ফেইসবুক-ইনস্টাগ্রামে ‘পেইড ফিচার’ আনতে চায় মেটা
অ্যাপলের নীতিমালা পরিবর্তনের ফলে বিজ্ঞাপন ব্যবসায় ধাক্কা লাগার প্রতিক্রিয়ায় আয়ের নতুন পথ খুঁজছে মেটা।
সামাজিক মাধ্যম অ্যাপগুলোতে নতুন নতুন ‘পেইড ফিচার’ প্রচলনের পরিকল্পনা করেছে ফেইসবুক-ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। বিজ্ঞাপন ব্যবসায় ধাক্কা লাগার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নিয়েছে বিশ্বের শীর্ষ সামাজিক মাধ্যমগুলোর মূল কোম্পানি।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ‘পেইড ফিচার’ নির্মাণের জন্য নতুন একটি বিভাগও গঠন করেছে মেটা। ‘নিউ মনিটাইজেশন এক্সপেরিয়েন্স’ বিভাগের নেতৃত্ব দেবেন মেটার গবেষণা প্রধান প্রাতিতি রায়চৌধুরী।
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল নিজেদের বিজ্ঞাপনী নীতিমালায় পরিবর্তন আনায় বড় ধাক্কা লেগেছিল মেটার বিজ্ঞাপনী আয়ে। অন্যদিকে সার্বিক প্রযুক্তি খাতেই বিজ্ঞাপনদাতারা খরচের হার কমিয়ে এনেছেন বলেও জানিয়েছে ভার্জ।
মেটার নতুন বিভাগটির দেখভালের দায়িত্বে আছেন কোম্পানির অর্থায়নবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জন হেগম্যান। ভার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার কোম্পানি এখনও বিজ্ঞাপনী ব্যবসার প্রসারণে প্রতিজ্ঞাবদ্ধ। তবে, নিজস্ব প্ল্যাটফর্মে নির্দিষ্ট ফি-এর বদলে সাধারণ ব্যবহারকারীদের বিজ্ঞাপন এড়ানোর সুযোগ দেওয়ার কোনো পরিকল্পনা এখনও নেই তাদের।
কোম্পানিটি ‘পেইড ফিচার’ হিসেবে কোন কোন ফিচারের কথা ভাবছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
মেটার আয়ের প্রায় পুরোটাই আসে বিজ্ঞাপনী খাত থেকে। সামাজিক মাধ্যম অ্যাপগুলোতে কয়েকটি ‘পেইড ফিচার’ থাকলেও এতোদিন সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকে ফি নেওয়ার ভাবনা ফেইসবুক তথা মেটার কাছে গুরুত্ব পায়নি বলে জানিয়েছে ভার্জ।
সামাজিক যোগাযোগের মাধ্যম কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো মধ্যে কেবল মেটাই সরাসরি সেবাগ্রাহকদের সঙ্গে আর্থিক লেনদেনের পরিকল্পনা করছে– এমন নয়। বছরের শুরুতেই ‘পেইড সাবিস্ক্রপশন’ সেবা চালু করেছে হালের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক।
অন্যদিকে, ‘সুপার ফলোস’ ফিচার আছে টুইটারে। ডিসকর্ড আয়ের পুরোটাই কামায় ব্যবহারকারীদের ‘নাইট্রো সাবস্ক্রিপশন’ থেকে। এ ছাড়াও, এ বছরেই নিজস্ব সেবায় বাড়তি ‘পেইড টিয়ার’ যোগ করেছে টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাট, যাতে অর্থের বিনিময়ে বাড়তি সুবিধা পান ব্যবহারকারীরা।
এ প্রসঙ্গে হেগম্যান বলেন, “আমরা অবশ্যই পুরো শিল্পে কী হচ্ছে তার ওপর নজর রাখছি। এবং আমার মনে হয় বেশ কয়েকটি কোম্পানি এক্ষেত্রে কৌতুহলউদ্দীপক কিছু কাজ করেছে। আশা করছি তাদের কাছ থেকে আমরাও শিখতে পারবো।”
