২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওপেনএআই মামলা: মাস্কের সাক্ষ্যে উঠে আসা বড় ৫ বিষয়

এ সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে চলমান এক মামলায় তিন দিন ধরে প্রায় সাত ঘণ্টারও বেশি সময় সাক্ষ্য দিয়েছেন মাস্ক।

ওপেনএআই মামলা: মাস্কের সাক্ষ্যে উঠে আসা বড় ৫ বিষয়
ওপেনেএআইয়ের বিরুদ্ধে করা মামলাটিকে ‘দাতব্য সেবামূলক আদর্শ রক্ষার লড়াই’ হিসেবে তুলে ধরেছেন মাস্ক। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 11:48 AM

Updated : 26 Aug 2026, 03:32 PM

ওপেনএআইয়ের ভবিষ্যৎ নিয়ে আদালতে তিন দিনব্যাপী সাক্ষ্য দিয়েছেন ইলন মাস্ক। টেসলা প্রধানের দাবি, মানবতার কল্যাণে অলাভজনক কোম্পানি হিসেবে ওপেনএআই শুরু হলেও স্যাম অল্টম্যানরা এখন আদর্শ বিসর্জন দিয়ে একে লাভজনক ব্যবসায় রূপান্তর করেছেন।

আদালতে মামলার শুনানিতে মাস্কের বিস্ফোরক সব দাবি ও এআইয়ের ঝুঁকি নিয়ে দুই পক্ষের যুক্তিতর্ক উঠে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। 

এ সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে চলমান এক মামলায় তিন দিন ধরে প্রায় সাত ঘণ্টারও বেশি সময় সাক্ষ্য দিয়েছেন মাস্ক, যেখানে চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানিটির বিরুদ্ধে করা নিজের মামলাটিকে ‘দাতব্য সেবামূলক আদর্শ রক্ষার লড়াই’ হিসেবে তুলে ধরেছেন তিনি।

টেসলা ও স্পেসএক্স এর সিইও তথা বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি মাস্ক ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানের বিরুদ্ধে মামলাটি করেছেন।

মাস্কের অভিযোগ, মানবতার কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের যে মূল লক্ষ্য নিয়ে তারা শুরু করেছিলেন তা থেকে সরে এসে মাস্ক ও সাধারণ মানুষের বিশ্বাসভঙ্গ করেছেন তারা।

মাস্কের দৃষ্টিতে ওপেনএআই ‘দাতব্য কোম্পানি’

২০১৫ সালে ওপেনএআইকে অলাভজনক এআই গবেষণা কোম্পানি হিসেবে শুরুর ঘোষণা দিয়ে যে ব্লগ পোস্টটি করা হয়েছিল, সেখানে ‘দাতব্য’ শব্দটি একবারও ছিল না।

তবে মাস্ক বারবার ওপেনএআইকে দাতব্য কোম্পানি হিসেবে বর্ণনা করেছেন। তিনি সাক্ষ্য দিয়েছেন, অল্টম্যান ও ব্রকম্যান কোম্পানিটিকে অলাভজনক রাখার প্রাথমিক প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।

“ওপেনএআইকে বিশেষভাবে দাতব্য কোম্পানি হিসেবে তৈরি করা হয়েছিল, যা কোনো নির্দিষ্ট ব্যক্তির উপকারে আসবে না। আমি চাইলে কোম্পানিটিকে লাভজনক ব্যবসা হিসেবেও শুরু করতে পারতাম। তবে আমি ইচ্ছে করেই তা করিনি।”

‘আমাকে ছাড়া ওপেনএআইয়ের অস্তিত্বই থাকত না’

এআই গবেষণা ল্যাব তৈরির জন্য শীর্ষস্থানীয় মেধাবী মানুষ ও অনেক কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন। ওপেনএআই এ দুটির জন্যই তার ব্যক্তিগত পরিচয়ের ওপর নির্ভরশীল ছিল বলে দাবি করেছেন মাস্ক।

“আইডিয়া ও নাম দুটোই আমার দেওয়া; আমিই মূল ব্যক্তিদের নিয়োগ দিয়েছি, তাদের সব শিখিয়েছি এবং শুরুর দিকের সব অর্থায়নও আমিই করেছি।”

মাস্ক বলেছেন, তিনি গুগলের শীর্ষ গবেষক ইলায়া সুটস্কেভারকে ওপেনএআইতে যোগ দিতে রাজি করিয়েছিলেন, অথচ গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন তাকে ধরে রাখতে বারবার চেষ্টা করেছিলেন।

এ প্রসঙ্গে মাস্ক বলেছেন, “আমি ইলায়াকে ওপেনএআইতে নিয়ে আসার পর থেকে ল্যারি পেইজ আমার সঙ্গে আর কোনোদিন কথা বলেননি।”

কম্পিউটিং সক্ষমতার বিষয়ে মাস্ক বলেছেন, মাইক্রোসফটের সিইও সাত্যিয়া নাদেলা ও এনভিডিয়া’র সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার সুসম্পর্কের কারণেই ওপেনএআই সুবিধা পেয়েছে।

মাস্কের ভাষায়, “একমাত্র আমিই নাদেলাকে কল দিলে তিনি ফোন ধরতেন। নাদেলা নিজেই বলেছিলেন, তিনি কেবল আমার কারণেই এ প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন।”

