চ্যাটজিপিটিকে স্বাস্থ্য তথ্য দেওয়া নিরাপদ, দাবি ওপেনএআইয়ের
এ সেবার মূল উদ্দেশ্য চিকিৎসকের সঙ্গে বৈঠকের সারাংশ জানা, পরীক্ষার ফলাফল সহজ ভাষায় বোঝা ও নিজেকে একজন দায়িত্বশীল রোগী হিসেবে প্রস্তুত করা।
চ্যাটজিপিটিতে ব্যবহারকারীদের স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ড যোগ করার পক্ষে আবারও জোর যুক্তি তুলে ধরছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের অন্যতম শীর্ষ কোম্পানি ওপেনএআই।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য স্বাস্থ্যবিষয়ক বিশেষ নতুন সেবা ‘চ্যাটজিপিটি হেলথ’ আনুষ্ঠানিকভাবে চালু করছে কোম্পানিটি।
এ বছরের জানুয়ারি থেকে আলাদা এক পোর্টালে এ সেবাটির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছিল ওপেনএআই।
নতুন এ হালনাগাদ সংস্করণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, চ্যাটজিপিটি এখন থেকে যে কোনো সাধারণ বার্তার উত্তর দেওয়ার ক্ষেত্রেও ব্যবহারকারীর প্রাসঙ্গিক স্বাস্থ্যগত তথ্যের সহায়তা নিতে পারবে।
ওপেনএআই বলেছে, নতুন ফিচারটির উদ্দেশ্য হচ্ছে চ্যাটবটের স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার প্রচলিত সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া।
কোম্পানিটির দাবি, তাদের নতুন ‘জিপিটি-৫.৬ সল’ মডেলের মাধ্যমে এসব উত্তর এখন আরও নিখুঁত ও নির্ভরযোগ্য হয়ে উঠেছে।
নতুন প্রযুক্তির ফলে এখন থেকে ব্যবহারকারীর চিকিৎসকের নোট, রক্ত পরীক্ষার ফলাফল ও অন্যান্য স্বাস্থ্য প্রতিবেদনের তথ্যের ওপর ভিত্তি করেই উত্তর সরবরাহ করবে চ্যাটজিপিটি।
ব্যবহারকারীরা চ্যাটজিপিটির নতুন ‘হেলথ’ ট্যাবের মাধ্যমে সহজেই নিজেদের শারীরিক তথ্যের সংযোগ ঘটাতে পারবেন, যেখানে অ্যাপলের ‘হেলথকিট’ ফ্রেমওয়ার্কের মাধ্যমে ‘অ্যাপল হেলথ’ অ্যাপের তথ্য যোগ করা যাবে।
পাশাপাশি ‘কাইজার পারমানেন্টে’ বা ‘ওয়ান মেডিকেল’-এর মতো বড় হাসপাতাল বা স্বাস্থ্যসেবা সরবরাহকারী কোম্পানির ডেটাও এতে শেয়ার করা যাবে।
ওপেনএআই বলেছে, এসব তথ্য সঠিকভাবে বিশ্লেষিত হচ্ছে কি না তা নিশ্চিত করতে চ্যাটজিপিটি ব্যবহারকারীকে নিজ থেকেই অনুরোধ জানাবে। ফলে ব্যবহারকারী নিজের বর্তমান শারীরিক অবস্থা, সেবন করা ওষুধপত্র ও পরিবারের অন্যান্য রোগের বিবরণ পুনঃপরীক্ষার সুযোগ পাবেন।
কোম্পানিটি বলেছে, নতুন সেবা চালুর পর ব্যবহারকারীরা যে কোনো সময় চ্যাটজিপিটির ‘হেলথ’ ট্যাবে ফিরে গিয়ে তাদের পুরানো শারীরিক রেকর্ড দেখতে পারবেন।
