প্রযুক্তি জায়ান্টদের ট্রাম্পের কাছে হাঁটু গেড়ে বসার বছর ২০২৫
এই নতজানু হওয়ার উদ্দেশ্য নিজেদের অনুকূলে নিয়ম-কানুন তৈরি করা, কর ও শুল্ক সুবিধা পাওয়া এবং ট্রাম্পের রোষানল থেকে নিজেদের বাঁচানো।
প্রতিটি প্রেসিডেন্টের আমলেই লবিয়িং বা প্রভাব বিস্তারের জন্য তাদের পেছনে কোটি কোটি ডলার ঢালে বিভিন্ন কোম্পানি। তবে গত দুই বছর যেন সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।
এ বছর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি নিজেদের আনুগত্য প্রমাণ করতে একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছিল প্রায় প্রতিটি বড় প্রযুক্তি কোম্পানিসহ বড় বড় ব্যবসায়িক নেতাও। এর কারণ বোঝা বেশ সহজ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
প্রযুক্তি কোম্পানির এই নতজানু হওয়ার উদ্দেশ্য নিজেদের অনুকূলে নিয়ম-কানুন তৈরি করা, কর ও শুল্ক সুবিধা পাওয়া এবং ট্রাম্পের রোষানল থেকে নিজেদের বাঁচানো।
বছরশেষে, সবকিছুই হয়েছে নিজেদের শেয়ারহোল্ডারদের বা বিনিয়োগকারীদের খুশি করার জন্য। তা না হলে অ্যাপলের সিইও টিম কুক সাধারণত নিজেকে একজন প্রগতিশীল মানুষ হিসেবেই তুলে ধরেন তবুও তিনি কেন মার্কিন প্রেসিডেন্টের হাতে সোনার ফলক তুলে দেবেন?
২০২৫ সালকে বিদায় জানানোর আগে প্রযুক্তিনির্ভর কোম্পানি ও তাদের প্রধানরা ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক আনুকূল্য পাওয়ার জন্য কীভাবে নিজেদের মর্যাদাহানি করেছেন তা জেনে নেওয়া যাক–
গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট
ফেডারেল সরকারে ট্রাম্পের ডিইআই প্রোগ্রাম বাতিলের নির্বাহী আদেশের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজেদের বৈচিত্র্যভিত্তিক নিয়োগের বিভিন্ন লক্ষ্যমাত্রা বাদ দিয়েছে গুগল।
কোম্পানিটির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের নীতিমালাতেও পরিবর্তন এনেছে মার্কিন সার্চ জায়ান্টটি। ফলে এখন অস্ত্র ও নজরদারি কাজেও এআই ব্যবহার করা যায়। পদক্ষেপটি ট্রাম্প প্রশাসনের ‘এআই অ্যাকশন প্ল্যান’-এর অধীনে শিথিল করা নিয়মাবলীর সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ।
পৃথিবীর সমস্ত ভূগোলবিদকে হতাশ করে দিয়ে নিজেদের ‘গুগল ম্যাপস’-এও ‘গালফ অফ মেক্সিকো’-এর নাম বদলে ‘গালফ অফ আমেরিকা’ রেখেছে গুগল, যা ট্রাম্পের নির্বাহী আদেশ মেনেই করেছে কোম্পানিটি।
এ ছাড়া, ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গার পর ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্ট স্থগিতের ঘটনায় তার দায়ের করা মামলা নিষ্পত্তির জন্য ২ কোটি ৪৫ লাখ ডলার দিতে রাজি হয়েছে ইউটিউবের মূল কোম্পানি অ্যালফাবেট।
এ অর্থের মধ্যে ট্রাম্প নিজে পাবেন ২ কোটি ২০ লাখ ডলার। বাকি ২৫ লাখ ডলার পাবেন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিরা।
অন্যান্য প্রযুক্তি কোম্পানির মতো গুগলও ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে। ট্রাম্পের হোয়াইট হাউসে নতুন এক বলরুম তৈরিতে যে ৩০ কোটি ডলারের পরিকল্পনা রয়েছে তাতেও অর্থ সহায়তা দিচ্ছে গুগল।
অ্যামাজন
অগাস্টে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বলেছে, ২০২৮ সাল পর্যন্ত ট্রাম্প প্রশাসনকে ১০০ কোটি ডলার সমমূল্যের ‘ক্রেডিট’ দেবে তারা। এসব ক্রেডিট অ্যামাজনের ক্লাউড সার্ভিস ব্যবহার, প্রশিক্ষণ ও সার্টিফিকেশন এবং সরাসরি চুক্তির কাজে খরচ হবে।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও ট্রাম্পকে সমর্থনের ক্ষেত্রে পিছিয়ে ছিলেন না। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ১০ লাখ ডলার দিয়েছেন তিনি। ২০১৩ সালে ‘ওয়াশিংটন পোস্ট’ কেনার পর থেকেই পত্রিকাটিকে ডানপন্থী বা রক্ষণশীল আদর্শের দিকে ঠেলে দিয়েছেন বেজোস।
এ বছর বেজোস ঘোষণা দিয়েছেন, ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় বিভিন্ন পাতা এখন থেকে ‘ব্যক্তিগত স্বাধীনতা’ এবং ‘মুক্ত বাজার’ নীতির সমর্থন ও সুরক্ষার জন্য কাজ করবে।
তিনি আরও বলেছেন, “অবশ্যই আমরা অন্যান্য কনটেন্টও তুলে ধরব। তবে এসব মূল নীতির বিরোধী মতামত প্রকাশের দায়িত্ব অন্য সব পত্রিকার ওপর ছেড়ে দেব।”
এ লক্ষ্য অর্জনে পত্রিকাটি তিনজন নতুন রক্ষণশীল কলামিস্ট নিয়োগ দিয়েছে। ২০২৪ সালের নির্বাচনেও নিজের পত্রিকাকে কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানাতে ‘বাধা’ দিয়েছিলেন বেজোস।
অ্যাপল
ট্রাম্প প্রশাসনের সুনজরে আসার জন্য মোটা অংকের বিনিয়োগের ঘোষণা ও উপহারের ওপর ভরসা করেছে অ্যাপলও। ফেব্রুয়ারিতে কোম্পানিটি বলেছে, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে তারা।
এর আগে ২০২১ সালেও যুক্তরাষ্ট্রে ৪৩ হাজার কোটি ডলারের এক নিয়োগের ঘোষণা দিয়েছিল আইফোন নির্মাতা কোম্পানিটি। এ ছাড়া, ট্রাম্প প্রশাসনের অস্থির ও অনিশ্চিত শুল্ক নীতি থেকে নিজেদের রক্ষার সম্ভাব্য কৌশল হিসেবে অগাস্টে যুক্তরাষ্ট্রে আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যাপল।
ব্যক্তিগতভাবে ট্রাম্পের অভিষেক তহবিলে ১০ লাখ ডলার দিয়েছেন টিম কুক, যা ২০১৭ সালের পর তার প্রথম রাজনৈতিক অনুদান। অগাস্টের সেই অনুষ্ঠানে ট্রাম্পকে সোনার মূর্তি উপহার দিয়েছেন তিনি।
গুগলের পদাঙ্ক অনুসরণ করে অ্যাপলও নিজেদের ‘অ্যাপল ম্যাপস’-এ ‘গালফ অফ মেক্সিকো’-এর নাম বদল করে ‘গালফ অফ আমেরিকা’ রেখেছে। এ ছাড়া, ট্রাম্পের হোয়াইট হাউসে তৈরি হতে যাওয়া ৩০ কোটি ডলারের বলরুম প্রজেক্টেও অর্থায়ন করছে কোম্পানিটি।
মেটা
এদিকে, ট্রাম্পের সুনজরে আসার জন্য একেবারেই সময় নষ্ট করেননি মেটা প্রধান মার্ক জাকারবার্গ। সম্ভবত ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে ‘প্রেসিডেন্টকে তার কথার জন্য জবাবদিহি করতে হবে’-- মন্তব্যটি মুছে ফেলার বেলাতেও সুনজরই তার মাথায় ছিল।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ১০ লাখ ডলার দেওয়ার পাশাপাশি মেটা ঘোষণা করেছিল, ৭ জানুয়ারি থেকে ফেইসবুক ও ইনস্টাগ্রামে থার্ড-পাার্টি ফ্যাক্ট-চেকার বা তথ্য যাচাইকারীদের সরিয়ে দেবে তারা এবং এর বদলে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর মতো ‘কমিউনিটি নোটস’-এর ওপর নির্ভর করবে প্লাটফর্মটি।
এ ছাড়া নিজেদের বিভিন্ন ডিইআই উদ্যোগ বন্ধ করে দিয়েছে মেটা এবং ‘হেইট স্পিচ’ বা বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন এনেছে কোম্পানিটি। যার ফলে এখন থেকে এলজিবিটিকিউ ব্যক্তিদের ‘মানসিকভাবে অসুস্থ’ বলা যাবে।
গুগলের মতো মেটাও বলেছে, ৬ জানুয়ারির দাঙ্গার পর ট্রাম্পের ফেইসবুক অ্যাকাউন্ট স্থগিতের ঘটনায় মামলা নিষ্পত্তির জন্য ট্রাম্পকে ২ কোটি ৫০ লাখ ডলার দেবে তারা। একইসঙ্গে ট্রাম্পের সেই ৩০ কোটি ডলারের হোয়াইট হাউস বলরুম নির্মাণে অর্থ সহায়তা দিচ্ছে মেটাও।
মাইক্রোসফট
ট্রাম্পের অভিষেক তহবিলে ১০ লাখ ডলার দিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এর আগে বাইডেনের তহবিলে ৫ লাখ ডলার ও ট্রাম্পের প্রথম মেয়াদের সময়ও একই পরিমাণ অর্থ দিয়েছিল কোম্পানিটি। এ ছাড়া, ট্রাম্পের সেই ৩০ কোটি ডলারের হোয়াইট হাউস বলরুম নির্মাণেও অর্থ সহায়তা দিচ্ছে মাইক্রোসফট।
অ্যামাজনের মতোই মাইক্রোসফটও নিজেদের আমেরিকা-কেন্দ্রিক ‘ওয়ানগভ কৌশলের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসনকে ৩১০ কোটি ডলার সমমূল্যের সেবা দেওয়ার প্রস্তাব দিয়েছে। যার মধ্যে রয়েছে মাইক্রোসফট ৩৬৫, অ্যাজিউর ক্লাউড পরিষেবা ও সাইবার সিকিউরিটি টুলের ওপর বিশেষ ছাড়।
সরকারি বিভিন্ন সংস্থার জন্য ‘কোপাইলট এআই’-এর দামও কমানো এবং যেসব সংস্থা মাইক্রোসফট ‘জি৫’ পরিষেবা সাবস্ক্রাইব করবে এক বছরের জন্য এই এআই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাবে তারা।
ইলন মাস্ক (এক্স, স্পেসএক্স, টেসলা)
ব্যবসায়িক দুনিয়ায় ট্রাম্পের এযাবৎকালের সবচেয়ে বড় সমর্থক ছিলেন ইলন মাস্ক। ২০২৪ সালে ট্রাম্প ও অন্যান্য প্রার্থীদের জেতানোর জন্য মোট ২৭ কোটি ৭৭ লাখ ডলার খরচ করেছেন তিনি। যার মধ্যে ২৩ কোটি ৯০ লাখ ডলারই দিয়েছেন নিজের তৈরি ‘আমেরিকা প্যাক’-এ, যার মূল লক্ষ্য ছিল ট্রাম্প ও অন্যান্য রিপাবলিকান প্রার্থীদের জন্য জয় নিশ্চিত করা।
মাস্ক এতটাই মরিয়া ছিলেন যে, যারা ট্রাম্পকে ভোট দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের ১০ লাখ ডলার দেওয়ার প্রস্তাব করেছিলেন তিনি। তবে এমন পদক্ষেপ অবৈধ হতে পারে বলে মাস্ককে সতর্ক করেছিল মার্কিন বিচার বিভাগ।
মাস্কের এই কৌশলের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন উইসকনসিনের অ্যাটর্নি জেনারেল। অঙ্গরাজ্যটির সুপ্রিম কোর্ট এ মামলাটি শুনতে অস্বীকৃতি জানায়। ফলে মাস্ক দুইজন ভোটারকে ১০ লাখ ডলারের চেক দেওয়ার সুযোগ পেয়ে যান।
