১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টিকটকের নতুন নিয়মে আয় বাড়ছে ক্রিয়েটরদের

ক্রিয়েটররা এখন তাদের সাবস্ক্রিপশন আয়ের ৭০ শতাংশ সরাসরি পাবেন। এর সঙ্গে অতিরিক্ত ২০ শতাংশ বোনাস আয়ের সুযোগও থাকবে।

টিকটকের নতুন নিয়মে আয় বাড়ছে ক্রিয়েটরদের
পরিবর্তনের মূল উদ্দেশ্য ক্রিয়েটরদের জন্য নতুন আয়ের উৎস তৈরি করা। ছবি: রয়টারর্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 06:05 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ক্রিয়েটরদের জন্য বাড়তি আয়ের সুযোগ করে দিচ্ছে শর্ট ভিডিওর জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক। এখন থেকে প্ল্যাটফর্মটির কনটেন্ট ক্রিয়েটররা সাবস্ক্রিপশন থেকে পাওয়া আয়ের ৯০ শতাংশ পর্যন্ত পেতে পারবেন।

সম্প্রতি টিকটকের ২০২৫ সালের ক্রিয়েটর সামিটে সাবস্ক্রিপশন মডেল নীতিমালায় পরিবরর্তনের এই ঘোষণা এসেছে।

টিকটক বলছে, ক্রিয়েটররা এখন তাদের সাবস্ক্রিপশন আয়ের ৭০ শতাংশ সরাসরি পাবেন। এর সঙ্গে অতিরিক্ত ২০ শতাংশ বোনাস আয়ের সুযোগও থাকবে।

তবে প্রযুক্তি সাইট ম্যাশএবল লিখেছে, এই বোনাস পেতে হলে ক্রিয়েটরদের কিছু শর্ত পূরণ করতে হবে। তাদের অন্তত ১০ হাজার ফলোয়ার থাকতে হবে, এক মাসে কমপক্ষে এক লাখ ভিডিও ভিউ থাকতে হবে এবং সেই একই সময়ের মধ্যে অন্তত তিনটি সাবস্ক্রিপশন নির্ভর ভিডিও পোস্ট করতে হবে।

টিকটকের ‘গ্লোবাল হেড অফ ক্রিয়েটর মার্কেটিং অ্যান্ড কমিউনিটি’ মারিসা হ্যামন্ডস সামিটে বলেন, “যত বেশি কনটেন্ট তৈরি করবেন, তত বেশি আয় করতে পারবেন।”

টিকটক বলছে, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য ক্রিয়েটরদের কমিউনিটি আরও শক্তিশালী করা এবং তাদের জন্য নতুন আয়ের উৎস তৈরি করা।

এক বিবৃতিতে কোম্পানিটি বলছে, “সাবস্ক্রিপশন সুবিধা টিকটক ক্রিয়েটরদের তাদের অনুসারীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও সক্রিয় কমিউনিটি গড়ে তুলতে সাহায্য করবে। একই সঙ্গে তারা মাসিক সাবস্ক্রিপশন ফির মাধ্যমে বিশেষ সুবিধা দিতে পারবেন যেমন সাবস্ক্রাইবারদের জন্য আলাদা পোস্ট, বিশেষ ব্যাজ, ‘চ্যাট ফিচার’সহ নানা এক্সক্লুসিভ কনটেন্ট।”

টিকটক বলছে, নতুন এই সাবস্ক্রিপশন আয়ের নীতি আপাতত শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটরদের জন্য প্রযোজ্য। তবে কোম্পানিটির এক মুখপাত্র বলেছেন, এই সুবিধা আগামী কয়েক মাসের মধ্যে অন্যান্য দেশেও চালু হবে।

টিকটকের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে অন্যান্য দেশের ক্রিয়েটররা বর্তমানে ৫০ শতাংশ পর্যন্ত সাবস্ক্রিপশন আয় পান। বোনাস পেলে সেই পরিমাণ ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে।