২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২২-এ একশর বেশি ফ্লাইট মাস্কের প্রাইভেট জেটে

ফ্রান্স, ব্রাজিল, গ্রিস, ইতালি, জার্মানি ও যুক্তরাজ্য’সহ বেশ কয়েকটি দেশ সফর করেছে প্লেনটি। কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে যোগ দিতেও মাস্ক সম্ভবত এটি ব্যবহার করেছেন।

২০২২-এ একশর বেশি ফ্লাইট মাস্কের প্রাইভেট জেটে

গালফস্ট্রিম ৬৫০ইআর। এমন একটি প্লেনেই ভ্রমণ করেন মাস্ক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 05:13 PM

Updated : 09 Jan 2023, 05:51 PM

২০২২ সালে একশ ৩০টিরও বেশি ফ্লাইট সম্পন্ন হয়েছে টুইটার ও টেসলা প্রধান ইলন মাস্কের ব্যক্তিগত প্লেনে। বিষয়টি উঠে এসেছে ফ্লোরিডার এক শিক্ষার্থীর ‘ট্র্যাকার ডেটা’র হিসাবে।

জনপ্রিয় এই ধনকুবেরের আকাশপথের গতিবিধি পর্যবেক্ষণে টুইটারে বেশ কিছু সংখ্যক বট অ্যাকাউন্ট তৈরি করেন ২০ বছর বয়সী কম্পিউটার প্রোগ্রামার জ্যাক সুইনি। 

মাস্ক মালিকানাধীন ‘গালফস্ট্রিম জি৬৫০ইআর’ মডেলের এই জেটের বিভিন্ন উন্মুক্ত ডেটা ব্যবহার করে তিনি দেখতে পান, বিমানে সবচেয়ে সংক্ষিপ্ত ফ্লাইটের দৈর্ঘ্য ছিল কেবল ছয় মিনিট। আর সবচেয়ে দীর্ঘ ফ্লাইটটি ছিল ১২ ঘণ্টার।

ট্র্যাকারের তথ্য অনুযায়ী, এই প্লেনটি একশ ৩৪টি ফ্লাইট সম্পন্ন করেছে। আর সর্বমোট এক হাজার নয়শ টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণের পাশাপাশি এর জ্বালানির পেছনে খরচ হয়েছে প্রায় ১১ লাখ ডলারের মতো। তবে, সব ফ্লাইটেই মাস্ক ভ্রমণ করেছেন কি না, সেটি তথ্যে উঠে আসেনি।

ফ্রান্স, ব্রাজিল, গ্রিস, ইতালি, জার্মানি ও যুক্তরাজ্য’সহ বেশ কয়েকটি দেশ সফর করেছে এই প্লেন। আর এই ট্র্যাকার থেকে ইঙ্গিত মিলেছে, কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে যোগ দিতেও মাস্ক সম্ভবত এটি ব্যবহার করেছেন।

মার্কিন এই ধনকুবেরকে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দেখা গেছে। পাশাপাশি, টুইটারে খেলার বিভিন্ন আপডেটও পোস্ট করেন তিনি।

সুইনির ভাষ্যমতে, টেক্সাসের শহর অস্টিন ও ব্রাউন্সভিলের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসও এই প্লেনের সবচেয়ে সাধারণ গন্তব্য।

ডিসেম্বরে মাস্ক বলেন, নিজের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য করায় তিনি সুইনির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। আর নিজের ‘সন্তানদের নিরাপত্তার’ বিষয়টিকে এর কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

এই ঘটনার পর ২০২০ সালে মাস্কের ব্যক্তিগত প্লেনের গতিবিধি পর্যবেক্ষণে সুইনির তৈরি করা ‘@Elonjet’ নামের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দেয় টুইটার।

“গত রাতে, এক উন্মাদ ‘লিল এক্স’ (মার্কিন র‍্যাপার)-কে বহন করা একটি গাড়ির পিছু নেয় (এই ভেবে যে, এটা আমি)। পরবর্তীতে, ওই গাড়ি আটকে তারা পালিয়ে যায়। সুইনি ও আমার পরিবারের ক্ষতি করতে চাওয়া বিভিন্ন সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” --টুইট করেন মাস্ক।

“কোনো অ্যাকাউন্ট ‘রিয়েল-টাইম লোকেশন’ ডক্সিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকলে সেটি নিষিদ্ধ করা হবে। কারণ, এটি শারীরিক নিরাপত্তার লঙ্ঘন। এর মধ্যে রয়েছে সেইসব সাইট, যারা রিয়েল-টাইম লোকেশনের তথ্য পোস্ট করে।”

তবে, সামান্য বিলম্বের ভিত্তিতে কারও লোকেশন পোস্ট করা নিয়ে মাস্কের কোনো সমস্যা নেই। কারণ এটি তখন আর ‘নিরাপত্তাজনিত সমস্যা’ হিসেবে বিবেচিত হয় না।

সুইনির ‘@ElonJet’ নামের অ্যাকাউন্টটি সাময়িকভাবে ফিরিয়ে দেওয়া হলেও ডিসেম্বরে টুইটারের ‘ডক্সিং’ সংশ্লিষ্ট নীতিমালায় পরিবর্তন এনে এতে পুনরায় নিষেধাজ্ঞা দেয় সামাজিক প্ল্যাটফর্মটি।

Image

গালফস্ট্রিম ৬৫০ ইআর-এর ভেতরের চেহারা। মালিকরা সাধারণত ইন্টেরিয়র নিজের মতো করে সাজিয়ে নেন

“টুইটারে কোনো ব্যক্তির লাইভ লোকেশন শেয়ার করলে, তার শারীরিক ক্ষতির ঝুঁকি বেড়ে যায়। ভবিষ্যতে এই ধরনের তথ্য শেয়ার করা টুইটগুলো আমরা সরিয়ে ফেলব। আর অন্যের লাইভ লোকেশন শেয়ারের জন্য তৈরি করা বিভিন্ন অ্যাকাউন্টেও নিষেধাজ্ঞা আসবে।” --লিখেছে টুইটারের নিরাপত্তা বিভাগ।

‘@ElonJet’ নামের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দেওয়ার পর ‘@ElonJetNextDay’ নামে আরেকটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করেছেন সুইনি। তবে, এতে মাস্কের ফ্লাইট সম্পর্কিত বিভিন্ন তথ্য ঘটনা ঘটার ২৪ ঘণ্টা পর পোস্ট করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’।