২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের সঙ্গে চিপ চাহিদার সম্পর্ক কী?

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার এই যুদ্ধ চিপ তৈরির জটিল সাপ্লাই চেইনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি সামনে নিয়ে এসেছে।

ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের সঙ্গে চিপ চাহিদার সম্পর্ক কী?
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে জ্বালানির দামও বেড়ে যাবে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2026, 11:58 AM

Updated : 26 Aug 2026, 03:09 PM

ইরান-ইসরায়েল যুদ্ধ ও ক্রমাগত জ্বালানি সংকটের কারণে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পের সরবরাহ ব্যবস্থা এবং চাহিদা বড় ধরনের হুমকির মুখে পড়েছে।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, মধ্যপ্রাচ্য থেকে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ কঠিন হয়ে পড়া এবং ডেটা সেন্টার পরিচালনার খরচ বেড়ে যাওয়ায় এআই বিপ্লবের গতি থমকে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

তারা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ চিপ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল পাওয়ায় বাধা তৈরি করতে পারে। একইসঙ্গে উৎপাদন খরচ বেড়ে গেলে এআই বিপ্লবের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন চিপের চাহিদাও কমে যাবে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার এই যুদ্ধ চিপ তৈরির জটিল সাপ্লাই চেইনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি সামনে নিয়ে এসেছে।

সোমবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে বলে আশ্বাস দেওয়ার আগে শেয়ার বাজারে দরপতনে বিভিন্ন চিপ কোম্পানির শেয়ারের ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে মেমোরি চিপ নির্মাতা কোম্পানি ‘এসকে হাইনিক্স’ ও স্যামসাং বড় ধরনের ধাক্কা খেয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে এই দুটি কোম্পানির সম্মিলিত বাজার মূল্য ২০ হাজার কোটি ডলারেরও বেশি কমেছে। তবে মঙ্গলবার তাদের শেয়ারের দামে কিছুটা উন্নতি দেখা গেছে। সেমিকন্ডাক্টর খাতের বিনিয়োগ তহবিল ‘ভ্যানেক সেমিকন্ডাক্টর ইটিএফ’ যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৩ শতাংশ মূল্য হারিয়েছে।

সেমিঅ্যানালাইসিস-এর বিশ্লেষক রে ওয়াং বলেছেন, “আঞ্চলিক যুদ্ধ দীর্ঘায়িত হলে চিপ তৈরির জন্য প্রয়োজনীয় হিলিয়াম ও ব্রোমিনের মতো কাঁচামাল সংগ্রহ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে।

“আপাতত এর প্রভাব সীমিত মনে হচ্ছে। তবে যুদ্ধ চলতে থাকলে ভবিষ্যতে কাঁচামাল সরবরাহে বড় সমস্যা তৈরি বা বিকল্প উৎস খুঁজতে হতে পারে।”

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ চিপ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ চিপ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে

চিপ শিল্পে মধ্যপ্রাচ্যের গুরুত্ব

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ কোরিয়ার একজন এমপি গত সপ্তাহে সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ মধ্যপ্রাচ্য থেকে হিলিয়ামের মতো গুরুত্বপূর্ণ কাঁচামাল পাওয়ার পথে বাধা দিতে পারে। দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে জ্বালানির দামও বেড়ে যাবে।

তাহলে, সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইনে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট কিছু দেশের ভূমিকা ঠিক কী?

‘ইউএস জিওলজিক্যাল সার্ভে’ অনুসারে, বিশ্বের মোট হিলিয়াম সরবরাহের এক-তৃতীয়াংশের বেশি উৎপাদন করে কাতার। চিপ তৈরির প্রক্রিয়ায় তাপ সরিয়ে নেওয়ার কাজে হিলিয়াম ব্যবহৃত হয়।

এ ছাড়া লিথোগ্রাফির মতো কাজেও উপাদানটি ব্যবহৃত হয়, যা চিপের জটিল সার্কিট প্রিন্ট করার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর হিলিয়ামের কোনো কার্যকর বিকল্প নেইও।