এআই নিরাপত্তা নিয়ে মাস্কের বক্তব্য

মাস্ক সাক্ষ্য দিয়েছেন, ল্যারি পেইজের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন গুগলের এ প্রতিষ্ঠাতার এআই নিরাপত্তা নিয়ে কোনো মাথাব্যথা নেই।

“আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ‘যদি এআই সব মানুষকে নিশ্চিহ্ন করে দেয় তবে কী হবে?’ তিনি উত্তরে বলেছিলেন, যতক্ষণ এআই টিকে থাকবে ততক্ষণ সব ঠিক আছে। আমি বলেছিলাম এমনটা তো পাগলামি! এরপর তিনি আমাকে জাতিবিদ্বেষী বলে ডাকলেন। কারণ আমি এআইয়ের চেয়ে মানুষের জীবনের গুরুত্ব বেশি দিয়েছিলাম।

“ল্যারি পেইজ আমাকে জাতিবিদ্বেষী বলার কারণেই আজ ওপেনএআইয়ের অস্তিত্ব আছে। গুগলের ঠিক উল্টোটা কী হতে পারত? একটি ওপেন সোর্স অলাভজনক কোম্পানি।”

‘বিষয়টি ঘুষের মতো মনে হয়েছিল আমার’

মাস্ক বলেছেন, ২০২২ সালের শেষদিকে তিনি অল্টম্যানকে মাইক্রোসফটের মাধ্যমে ওপেনএআইতে এক হাজার ডলার বিনিয়োগের বিষয়ে প্রশ্ন করেছিলেন।

জুরিদের দেখানো এক মেসেজে দেখা যায়, মাস্ক এ বিনিয়োগকে ‘প্রতারণা’ বা ‘টোপ দিয়ে অন্য কিছু গছিয়ে দেওয়া’ হিসেবে বর্ণনা করেছেন।

উত্তরে অল্টম্যান বলেছিলেন, “আমি একমত যে এমনটা শুনতে খারাপ লাগছে।”

এরপর অল্টম্যান মাস্ককে ওপেনএআইয়ের শেয়ার কেনার প্রস্তাব দেন। এ বিষয়ে মাস্ক বলেছেন, “সত্যি বলতে, আমার কাছে বিষয়টি ঘুষের মতো মনে হয়েছিল।”

নিজের এআই কোম্পানিকে প্রশিক্ষণ দেওয়া প্রসঙ্গে মাস্ক

মাস্ককে প্রশ্ন করা হয়েছিল, তিনি যদি ওপেনএআইয়ের মডেলকে বিপজ্জনকই মনে করেন তবে কেন নিজের কোম্পানি ‘এক্সএআই’কে প্রশিক্ষণ দিতে ওপেনএআইয়ের সাহায্য নিয়েছেন?

জবাবে মাস্ক বলেছেন, “নিজের এআইয়ের সক্ষমতা যাচাইয়ের জন্য অন্য এআইয়ের ব্যবহার সাধারণ প্রক্রিয়া।”

এরপর মাস্ককে জিজ্ঞেস করা হল, তার নিজের কোম্পানিটি কেন দাতব্য কোম্পানির আদলে গড়া হয়নি। মাস্ক সাক্ষ্য দিলেন, “লাভজনক কোম্পানিগুলোও সমাজের জন্য কল্যাণকর হতে পারে।”

‘আমরা সবাই মারা যেতে পারি’

ওপেনএআইয়ের বিবাদী পক্ষের আইনজীবী উইলিয়াম স্যাভিটের সঙ্গে মাস্কের জেরা মাঝেমধ্যে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। মাস্ক অভিযোগ করেছেন, স্যাভিট তাকে উদ্দেশ্যমূলক ও কৌশলী প্রশ্ন করছেন।

তবে বিচারক বলেছেন, তার এমন প্রশ্ন করার অনুমতি রয়েছে। অন্যদিকে, মাস্ককে তার কথা শেষ করতে না দেওয়ায় স্যাভিটকেও সতর্ক করেছেন।

মাস্ক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আপনি যদি বারবার আমার কথা থামিয়ে দেন তবে খুব কম উত্তরই পূর্ণাঙ্গ হবে।”

বিচারের আগে আরও এক বিষয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। এ সময় মাস্কের আইনজীবীরা এআইয়ের কারণে ‘মানবজাতির বিলুপ্তির ঝুঁকি’ নিয়ে একজন বিশেষজ্ঞ সাক্ষীকে প্রশ্ন করতে চেয়েছিলেন। ওপেনএআই এ আবেদনের বিরোধিতা করেছিল।

মাস্কের আইনজীবী স্টিভেন মোলো বলেছেন, “বিলুপ্তির ঝুঁকি বাস্তব সমস্যা, যা প্রকৃত ঝুঁকি। আমরা সবাই মারা যেতে পারি।”

বিচারক সেই বিশেষজ্ঞ সাক্ষীর বক্তব্যের পরিধি সীমিত করে মন্তব্য করেছেন, “আর পরিহাস এই যে, আপনার মক্কেল (মাস্ক) এ ধরনের ঝুঁকি থাকার পরও নিজেই এ ধরনের কোম্পানি তৈরি করেছেন।”