ ‘এজিসিএম’। কারণ, যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি কোম্পানিটি নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করছে কি না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এ সিদ্ধান্তটিকে ‘গোড়া থেকেই ভুল’ বর্ণনা করে মেটার একজন মুখপাত্র বলেছেন, বর্তমানে জনপ্রিয় হওয়া বিভিন্ন এআই চ্যাটবটের আবির্ভাব “আমাদের সিস্টেমের ওপর এমন বাড়তি চাপ তৈরি করেছে, যা সামলানোর সক্ষমতা আগে থেকে আমাদের সিস্টেমে ছিল না।
“এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আপিল করব।” -বলেছেন তিনি।
বর্তমানে বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ক্রমাগত প্রভাব নিয়ন্ত্রণ করতে বেশ কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো। ইতালির এই পদক্ষেপ সেই ধারাবাহিকতারই অংশ।
প্রযুক্তি খাতের প্রতি সমর্থন ধরে রাখার পাশাপাশি এসব কোম্পানির ক্রমাগত প্রভাব নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন।
এজিসিএম বলেছে, মেটার আচরণ ‘এআই চ্যাটবট পরিষেবার বাজারে উৎপাদন, বাজারে প্রবেশ বা প্রযুক্তিগত উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে, যা সম্ভাব্যভাবে গ্রাহকদের ক্ষতি করবে’।
হোয়াটসঅ্যাপে নিজেদের একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করছে কি না তা নিয়ে গত জুলাইয়ে মেটার বিরুদ্ধে তদন্ত শুরু করে ইতালির নিয়ন্ত্রক সংস্থা।
নভেম্বরে এই তদন্তের পরিধি আরও বাড়ানো হয়, যাতে অন্তর্ভুক্ত হয়েছে মেসেজিং অ্যাপটির বিজনেস প্ল্যাটফর্মের আপডেট করা শর্তাবলীও।
নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, “মেটার এসব চুক্তির শর্ত এআই চ্যাটবট বাজারের অন্যান্য প্রতিযোগীদের হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম থেকে পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছে”।
একই অভিযোগে গত মাসে মেটার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট বা একচেটিয়া ব্যবসা বিরোধী নিয়ন্ত্রক সংস্থাও।
ইউরোপের এ কঠোর অবস্থান আমেরিকার তুলনামূলক শিথিল নিয়মের ঠিক উল্টো, যা প্রযুক্তি শিল্পে বিশেষ করে মার্কিন বিভিন্ন প্রযুক্তি কোম্পানির মধ্যে তীব্র প্রতিক্রিয়ার তৈরি করেছে।
এ ছাড়া, বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকেও।
ইতালির নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, মেটার এ আচরণের বিরুদ্ধে ‘সবচেয়ে কার্যকর উপায়ে’ ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে ইউরোপীয় কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা।