এআই দাবা খেলায় মাস্কের গ্রক’কে হারাল চ্যাটজিপিটি
তিনদিনের এ টুর্নামেন্টে প্রতিযোগিতা করেছে অ্যানথ্রপিক, গুগল, ওপেনএআই, এক্সএআই, চীনা ডেভেলপার ডিপসিক ও মুনশটের তৈরি আটটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।
এক টুর্নামেন্টের ফাইনালে মার্কিন ধনকুবের ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রক’কে হারিয়ে সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দাবাড়ুর মুকুট জিতেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।
আরও আগে থেকেই কম্পিউটারের সক্ষমতা ও অগ্রগতি মূল্যায়নের জন্য দাবা খেলাকে ব্যবহার করে এসেছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি, যেখানে আধুনিক বিভিন্ন দাবা মেশিন এমনভাবে তৈরি, যেগুলো অনেক বুদ্ধিমান মানুষকেও খেলায় হারিয়ে দিতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
তবে এ প্রতিযোগিতায় দাবার জন্য তৈরি কোনো কম্পিউটার প্রোগ্রাম অংশগ্রহণ করেনি, এর বদলে এতে অংশ নিয়েছে এমন বিভিন্ন এআই প্রোগ্রাম, যেগুলোকে মূলত দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য তৈরি করেছে কোম্পানি।
ওপেনএআইয়ের ‘০৩’ নামের এআই মডেল টুর্নামেন্টে একটি ম্যাচও না হেরে জিতেছে এবং ফাইনাল রাউন্ডে মাস্কের এআই স্টার্টআপ ‘এক্সএআই’-এর ‘গ্রক ৪’ নামের মডেলকে হারিয়েছে, যা এ দুই কোম্পানির মধ্যে চলমান প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে বলে প্রদিবেদনে লিখেছে বিবিসি।
এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা মাস্ক ও ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান দুইজনই বারবার দাবি করে এসেছেন, তাদের নিজেদের এআই মডেল স্মার্ট মেশিন হিসেবে বিশ্বের মধ্যে সেরা।
এদিকে, ওপেনএআইয়ের আরেক এআই মডেলকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থানে রয়েছে গুগলের এআই মডেল জেমিনাই।
এসব এআই মডেল অনেক দৈনন্দিন কাজে ভালো করলেও দাবায় এখনও পুরোপুরি ভাল নয়, বিশেষ করে ফাইনালে বেশ কিছু ভুল করেছে গ্রক মডেলটি। যার মধ্যে রয়েছে বারবার খেলায় কুইন হারিয়ে ফেলা।
‘চেস ডটকম’-এর লেখক পেদ্রো পিনহাটা বলেছেন, “সেমিফাইনাল পর্যন্ত মনে হচ্ছিল কেউই গ্রক ৪-কে এই টুর্নামেন্ট জেতা থেকে থামাতে পারবে না।
“কিছু দুর্বলতা থাকার পরও এক্স-এর এআইকে স্পষ্টভাবেই সবচেয়ে শক্তিশালী দাবাড়ু বলে মনে হচ্ছিল… তবে টুর্নামেন্টের শেষে সেই ভ্রমটা ভেঙে গেল।”
তিনি আরও বলেছেন, গ্রকের ‘পরিচিত নয় এমন’ ও ‘ভুলভাল’ খেলার কারণে ‘স্পষ্ট জয় পেয়েছে’ ওপেনএআইয়ের ‘০৩’ মডেলটি।
দাবার গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা ফাইনালের সময় তার লাইভস্ট্রিমে বলেছেন, “এ খেলায় গ্রক এমন অনেক ভুল করেছে, যা ওপেনএআই করেনি।”
ফাইনাল খেলার আগে বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক বলেছেন, টুর্নামেন্টে এক্সএআই-এর আগের সাফল্য ছিল এক ধরনের ‘পার্শ্বপ্রতিক্রিয়া’ এবং তারা তাদের এআই মডেলকে ‘দাবা খেলার জন্য খুব একটা প্রস্তুত’ করেননি।
এআই দাবা খেলছে কেন?
এআই দাবা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে গুগলের মালিকানাধীন প্ল্যাটফর্ম ‘ক্যাগল-এ। প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ডেটা বিজ্ঞানী ও গবেষক নিজেদের তৈরি বিভিন্ন এআই মডেল প্রতিযোগিতার মাধ্যমে মূল্যায়ন করতে পারেন।
ক্যাগলের তিনদিনের এ টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করেছে অ্যানথ্রপিক, গুগল, ওপেনএআই, এক্সএআই, চীনা ডেভেলপার ডিপসিক ও মুনশটের তৈরি আটটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।
এআই ডেভেলপাররা তাদের বিভিন্ন মডেলের সক্ষমতা যাচাই করতে কিছু পরীক্ষা করেন, যা সাধারণত যুক্তি, প্রোগ্রামিং বা কোড লেখা ইত্যাদি ক্ষেত্রে মডেল কতটা ভালো কাজ করছে তা বুঝতে সাহায্য করে।
দাবা ও গো খেলা যেহেতু জটিল নিয়মভিত্তিক কৌশলী খেলা, ফলে এসব খেলায় বেশিরভাগ ব্যবহার করা হয় কোনো এআই মডেল নির্দিষ্ট কোনও লক্ষ্য অর্জনের জন্য কীভাবে শেখে ও কৌশল করে তা মূল্যায়নের বেলায়। এ ক্ষেত্রে, লক্ষ্য ছিল প্রতিপক্ষকে হারিয়ে জয় লাভের বিষয়টি।
‘আলফাগো’ নামের একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছিল গুগলের এআই ল্যাব ‘ডিপমাইন্ড’। এ প্রোগ্রামটি বানানো হয়েছিল ‘গো’ নামের কৌশলভিত্তিক খেলার জন্য। ২০১০ সালের শেষের দিকে ‘আলফাগো’ একের পর এক মানুষের সেরা খেলোয়াড়দের হারিয়ে দেয়। যার থেকে ইঙ্গিত মেলে, এআই কতটা জটিল কৌশল শিখে তার লাগসই ব্যবহার করতে পারে। বিষয়টি ছিল এআই দুনিয়ার বড় এক মাইলফলক।
এদিকে, ২০১৯ সালে আলফাগো’র কাছে কয়েকবার পরাজয়ের পর অবসর গ্রহণ করেন দক্ষিণ কোরিয়ার ‘গো’ মাস্টার লি সে-দল।
ওই সময় চীনের ইয়োনহাপ সংবাদ সংস্থাকে তিনি বলেছিলেন, “এমন এক শক্তি বা সত্তা রয়েছে, যাকে পরাজিত করা সম্ভব নয়।”
ডিপমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস নিজেও প্রতিভাধর একজন সাবেক দাবা খেলোয়াড়।
অন্যদিকে, ১৯৯০-এর দশকের শেষদিকে শক্তিশালী কম্পিউটারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দাবা চ্যাম্পিয়নরা।
‘ডিপ ব্লু’ নামের কম্পিউটারটি জেতার মাধ্যমে সবাই বুঝতে পারলেন কম্পিউটার এখন এমন কিছু কাজ করতে পারে, যা আগে কেবল মানুষই করতে পারত, বিশেষ করে দাবার মতো জটিল খেলার বেলায়। বিষয়টিকে কম্পিউটারের সক্ষমতার জন্য বড় মাইলফলক হিসেবে ধরা হয়।
২০ বছর পর এ নিয়ে কথা বলতে গিয়ে দীর্ঘদিনের বিশ্বসেরা গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভ কম্পিউটারের বুদ্ধিমতাকে ঘড়ির অ্যালার্মের সঙ্গে তুলনা করে বলেছেন, “এক কোটি ডলার মূল্যের অ্যালার্ম ঘড়ির কাছে হেরে যাওয়ার বিষয়টি আমার একেবারেই ভালো লাগেনি”।
