Published : 12 Jul 2025, 05:39 PM
এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড সিলেট বিভাগীয় বাছাইপর্বে দুই গ্রুপে ২০ জন শিক্ষার্থী পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের আয়োজনে শনিবার সকাল নয়টায় নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বিভাগীয় বাছাই কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত।
সদ্য এসএসসি পাশ করা দিব্যজ্যোতি গোস্বামী সূর্য জুনিয়র গ্রুপে এ বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২য় স্থান অর্জন করেছে। দিব্যজ্যোতি বলেন, ‘‘আমার ছোট বেলা থেকেই জ্যোতির্বিজ্ঞানের প্রতি আকর্ষণ ছিল। আমি ভবিষ্যতেও এটি নিয়ে কাজ করতে চাই।’’
সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী প্রিয়ন্তি বলেন, ‘‘আমি কলেজের স্যারদের মাধ্যমে এই প্রতিযোগিতার খবর পেয়েছিলাম। এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। প্রথমবার অংশগ্রহণ করেই আমি উত্তীর্ণ হলাম। আশা করি সামনে আরও ভালো কিছু হবে।’’
অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন সিলেট বিভাগের আহবায়ক অধ্যাপক বিজিত কুমার ভট্টাচার্য্য বলেন, ‘‘বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন ২০০৬ সাল থেকে আয়োজন করছে অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচি ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’।
“এবারে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর হতে যাচ্ছে।’’
সারা দেশ থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ তিনশ ছাত্র-ছাত্রীকে নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষে আয়োজিত হবে তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প। নির্বাচিত শীর্ষ ৩০জন প্রতিযোগী এই পর্বে অংশ নেবেন।
ক্লোজড ক্যাম্পের শেষদিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা শেষে প্রথম পাঁচজন প্রতিযোগীকে বাছাই করা হবে। এই পাঁচজন এ বছর ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। পাশাপাশি ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’
সংগঠক কালাম জুবায়ের নিশাদ বলেন, ‘‘এই আয়োজনে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ থেকে ৫০ জন অংশ নেন। ১৪ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের সিনিয়র গ্রুপ ও জুনিয়র গ্রুপের জন্য জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট থেকে বাছাইকৃত ২০জন ২য় রাউন্ডে ঢাকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।’’
সিলেট বিভাগের আয়োজনে উপস্থিত ছিলেন- এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের পরিচালক মো. ফরিদ উদ্দিন আহমেদ, অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের জনসংযোগ পরিচালক মাসুদুল হাসান জায়েদী, অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন সিলেটের সংগঠক ফুজায়েল আহমদ।
আয়োজন শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও মেডেল দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ আয়োজনের অন্যতম অংশীদার।