০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চ্যাটজিপিটি নিয়ে ‘কোড রেড’ ঘোষণা ওপেনএআই প্রধানের

অল্টম্যানের এমন পদক্ষেপ থেকে ইঙ্গিত মেলে, একসময় অপ্রতিরোধ্য হয়ে ওঠা স্টার্টআপটির প্রভাব এখন ধীরে ধীরে কমছে।

চ্যাটজিপিটি নিয়ে ‘কোড রেড’ ঘোষণা ওপেনএআই প্রধানের
অল্টম্যানের এমন পদক্ষেপ থেকে ইঙ্গিত মেলে, একসময় অপ্রতিরোধ্য হয়ে ওঠা স্টার্টআপটির সুবিধা ধীরে ধীরে কমছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 12:18 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

বর্তমানে এআই প্রতিযোগিতায় সাগরের জোয়ারের মতো পরিস্থিতি বদলাচ্ছে এবং এর চাপ পড়ছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের ওপর। স্বাভাবিকভাবেই চ্যাটজিপিটি নিয়ে ‘কোড রেড’ বা জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন কোম্পানিটির প্রধান।

সোমবার কোম্পানিটির ফ্ল্যাগশিপ পণ্য চ্যাটজিপিটির পরিস্থিতিকে ‘কোড রেড’ বা জরুরি অবস্থা ঘোষণা করে কর্মীদের উদ্দেশ্যে চ্যাটবটটিকে উন্নত করার অনুরোধ করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।

অল্টম্যানের এমন পদক্ষেপ থেকে ইঙ্গিত মেলে, একসময় অপ্রতিরোধ্য হয়ে ওঠা স্টার্টআপটির প্রভাব এখন ধীরে ধীরে কমছে। কারণ মার্কিন সার্চ জায়ান্ট গুগল ও অ্যানথ্রপিকের মতো প্রতিদ্বন্দ্বীরা ‘কোম্পানিটির দিকে ধেয়ে আসছে’ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।

ওয়াল স্ট্রিট জার্নাল ও ইনফরমেশন-এর প্রতিবেদন অনুসারে, কর্মীদের উদ্দেশ্যে এক মেমোতে অল্টম্যান বলেছেন, বিজ্ঞাপন, শপিং, স্বাস্থ্য এজেন্ট, ব্যক্তিগত সহকারী ও পালস-এর মতো কিছু প্রকল্পের কাজ এখন পিছিয়ে দেবেন তিনি। কারণ চ্যাটজিপিটিকে উন্নত করার দিকে মনোযোগ দিতে চাচ্ছে কোম্পানিটি, যেখানে অ্যাপটিতে অন্তর্ভুক্ত হবে আরও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা, ভালো পার্সোনালাইজেশন এবং আরও বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে এমন বিভিন্ন ফিচার।

মেমোতে উল্লেখ রয়েছে, যারা চ্যাটজিপিটি উন্নত করার দায়িত্বে আছেন তাদের জন্য প্রতিদিন মিটিং বা কল হবে, যাতে সবাই একযোগে কাজের অগ্রগতি দেখাতে ও পরিকল্পনা করতে পারেন। এ ছাড়া প্রয়োজনে কিছু কর্মী সাময়িকভাবে অন্য দলে চলে গেলে যেন কাজ দ্রুত সম্পন্ন করা যায় তাতেও উৎসাহিত করেছেন অল্টম্যান।

নতুন এ জরুরি পরিস্থিতি ওপেনএআইয়ের জন্য গুরুত্বপূর্ণ এক মোড়েরই প্রতিফলন। কারণ শত শত কোটি ডলার ব্যয়ের পাশাপাশি ভবিষ্যতে লাভবান হওয়ার পথ খুঁজে বের করার চেষ্টা করছে কোম্পানিটি, যা এআই প্রতিযোগিতার দিক থেকেও পুরো এক চক্রেরই মুহূর্ত।

ওপেনএআইয়ের জন্য চিন্তার বিষয় মার্কিন সার্চ জায়ান্ট গুগল। চ্যাটজিপিটি আসার পর গুগল নিজেও ‘কোড রেড’ ঘোষণা করেছিল। বর্তমানে গুগলের এআই ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, যা কোম্পানিটির জনপ্রিয় টুল ‘ন্যানো ব্যানানা’ ইমেজ মডেলের সাফল্যের কারণে আরও বেড়েছে।

কোম্পানিটির সর্বশেষ এআই মডেল জেমিনাই ৩। অনেক শিল্প মানদণ্ড ও জনপ্রিয় সূচকে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের ছাপিয়ে গেছে গুগলের এই নতুন মডেল।