১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কালো তালিকাভুক্ত চীনা কোম্পানির চিপ কিনতে চায় অ্যাপল

অ্যাপল প্রায় এক মাস আগে প্রথম এ বিষয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এবং বর্তমানে তারা ওয়াশিংটনে নিজেদের পরিচিত মহলের সঙ্গে এ নিয়ে আলোচনা চালাচ্ছে।

কালো তালিকাভুক্ত চীনা কোম্পানির চিপ কিনতে চায় অ্যাপল
অ্যাপলের এ সম্ভাব্য পদক্ষেপকে ‘মারাত্মক ভুল’ হিসেবে বর্ণনা করেছে মার্কিন কংগ্রেস। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 03:42 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

চিপের চরম বৈশ্বিক সংকট ও ডিভাইসের ক্রমাগত মূল্যবৃদ্ধি সামাল দিতে মার্কিন কালো তালিকাভুক্ত চীনা মেমোরি চিপ নির্মাতা কোম্পানির দ্বারস্থ হয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পেন্টাগনের মাধ্যমে নিষিদ্ধ এ কোম্পানির কাছ থেকে চিপ কিনতে ট্রাম্প প্রশাসনের অনুমতি নেওয়ার চেষ্টা চালাচ্ছে আইফোন নির্মাতা কোম্পানিটি।

অ্যাপলের এ সম্ভাব্য পদক্ষেপকে মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে ‘মারাত্মক ভুল’ হিসেবে বর্ণনা করে তীব্র আপত্তির আভাস দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে, অ্যাপল চীনের মেমোরি চিপ নির্মাতা কোম্পানি সিএক্সএমটি-এর কাছ থেকে চিপ কিনতে চাচ্ছে, যাকে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন ‘১২৬০এইচ’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

যেসব কোম্পানিকে চীনের ‘পিপলস লিবারেশন আর্মি’ বা সেনাবাহিনীর সঙ্গে যোগসাজশে কাজ করছে বলে পেন্টাগন মনে করে, সেগুলোকে সাধারণত ‘১২৬০এইচ’ নামের এ বিশেষ তালিকায় যোগ করে যুক্তরাষ্ট্র।

আইনি দৃষ্টিকোণ থেকে সিএক্সএমটি-এর সঙ্গে অ্যাপলের ব্যবসা করার ক্ষেত্রে কোনো সরাসরি নিষেধাজ্ঞা না থাকলেও হোয়াইট হাউসের সবুজ সংকেত বা অনুমোদন না পেলে কোম্পানিটি মার্কিন সরকারের পক্ষ থেকে বড় ধরনের প্রতিকূলতার মুখে পড়তে পারে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ তালিকায় থাকা কোনো কোম্পানির সঙ্গেই কোনো আমেরিকান কোম্পানি কোনো চুক্তি সই বা কোনো তৃতীয় পক্ষের মাধ্যমেও তাদের পণ্য বা সেবা ব্যবহার করতে পারে না।

টাইমসের তথ্য অনুযায়ী, অ্যাপল প্রায় এক মাস আগে প্রথম এ বিষয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল এবং বর্তমানে তারা ওয়াশিংটনে নিজেদের উচ্চপদস্থ পরিচিত মহলের সঙ্গে এ নিয়ে আলোচনা চালাচ্ছে।

মেমোরি চিপের বর্তমান বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে সিএক্সএমটি-এর কাছ থেকে চিপ কেনা অ্যাপলের ব্যবসাকে বড় ধরনের সহায়তা করতে পারে।

সম্প্রতি কোম্পানিটি তাদের অধিকাংশ হার্ডওয়্যারের দাম বাড়িয়েছে, যার ঠিক আগেই টিম কুক সতর্ক করে বলেছিলেন, মেমোরি চিপের চরম সংকট থেকে অ্যাপল আর পার পেয়ে যেতে পারছে না।

এ সংকটের কারণে অ্যাপলের ১ টেরাবাইট এম৫ ম্যাকবুক প্রো-এর দাম এখন ৩০০ ডলার বেশি। একেবারে প্রাথমিক স্তরের বা এন্ট্রি-লেভেল ম্যাকবুক নিও’র দামও ১০০ ডলার বেশি খরচ করতে হচ্ছে।

এ ছাড়া সব ধরনের আইপ্যাড প্রো কিনতে এখন গ্রাহকদের ঠিক এক সপ্তাহ আগের তুলনায় ২০০ ডলার বেশি গুনতে হচ্ছে। অ্যাপল সাধারণত মার্কিন কোম্পানি মাইক্রন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্সের কাছ থেকে মেমোরি চিপ কেনে।

টাইমসের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প প্রশাসন যদি অ্যাপলের এ পরিকল্পনায় রাজিও হয় তবুও মার্কিন কংগ্রেস এতে তীব্র আপত্তি জানাবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে চীনের ভূ-রাজনৈতিক প্রভাব তদন্তে গঠিত কংগ্রেসনাল কমিটির নেতৃত্ব দেওয়া জন মূলেনার বলেছেন, “অ্যাপল যদি চীনা সামরিক কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করার সিদ্ধান্ত নেয় তবে মারাত্মক ভুল করবে।”