২০২৩ সালে ‘সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন’ সতর্ক করে বলেছিল, হিলিয়াম সরবরাহ বিঘ্নিত হলে ‘বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর উৎপাদন শিল্পে বড় ধরনের ধাক্কা আসতে পারে’।

সমস্যা কেবল উৎপাদন নিয়ে নয়। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্য থেকে এ উপাদানটি পরিবহন করা ক্রমেই কঠিন হয়ে উঠতে পারে।

‘কর্নব্লুথ হিলিয়াম কনসাল্টিং’-এর প্রেসিডেন্ট ফিল কর্নব্লুথ বলেছেন, হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্বে হিলিয়ামের সরবরাহ ২৫ শতাংশেরও বেশি পড়ে যাবে।

কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ‘কাতার এনার্জি’ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উপজাত হিসেবে হিলিয়াম উৎপাদন করে। গেল সপ্তাহে ইরানের ড্রোন হামলায় কাতার এনার্জির ‘রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি’র ক্ষতি হয়েছে। ফলে সেখানকার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

কর্নব্লুথ বলেছেন, হিলিয়াম উৎপাদন অন্তত দুই থেকে তিন মাস বন্ধ থাকবে সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। হিলিয়াম সাপ্লাই চেইন স্বাভাবিক অবস্থায় ফিরতে চার থেকে ছয় মাস সময় লাগবে।

আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ব্রোমিন, যা চিপ উৎপাদন প্রক্রিয়ার প্রধান অংশ। ‘ইউএসজিএস’-এর তথ্য অনুসারে, বিশ্বের মোট ব্রোমিন উৎপাদনের প্রায় দুই-তৃতীয়াংশ আসে ইসরায়েল ও জর্ডান থেকে।

‘বেইন অ্যান্ড কোম্পানি’র টেকনোলজি প্র্যাকটিস-এর পার্টনার পিটার হ্যানবারি বলেছেন, “প্রয়োজনীয় কাঁচামালের ক্ষেত্রে মাঝারি ধরনের ঝুঁকি রয়েছে। আমরা হিলিয়ামের ওপর নজর রাখছি। কাতার হিলিয়ামের অন্যতম বড় উৎস। তবে কানাডা ও যুক্তরাষ্ট্রও এর বড় সরবরাহকারী।”

চাহিদার ওপর জ্বালানির প্রভাব

জ্বালানি খরচ বেড়ে যাওয়াও চিপ শিল্পে প্রভাব ফেলতে পারে। কারণ, চিপের বড় চাহিদা মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট থেকে শুরু করে স্যামসাং ও এসকে হাইনিক্সের তৈরি মেমোরি চিপ এসবই এমন ডেটা সেন্টারের জন্য তৈরি, যা বিশাল সব এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার কাজে ব্যবহৃত হয়।

এ শক্তিনির্ভর বিভিন্ন ডেটা সেন্টার সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট থেকে শুরু করে ই কামার্স জায়ান্ট অ্যামাজনের মতো বড় বড় মার্কিন প্রযুক্তি কোম্পানি তৈরি করছে, আর এরাই এসব চিপের মূল ক্রেতা।

যুদ্ধের প্রভাবে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম একশ ডলার ছাড়িয়েছিল। তবে মঙ্গলবার সেই দাম কিছুটা কমেছে।

‘মর্নিংস্টার’-এর ইকুইটি অ্যানালিস্ট জিং জি ইউ বলেছেন, অপরিশোধিত তেলের ওপর যুক্তরাষ্ট্রের ‘অত্যধিক নির্ভরতা’ বিভিন্ন এআই ডেটা সেন্টারের জন্য খরচ অনেক বাড়িয়ে দেবে। কারণ এসব সেন্টার সাধারণ ডেটা সেন্টারের তুলনায় প্রায় তিন থেকে পাঁচ গুণ বিদ্যুৎ খরচ করে।

“বিষয়টি বড় ক্লাউড সেবাদাতা কোম্পানির জন্য মালিকানা বা পরিচালনার মোট খরচ অনেক বাড়িয়ে দিতে পারে, যা এআই অবকাঠামো গ্রহণের ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়াবে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এআই মেমোরি চিপের চাহিদাও কিছুটা কমে যেতে পারে।”

কোরীয় চিপ নির্মাতারা কেন বেশি ক্ষতির মুখে?

