২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ লাখ ডলারের ক্রিপ্টো চুরি, শিকার ছিল তার গোটা বিশ্বে

২০১৮ সালের জানুয়ারিতে হঠাৎ করেই খবর আসতে থাকে আইওটিএ ক্রিপ্টোকারেন্সি টোকেন চুরি হচ্ছে। ওই টোকেনগুলো ৮১ অক্ষরবিশিষ্ট কোডের মাধ্যমে সংরক্ষিত ছিল।

২৫ লাখ ডলারের ক্রিপ্টো চুরি, শিকার ছিল তার গোটা বিশ্বে

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2023, 05:17 PM

Updated : 28 Jan 2023, 05:17 PM

বিশ্বব্যাপী তদন্তের পর ২০ লাখ পাউন্ডের (২৫ লাখ ডলার) বেশি ক্রিপ্টোকারেন্সি চুরির দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

৪০ বছর বয়সী ওয়াইবো উইয়ার্সমা বিচারের দ্বিতীয় দিনে চুরির দায় স্বীকার করেন। ২০১৯ সালে গ্রেপ্তারের সময় তিনি অক্সফোর্ডে বসবাস করছিলেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় শিকারদের মধ্যে অনেকেই তাদের গোটা জীবনের সঞ্চয় এবং ব্যবসা হারিয়েছেন।

অক্সফোর্ড ক্রাউন কোর্টে নেদারল্যান্ডসের গোরেডিজকের বাসিন্দা উইয়ার্সমাকে চার বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিশ্বব্যাপী ১০০ জনেরও বেশি সম্ভাব্য ভুক্তভোগীর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি অক্সফোর্ডের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তার কম্পিউটার, মাদক এবং নগদ অর্থ জব্দ করে।

২০১৮ সালের জানুয়ারিতে হঠাৎ করেই খবর আসতে থাকে আইওটিএ ক্রিপ্টোকারেন্সি টোকেন চুরি হচ্ছে। ওই টোকেনগুলো ৮১ অক্ষরবিশিষ্ট কোডের মাধ্যমে সংরক্ষিত ছিল।

পুলিশ জানিয়েছে, উইয়ার্সমা ওই কোড তৈরি করে টোকেন চুরির জন্য ছদ্মনামে একটি ওয়েবসাইট তৈরি করেন।

যুক্তরাজ্য পুলিশের সাউথ ইস্ট রিজিওনাল অর্গানাইজড ক্রাইম ইউনিট (সেরোকু) মোট ২১ লাখ ৫৬ হাজার পাউন্ড মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরির তথ্য দিয়েছে।

গ্রেপ্তার এবং জামিনে মুক্তি পাওয়ার পরে, উইয়ার্সমা নেদারল্যান্ডসে চলে যান। সেখান থেকে তাকে ২০২১ সালে বিচারের জন্য প্রত্যর্পণ করা হয়।

সেরোকুর ডেট ইনস্পেক্টর রব ব্রায়ান্ট বলেন, “বিশ্বব্যাপী ১০০ জনেরও বেশি ভুক্তভোগীর সঙ্গে জড়িত একটি জটিল তদন্ত ছিল এটি।”

“উইয়ার্সমা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা লোকদের সম্পদ হাতিয়ে নিয়েছেন। বিভিন্ন ট্রেডিং অ্যাকাউন্ট একর পর এক ব্যবহার করে তিনি ওই অর্থ স্থানান্তর করেন। এ ঘটনায় কিছু লোক তাদের ব্যবসা এবং আজীবনের সঞ্চয় হারান।”

“পুলিশ যে তহবিল এ তদন্তে জব্দ করেছে, আমরা যথাসাধ্য চেষ্টা করব ভুক্তোভোগীরা যেন সেখান থেকে তাদের অর্থ ফেরত পান।

ফৌজদারি এই তদন্তে জার্মানির হেসের পাশাপাশি ইউরোপোলের পুলিশও জড়িত ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।