পাশাপাশি, সেখানে স্বাস্থ্যবিষয়ক নানা পরিবর্তন বা ট্রেন্ড পর্যবেক্ষণের সঙ্গে চ্যাটজিপিটিকে কী ধরনের প্রশ্ন করা যেতে পারে সে সম্পর্কিত কিছু উপযোগী ধারণাও মিলবে।
তবে ‘চ্যাটজিপিটি হেলথ’-এর মূল লক্ষ্য ব্যবহারকারীর যে কোনো সাধারণ বার্তার সঙ্গে স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রাসঙ্গিক হয়ে উঠলেই স্বয়ংক্রিয়ভাবে তা যোগ করা। ওপেনএআই বেশ সতর্কতা অবলম্বন করেই তাদের বক্তব্য তুলে ধরেছে।
কোম্পানিটি বলছে, এ সেবার মূল উদ্দেশ্য চিকিৎসকের সঙ্গে বৈঠকের সারাংশ জানা, পরীক্ষার ফলাফল সহজ ভাষায় বোঝা ও নিজেকে একজন দায়িত্বশীল রোগী হিসেবে প্রস্তুত করা।
তবে ওপেনএআইয়ের এ সতর্ক অবস্থানের পরও চ্যাটবটের কাছে ব্যবহারকারীদের সরাসরি চিকিৎসা বিষয়ক পরামর্শ চাওয়া বন্ধ করা যাচ্ছে না। এআই প্রযুক্তি শতভাগ নিখুঁত নয় এবং এর ভুল করার আশঙ্কা থেকেই যায়।
এআই চ্যাটবট আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলেও চ্যাটজিপিটির কোনো বক্তব্যকেই চিকিৎসকের আনুষ্ঠানিক রোগ নির্ণয় বা চিকিৎসা সংক্রান্ত পরামর্শ হিসেবে বিবেচনা করা যাবে না।
ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত সংবেদনশীল তথ্য শেয়ারের ক্ষেত্রে প্রাইভেসির বিষয়টিও বড় চিন্তার কারণ হিসেবে দেখা দিয়েছে। ওপেনএআই প্রতিশ্রুতি দিয়েছে, চ্যাটজিপিটি হেলথ চালুর সময়ের মতো এখনও ব্যবহারকারীর কোনো চিকিৎসা সংক্রান্ত তথ্য কোম্পানিটির মূল এআই মডেল প্রশিক্ষণে বা বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহার করবে না।
ব্যবহারকারী চাইলে নিজের স্বাস্থ্যসংক্রান্ত ডেটা কখন ব্যবহার করা হবে তা নিজে নির্ধারণ করে দিতে পারবেন। ফলে প্রতিবার তথ্যের সাহায্য নেওয়ার আগে চ্যাটজিপিটি ব্যবহারকারীর কাছ থেকে অনুমতি চাইতে বাধ্য থাকবে। এতে থাকা যে কোনো শারীরিক তথ্য যে কোনো সময় প্ল্যাটফর্মটি থেকে মুছে ফেলার সুযোগও রয়েছে।
নতুন ফিচারটি উন্মোচনের সময় কোম্পানিটিকে বেশ কিছু অস্বস্তিকর আইনি ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে, যেখানে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সঙ্গে ওপেনএআই এক আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছে। ফলে ডেটার প্রধান উৎস হিসেবে ‘অ্যাপল হেলথ’-এর ওপর তাদের এ নির্ভরতা বেশ বিতর্কিত ও জটিল এক পরিস্থিতির জন্ম দিয়েছে।
আদালতে এসব লড়াইয়ের ওপর ওপেনএআইয়ের কোনো নিয়ন্ত্রণ না থাকলেও চ্যাটজিপিটির হাতে নিজের চিকিৎসা সংক্রান্ত সংবেদনশীল তথ্য তুলে দেওয়া কতটা নিরাপদ সে বিষয়ে ব্যবহারকারীরা সম্পূর্ণ স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবেন।
