১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চলে যাচ্ছে উইন্ডোজের চার দশক পুরনো ‘কনট্রোল প্যানেল’

ফিচারটিকে “বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেমের স্নায়ু কেন্দ্র” হিসেবে বর্ণনা করেছে প্রযুক্তি ইতিহাস বিষয়ক সাইট ভার্শন মিউজিয়াম।

চলে যাচ্ছে উইন্ডোজের চার দশক পুরনো ‘কনট্রোল প্যানেল’
রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 01:07 PM

Updated : 26 Aug 2026, 10:20 AM

শীঘ্রই উইন্ডোজ থেকে জনপ্রিয় একটি ফিচার বাদ দিচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। প্রায় ৪০ বছর আগে কোম্পানির সূচনা লগ্ন থেকেই অপারেটিং সিস্টেমের দরকারি অংশ ছিল ফিচারটি।

‘উইন্ডোজ কনট্রোল প্যানেল’ ফিচারটি বন্ধ হবে, এবং ‘সেটিংস অ্যাপ’ একে প্রতিস্থাপন করবে বলে তাদের সাপোর্ট ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে মার্কিন এ টেক জায়ান্ট।

১৯৮৫ সালে উইন্ডোজ চালুর পর থেকেই কনট্রোল প্যানেল এ সফটওয়্যারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এটি ব্যবহারকারীদের বিভিন্ন অপশন, যেমন ডিসপ্লে, সময়, তারিখ ঠিকঠাক করার সুযোগ দিত।

“কনট্রোল প্যানেল এমন এক ফিচার, যা অনেক বছর ধরেই উইন্ডোজের অংশ।” – লেখা রয়েছে মাইক্রোসফটের সাপোর্ট পেইজে।

“বিভিন্ন সিস্টেম সেটিং ও কনট্রোল পরিবর্তনের কেন্দ্রীয় জায়গা ছিল এটি। কনট্রোল প্যানেলের পরিবর্তে আসছে সেটিংস অ্যাপ, যা আরও আধুনিক ও সুবিন্যস্ত অভিজ্ঞতা দেবে।”

‘আইকনিক’ ও ‘ক্লাসিক’ এ ফিচার হারানোয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উইন্ডোজ ব্যবহারকারীরা দুঃখ প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট।

ফিচারটিকে “বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেমের স্নায়ু কেন্দ্র” হিসেবে বর্ণনা করেছে প্রযুক্তি ইতিহাস বিষয়ক সাইট ভার্শন মিউজিয়াম।

বিশ্বব্যাপী প্রায় একশ ৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে, বৈশ্বিক বাজারে উইন্ডোজের ৭৩ শতাংশ শেয়ার রয়েছে বলে উঠে এসেছে বাজার বিশ্লেষক কোম্পানি স্ট্যাটিস্তা’র তথ্যে।

৩৯ বছর বয়স নিয়ে, তথ্য যুগের অন্যতম দীর্ঘস্থায়ী ফিচারগুলোর একটি এই কনট্রোল প্যানেল। তবে, গত দশকে এর ভূমিকা ধীরে ধীরে কমেছে।

২০১২ সালে ‘উইন্ডোজ ৮’-এর সঙ্গে সেটিংস অ্যাপ চালু করে মাইক্রোসফট। তখন থেকেই কনট্রোল প্যানেলের বিভিন্ন বিষয় সেটিংস অ্যাপের নতুন ইন্টারফেইসে স্থানান্তরিত হতে থাকে বলে প্রতিবেদনে লিখেছে ইনডিপেন্ডেন্ট।

এ পরিবর্তনের নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি মাইক্রোসফট। তবে, সেটি না হওয়া অবধি, “যখনই সম্ভব” উইন্ডোজ ব্যবহারকারীদের সেটিংস অ্যাপ ব্যবহারে উৎসাহিত করছে কোম্পানিটি।