পরবর্তীতে একজন পুরস্কার বিজয়ীর ভিডিও এডিট করে সেই অংশটি বাদ দিয়ে দেয় মাস্কের দল, যেখানে তিনি স্বীকার করেছিলেন যে, ‘ভোট দেওয়ার জন্য’ অর্থ পেয়েছেন তিনি।
‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ বা ডজ-এর নেতৃত্ব দিয়েছেন মাস্ক, যা এক অনির্বাচিত পদ হওয়া সত্ত্বেও তাকে নজিরবিহীনভাবে ফেডারেল সরকার তদারকির ক্ষমতা দিয়েছিল। দায়িত্ব পাওয়ার পর সরকারি বাজেট ও কর্মী ছাঁটাইয়ের জন্য তিনি নিজের অনুগত প্রযুক্তিবিদদের নিয়োগ দিয়েছিলেন তিনি।
ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের প্রথম কয়েক সপ্তাহ এমন মনে হয়েছিল যেন সরকারের ওপর মাস্কের অবাধ নিয়ন্ত্রণ রয়েছে এবং তিনি ইচ্ছামতো তা পরিচালনা করতে পারছেন।
ডজ-এর নেতৃত্বে থাকা অবস্থায় বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিটি কোনো দৃশ্যমান কারণ ছাড়াই বিশ্বের বৃহত্তম খাদ্য সহায়তা প্রদানকারী সংস্থা ‘ইউএসএআইডি’-কে ‘ধ্বংস’ করে দিয়েছেন, যা নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই নয়।
২০২২ সালে টুইটার কিনে এর নাম বদলে এক্স রাখেন এবং প্ল্যাটফর্মটিকে ‘মুক্ত বাকস্বাধীনতার’ নামে ট্রাম্পবান্ধব এক সামাজিক নেটওয়ার্কে পরিণত করেছেন মাস্ক। ৬ জানুয়ারির দাঙ্গার পর নিষিদ্ধ হওয়া ট্রাম্পের অ্যাকাউন্টটি পুনরায় চালুও করে দিয়েছিলেন তিনি। একইসঙ্গে প্ল্যাটফর্ম থেকে বহিষ্কৃত হওয়ার ঘটনায় ট্রাম্পের দায়ের করা মামলা নিষ্পত্তির জন্য তাকে প্রায় ১ কোটি ডলারও দিয়েছেন মাস্ক।
বর্তমানে চরম ডানপন্থী উগ্রবাদীদের কণ্ঠস্বরকে আরও জোরালো করেছে এক্স।
এ তালিকায় আরও আছেন–
মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া’র সিইও জেনসেন হুয়াং জো রোগানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ট্রাম্প যা কিছু নিয়ে ভাবেন তা খুবই ব্যবহারিক ও কাণ্ডজ্ঞানসম্পন্ন এবং আপনারা জানেন যে তা খুবই যৌক্তিক”।
হুয়াং আরও বলেছেন, ট্রাম্প “বিষয়টি নিশ্চিত করতে চান যে আমাদের দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রযুক্তি কোম্পানি যেন যুক্তরাষ্ট্রেই তৈরি হয় এবং আমরা আবার শিল্পায়ন করতে পারি ও উৎপাদনে দক্ষ হয়ে উঠি। কারণ তা কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ।”
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান এবং ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন ট্রাম্পের সঙ্গে মঞ্চে যোগ দিয়ে ‘স্টারগেইট’ প্রকল্পের ঘোষণা দিয়েছেন, যা ‘ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে বড় এআই অবকাঠামো প্রকল্প’।
তাদের সঙ্গে ছিলেন সফটব্যাংক-এর সিইও মাসায়োশি সন। ওই মুহূর্তটিকে ‘স্বর্ণযুগের সূচনা’ বলে বর্ণনা করেছিলেন তিনি। পরের দিন এক এক্স পোস্টে অল্টম্যান বলেছিলেন, তার ধারণা “ট্রাম্প অনেক দিক থেকেই দেশের জন্য প্রথম হবেন!”