বিশ্বে মেমোরি চিপ উৎপাদনের দুটি শীর্ষ কোম্পানি হচ্ছে স্যামসাং ও এসকে হাইনিক্স। স্মার্টফোন বা ল্যাপটপের মতো ইলেকট্রনিক পণ্যের জন্য এসব চিপ গুরুত্বপূর্ণ।

তবে সাম্প্রতিক বছরগুলোতে এআইচালিত বিভিন্ন ডেটা সেন্টারের জন্য এগুলো গুরুত্বপূর্ণ চিপে পরিণত হয়েছে।

‘এইচবিএম’ হচ্ছে এক ধরনের ‘ডায়নামিক র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি’ বা ডির‍্যাম, যেখানে চিপগুলো লম্বালম্বিভাবে সাজানো থাকে, যা এনভিডিয়ার সিস্টেমের প্রধান অংশ। এ ছাড়া অন্যান্য ধরনের মেমোরি চিপও ডেটা সেন্টারগুলোতে ব্যবহৃত হয়।

এআইয়ের বিপুল চাহিদা ও বড় বড় প্রযুক্তি কোম্পানির অবকাঠামো নির্মাণে শত শত কোটি ডলার বিনিয়োগের কারণে বিশ্বের মেমোরি চিপ সরবরাহের সিংহভাগই এখন এসব প্রকল্পে চলে যাচ্ছে। ফলে মেমোরি চিপের সংকট তৈরি হয়েছে এবং এগুলোর দাম অসম্ভবরকম বেড়েছে।

গত ৯ মাস ধরে স্যামসাং ও এসকে হাইনিক্স রেকর্ড মুনাফা করেছে এবং শেয়ার বাজারে তাদের দামও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এআই অবকাঠামো তৈরির ওপর ভিত্তি করেই এই উন্নতি হয়েছে। তবে এখন ক্রমাগত খরচ ও চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা বিচলিত হয়ে পড়েছেন।

‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’-এর গবেষণা পরিচালক এমএস হোয়াং বলেছেন, একটি ডেটা সেন্টারের পরিচালন ব্যয়ের প্রায় অর্ধেক খরচ হয় বিদ্যুৎ খাতে, যার প্রায় অর্ধেক খরচ করে বিভিন্ন মেমোরি চিপ।

“সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার অস্থিরতার কারণে যদি মেমোরির দাম বাড়তে থাকে এবং একইসঙ্গে জ্বালানি খরচও বেড়ে যায় তবে ডেটা সেন্টার চালানো গ্রাহকরা তাদের বিনিয়োগ কমিয়ে দিতে পারে। ফলে চিপের চাহিদাও কমে যাবে।”

‘মর্নিংস্টার’-এর বিশ্লেষক ইউ বলেছেন, স্যামসাং ও এসকে হাইনিক্স উভয়েরই এ বছরের জন্য এইচবিএম সরবরাহের চুক্তি আগে থেকেই করা আছে এবং আপাতত উৎপাদন চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত কাঁচামালও তাদের কাছে মজুদ রয়েছে।

তবে ইউ সতর্ক করে বলেছেন, “যুদ্ধ দীর্ঘায়িত হলে এআই অবকাঠামো নির্মাণের কাজ পিছিয়ে যেতে পারে।”

বিষয়টি সাধারণ ডির‍্যাম পণ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ এগুলোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি থাকে না। ফলে চিপের দাম কমে যেতে ও আয় প্রত্যাশার চেয়ে কম হতে পারে।

“দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে ইউটিলিটি খরচ বাড়ার পাশাপাশি প্রয়োজনীয় উপাদানের অভাবে উৎপাদন সক্ষমতাও কমবে। এর সঙ্গে ডির‍্যাম-এর দাম কমে গেলে কোম্পানিগুলোর বড় মুনাফার যে আশা বাজার করছে তাতে নেতিবাচক প্রভাব পড়বে।”