টিকটকের পরীক্ষায় ‘স্লিপ রিমাইন্ডার’ ফিচার
রাত ৯টার পর থেকে ১৩-১৫ বছর বয়সী ব্যবহারকারী এবং ১৬-১৭ বছর বয়সীদের কাছে রাত ১০টার পর নোটিফিকেশন পাঠানোর সুবিধা বন্ধ রেখেছে টিকটক।
প্ল্যাটফর্মে সময় কাটানো নিয়ে টিকটক ব্যবহারকারীরা নিয়মিতই অভিযোগ করেন, বিশেষ করে রাতের বেলায়। ওই বিষয়টি বিবেচনা করে ব্যবহারকারীকে ‘ঘুমাতে পাঠানোর’ নতুন এক ফিচার পরীক্ষা করে দেখছে কোম্পানিটি।
এর মধ্যে আছে ব্যবহারকারীকে ঘুমাতে যাওয়ার ‘অ্যালার্ট’ ও প্রস্তাবিত সাত ঘণ্টা ঘুমানোর সময় তার নোটিফিকেশন ‘মিউট’ করার মতো বিভিন্ন অপশন।
বাছাইকৃত কিছু সংখ্যক ব্যবহারকারী নিয়ে নতুন এই ফিচার পরীক্ষার বিষয়টি প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেছে টিকটক।
পণ্য বিশ্লেষক কোম্পানি ‘ওয়াচফুল ডটএআই’র শেয়ার করা স্ক্রিনশটে অ্যাপের সেটিংয়ে থাকা ‘স্ক্রিন টাইম’ অপশনে নতুন ফিচারটি দেখা যাচ্ছে।
এই পরীক্ষায় অংশ নেওয়া ব্যবহারকারীরা শীঘ্রই ‘স্লিপ রিমাইন্ডারস’ নামে নতুন একটি অপশন দেখতে পারবেন। টিকটক বলছে, এটি ব্যবহারকারীকে জানাতে সহায়তা করবে, তার ঘুমের সময় হয়েছে কি না। ঘুমানোর সময় বাছাইয়ের পর, ব্যবহারকারীকে সময়মতো অ্যাপ বন্ধের বিষয়টিও জানানোর কথা প্রতিবেদনে উল্লেখ করেছে টেকক্রাঞ্চ। আর সাত ঘণ্টা পর্যন্ত নির্বিঘ্নে ঘুমাতে ব্যবহারকারীর বিভিন্ন নোটিফিকেশনও নিরবেই পাঠাবে টিকটক।
কোম্পানির এক মুখপাত্র বলেন, ব্যবহারকারীর সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে বিভিন্ন নতুন উপায় নিয়ে ক্রমাগতই কাজ করছে টিকটক। আর অ্যাপের বিভিন্ন ‘সুস্বাস্থ্যভিত্তিক’ ফিচারের ওপর ভিত্তি করেই নতুন টুলটি তৈরি হয়েছে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে বিভিন্ন ‘স্ক্রিন-টাইম ম্যানেজমেন্ট টুল’ চালু করেছিল অ্যাপটি। এর পর থেকে, ব্যবহারকারীর অ্যাপ ব্যবহারে তুলনামূলক বেশি নিয়ন্ত্রণ দেওয়ার লক্ষ্যে এতে বিভিন্ন বাড়তি ফিচারও এসেছে।
গত জুনে ব্যবহারকারী এক বসায় কতক্ষণ সময় কাটান, ওই বিষয়টি নিয়ন্ত্রণে অ্যাপের মধ্যে নতুন এক টুল চালু করেছে টিকটক। পাশাপাশি, এতে নিয়মিত ‘স্ক্রিন-টাইম’ বিরতির সময়সূচী নির্ধারণের সুবিধাও এসেছে।
ডিফল্ট হিসাবে ব্যবহারকারীকে ১০, ২০ বা ৩০ মিনিটের বিরতি বাছাইয়ের পরামর্শ দেয় অ্যাপটি। তবে, তুলনামূলক দীর্ঘ বা কম সময়ের বিরতি চাইলে, ‘কাস্টম টাইম’ নির্ধারণ করার মাধ্যমে অ্যাপটি ওই সুযোগও উন্মুক্ত রেখেছে।
আর কিশোর-কিশোরীদের বিভিন্ন অ্যাকাউন্টের জন্য অ্যাপটি রাতের বেলায় নোটিফিকেশন দেওয়াও বন্ধ করেছে। রাত ৯টার পর থেকে ১৩-১৫ বছর বয়সী ব্যবহারকারী এবং ১৬-১৭ বছর বয়সীদের কাছে রাত ১০টার পর নোটিফিকেশন পাঠানোর সুবিধা বন্ধ রেখেছে টিকটক।
