২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেমিনাইয়ের মাসিক ব্যবহারকারী এখন ৭৫ কোটি

ব্যবহারকারীর এ সংখ্যা জেমিনাইয়ের প্রতি সাধারণ মানুষের বাড়তে থাকা আগ্রহেরই প্রমাণ। এআই জগতে খুব দ্রুত এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে চ্যাটবটটি।

জেমিনাইয়ের মাসিক ব্যবহারকারী এখন ৭৫ কোটি
গত প্রান্তিকে গুগল জেমিনাইয়ের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬৫ কোটি। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 03:27 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দৌড়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। কোম্পানিটির এআই চ্যাটবট জেমিনাইয়ের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ৭৫ কোটি ছাড়িয়েছে।

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে গুগলের আয়-ব্যয়ের হিসাবে এ তথ্য উঠে এসেছে।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, ব্যবহারকারীর এ সংখ্যা জেমিনাইয়ের প্রতি সাধারণ মানুষের বাড়তে থাকা আগ্রহেরই প্রমাণ। যার ফলে এআই জগতে খুব দ্রুত এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে চ্যাটবটটি।

গত প্রান্তিকে গুগল জেমিনাইয়ের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬৫ কোটি। খুব অল্প সময়ের মধ্যেই এর ব্যবহারকারী ব্যাপকহারে বেড়েছে। এর বিপরীতে মেটা এআইয়ের মাসিক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০ কোটি।

তবে জনপ্রিয়তায় এগিয়ে গেলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটির চেয়ে এখনও পিছিয়ে রয়েছে জেমিনাই। ২০২৫ সালের শেষদিকে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৮১ কোটি।

জেমিনাই ৩ বাজারে আসার পরপরই গুগলের মাসিক ব্যবহারকারীর এ সংখ্যাটি সামনে এল। এখনও পর্যন্ত গুগলের সবচেয়ে উন্নত এআই মডেল জেমিনাই ৩। কোম্পানিটির দাবি, এ মডেলটি অত্যন্ত গভীর ও সূক্ষ্মভাবে তথ্য বিশ্লেষণ করে উত্তর দিতে পারে।

গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই বলেছেন, ‘এআই মোড’-এ জেমিনাই ৩-এর অন্তর্ভুক্তি কোম্পানির প্রবৃদ্ধিতে ‘ইতিবাচক ভূমিকা’ রেখেছে। ক্রমাগত বিনিয়োগ ও গবেষণার মাধ্যমেই এ সাফল্যের ধারা বজায় রাখা সম্ভব হবে।

সম্প্রতি ‘গুগল এআই প্লাস’ নামে সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে গুগল, যার মাসিক খরচ ধরা হয়েছে  ৭ দশমিক ৯৯ ডলার। ধারণা করা হচ্ছে, কম খরচে উন্নত সেবা পাওয়ার সুযোগ থাকায় সাধারণ গ্রাহকদের আরও বেশি আকৃষ্ট ও প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে এই সাবস্ক্রিপশন প্ল্যান।

তবে প্ল্যানটি একদম সাম্প্রতিক সময়ে চালু হওয়ায় গত প্রান্তিকের হিসাবের ওপর এর কোনো প্রভাব পড়েনি।

বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে গুগলের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার বলেছেন, “আমরা ফ্রি সেবা ও সাবস্ক্রিপশন উভয় ক্ষেত্রেই সমানভাবে গুরুত্ব দিচ্ছি এবং এতে আমরা দারুণ উন্নতি দেখতে পাচ্ছি।”

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সার্বিক আর্থিক ফলাফলের প্রেক্ষাপটে জেমিনাইয়ের এই প্রবৃদ্ধি ব্যাপক। এ প্রান্তিকে প্রথমবারের মতো তাদের বার্ষিক আয় ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার রেকর্ড গড়েছে কোম্পানিটি।

গুগল এ সাফল্যের কৃতিত্ব দিচ্ছে তাদের এআই বিভাগের বিস্তারকে, যার চাহিদা বর্তমানে তুঙ্গে। এ ছাড়া মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া’র সঙ্গে পাল্লা দিতে সম্প্রতি তাদের নিজস্ব এআই চিপের সর্বশেষ সংস্করণ ‘আয়রনউড’ বাজারে এনেছে গুগল।

এক বিবৃতিতে সুন্দার পিচাই বলেছেন, “জেমিনাই ৩-এর যাত্রা শুরু হওয়ার বিষয়টি বড় মাইলফলক ছিল এবং বর্তমানে আমরা দারুণ ছন্দে আছি। আমাদের নিজস্ব এআই বিভিন্ন মডেল এখন সরাসরি এপিআই ব্যবহারের মাধ্যমে প্রতি মিনিটে ১ হাজার কোটি টোকেন প্রসেস করছে।

“এ ছাড়া জেমিনাই অ্যাপের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৭৫ কোটিতে পৌঁছেছে। সার্চ ইঞ্জিনের ব্যবহার আগের চেয়ে অনেক বেড়েছে, যেখানে এআই প্রযুক্তির ব্যবহার আমাদের এই প্রবৃদ্ধিকে আরও বাড়িয়েছে।”