১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অ্যাপলের ফোল্ডএবল ফোনের নতুন তথ্য ফাঁস, উঠে এল ত্রুটিও

বছরের পর বছর ধরাবাঁধা ডিজাইনের পর আবার সেই ‘অ্যাপল ম্যাজিক’ ফিরিয়ে আনতে ডিভাইসটি একাই যথেষ্ট হতে পারে।

অ্যাপলের ফোল্ডএবল ফোনের নতুন তথ্য ফাঁস, উঠে এল ত্রুটিও
কোম্পানিটির ইতিহাসে এটাই হতে যাচ্ছে প্রথম কোনো ফোল্ডএবল ডিভাইস। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 10:08 AM

Updated : 11 Sep 2026, 03:53 PM

অ্যাপলের প্রথম ফোল্ডএবল ফোন উন্মোচন নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। এমন মুহূর্তে ডিভাইসটির বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে। আকর্ষণীয় নকশার পাশাপাশি বহুল প্রতীক্ষিত এ ফোনে বড় ধরনের ত্রুটিও রয়েছে।

এ বছরের সেপ্টেম্বরে নিজেদের ‘আইফোন আল্ট্রা’ নামের প্রথম ফোল্ডএবল ফোন উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল– এমন গুঞ্জন বেশ জোরেশোরেই ছড়িয়ে পড়েছে।

কোম্পানিটির ইতিহাসে এটাই হতে যাচ্ছে প্রথম কোনো ফোল্ডএবল ডিভাইস। দীর্ঘ কয়েক বছরের মধ্যে এটাই আইফোনের প্রথম কোনো নতুন বা ভিন্নধর্মী নকশা হতে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের মতো বিভিন্ন ব্র্যান্ডের ফোল্ডএবল ফোন এরইমধ্যে বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এ ধরনের স্ক্রিনে কিছু কারিগরি চ্যালেঞ্জও রয়েছে।

অ্যাপল কীভাবে এসব চ্যালেঞ্জ কাটিয়ে ফোল্ডএবল ডিসপ্লের অভিজ্ঞতা নিশ্চিত করবে তা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে চলছে আলোচনা ও জল্পনা।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যান তার সাম্প্রতিক এক প্রতিবেদনে ফোনটি বাস্তবে ঠিক কীভাবে কাজ করবে তার নতুন বিবরণ তুলে ধরেছেন। প্রাথমিক পর্যায়ে যারা ডিভাইসটি ব্যবহারের সুযোগ পেয়েছেন, তাদের অভিজ্ঞতার সূত্র ধরেই এমন তথ্য সামনে এসেছে।

পরীক্ষামূলক ব্যবহারকারীদের ভাষ্য তুলে ধরে তিনি বলেছেন, “ফোনটি বন্ধ বা ভাঁজ করা অবস্থায় পকেটে সহজে ও চমৎকারভাবে এঁটে যায়। যে হিঞ্জ বা কব্জার সাহায্যে ফোনটি ভাঁজ করা হয় সেটা বেশ টেকসই বলে প্রমাণ মিলেছে।

“বড় ডিসপ্লের জন্য অ্যাপলের তৈরি সফটওয়্যার ডিজাইন দারুণভাবে সাড়া দিচ্ছে। আইপ্যাডের অপারেটিং সিস্টেমের আদলে বড় স্ক্রিনে অ্যাপ ব্যবহারের সুবিধা যোগ করায় এর কর্মসক্ষমতাও বেড়েছে।”

তবে সব মিলিয়ে গারম্যান বলেছেন, বছরের পর বছর ধরাবাঁধা ডিজাইনের পর আবার সেই ‘অ্যাপল ম্যাজিক’ ফিরিয়ে আনতে ডিভাইসটি একাই যথেষ্ট হতে পারে।

নতুন ফোনটি অ্যাপলের তৈরি এ যাবৎকালের সবচেয়ে দামি আইফোন হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। ফোনটির দাম ২ হাজার ডলারের বেশি হতে পারে।

কেবল নতুন ধরনের ফোনের কারণেই নয়, সম্প্রতি সার্বিক উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার ফলে অ্যাপলের অন্যান্য ডিভাইসের দাম যে হারে বেড়েছে এর প্রভাব এ ফ্ল্যাগশিপ আইফোনেও পড়তে যাচ্ছে।

একই সরবরাহ সংকটের কারণে বাজারের অন্যান্য বিভিন্ন মডেলের প্রাপ্তি নিয়েও জটিলতা তৈরি হতে পারে। আগের কিছু প্রতিবেদনে উঠে এসেছে, অ্যাপল হয়ত গ্রাহকের চাহিদা অনুসারে পর্যাপ্ত ডিভাইস বাজারে সরবরাহ করতে পারবে না।

সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শুরুতে আয়োজিত ইভেন্টে বহুল প্রতীক্ষিত ‘আইফোন আল্ট্রা’ উন্মোচনের পরিকল্পনা রয়েছে অ্যাপলের।

এ ইভেন্টেই আইফোন প্রো সিরিজের আপডেটেড সংস্করণের ঘোষণা আসতে পারে। তবে নতুন ‘আইফোন ১৮’ এখনই আসছে না। ডিভাইসটি হাতে পেতে শরৎকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এ অনুষ্ঠান থেকেই নিজেদের নতুন এয়ারপডস-এর ঘোষণাও দিতে পারে অ্যাপল, ইতিহাসে প্রথমবারের মতো যাতে থাকতে পারে ইন-বিল্ট ক্যামেরা।

দীর্ঘ দিন ধরে গুঞ্জন থাকা রহস্যময় এ ক্যামেরা বাস্তবে ঠিক কীভাবে কাজ করবে অ্যাপলের সাম্প্রতিক এক সফটওয়্যার আপডেটের গোপন কোডেই মিলেছে এর স্পষ্ট ইঙ্গিত।