Published : 04 Sep 2026, 03:06 PM
অ্যাপল ইতিহাসের এক অনন্য দলিল আবারও উঠছে নিলামে। ২০১৩ সালে ৬ লাখ ৭১ হাজার ৪০০ ডলারে বিক্রি হওয়া ঐতিহাসিক ‘হ্যাটফিল্ড’ অ্যাপল-১ কম্পিউটারটি এ শরতেই সম্ভবত নতুন মালিকের হাতে উঠতে যাচ্ছে।
আন্তর্জাতিক নিলামকারী কোম্পানি ‘বোনহাহ্যামস’ ধারণা করছে, এবার কম্পিউটারটি ৫ থেকে ৮ লাখ ডলারে বিক্রি হতে পারে, যা এর খুচরা দাম ৬৬৬.৬৬ ডলারের চেয়ে বহুগুণ বেশি।
বিশেষ এ অ্যাপল-১ কম্পিউটারটির নামকরণ হয়েছে এর প্রথম মালিক ফ্রেড হ্যাটফিল্ডের নামানুসারে। অ্যাপল প্রতিষ্ঠার প্রথম বছরেই কম্পিউটারটি কিনেছিলেন তিনি।
পুরোপুরি সচল যন্ত্রটি ‘অ্যাপল-১ রেজিস্ট্রি’র ৪৮ নম্বরে তালিকাভুক্ত। বিশ্বে বর্তমানে ৭৫টিরও কম অ্যাপল-১ এর অস্তিত্ব রয়েছে, যার মধ্যে সচল কম্পিউটারের সংখ্যা আরও হাতে গোনা।
কম্পিউটারটির মাদারবোর্ডে রয়েছে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও এ কম্পিউটারের নকশাকার স্টিভ ওজনিয়াকের অটোগ্রাফ।
অ্যাপলের প্রথম উন্মোচিত পণ্য
বর্তমান যুগের মানদণ্ডে অ্যাপল-১’কে সাধারণ গ্রাহকবান্ধব পণ্য ভাবা কঠিন। কারণ, তৎকালীন ক্রেতাদের নিজেদের খরচে পাওয়ার সাপ্লাই, কিবোর্ড ও মনিটর সংগ্রহ করতে হত। এতে ছিল কেবল ৪ কেবি র্যাম।
তবে ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে সম্পূর্ণ একত্রিত মাদারবোর্ড ও বিল্ট-ইন ভিডিও আউটপুট সুবিধা থাকা একটি কম্পিউটার ছিল তখনকার বাজারে সবচেয়ে সহজলভ্য সমাধান। ওই সময় কেবল ২০০টির মতো অ্যাপল-১ কম্পিউটার তৈরি হয়েছিল।
বর্তমানে অ্যাপল-১-এর মূল গুরুত্ব এর ঐতিহাসিক তাৎপর্য ও দুষ্প্রাপ্যতায়, বড় কোনো বৈপ্লবিক পণ্য হিসেবে নয়। এর পরবর্তী সংস্করণ ‘অ্যাপল-২’ আসার পরেই অ্যাপল কেবল সৌখিন কম্পিউটারপ্রেমীদের সীমানা ছাড়িয়ে আজকের মতো বিশ্বজোড়া নামী কোম্পানিতে পরিণত হয়েছে।
‘স্টিভেন জবস - ভাইস প্রেসিডেন্ট, অপারেশনস’
অটোগ্রাফ সংবলিত ঐতিহাসিক অ্যাপল-১ কম্পিউটারটির পাশাপাশি সৌভাগ্যবান ক্রেতা পাবেন স্টিভ জবসের নিজ হাতে সই করা বিরল এক চিঠি, যা সংগ্রাহকদের কাছে যেমন মূল্যবান সংগ্রহ, তেমনই এ চিঠি প্রমাণ করে, ১৯৭০-এর দশকে জবস নিজে অ্যাপলের গ্রাহক সেবার বিষয়টিও তদারকি করতেন।
প্রথম প্রজন্মের এ কম্পিউটারে সফটওয়্যারের ঘাটতি নিয়ে ক্ষোভ জানিয়ে অ্যাপল কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছিলেন প্রথম মালিক ফ্রেড হ্যাটফিল্ড।
১৯৭৮ সালের সেই চিঠির জবাবে একটি ‘ট্রেড-ইন’ বা বদলে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন জবস।
চিঠিতে তিনি লিখেছিলেন, “গত ১৬ জানুয়ারির ফোনালাপের সূত্র ধরে এই চিঠি, যার মাধ্যমে আপনাকে অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেটেডের কাছে আপনার অ্যাপল-১ (মেমোরি ছাড়া) ও ৪০০ ডলারের একটি চেক পাঠানোর সুযোগ দেওয়া হচ্ছে। এর বিনিময়ে আপনাকে একটি অ্যাপল-২ ৪কে বোর্ড পাঠানো হবে। আশা করছি, দ্রুতই আপনার সাড়া পাব।”
জবসের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন হ্যাটফিল্ড। পরবর্তীতে তিনি এক সংগ্রাহকের কাছে ৪০ হাজার ডলারে অ্যাপল-১ কম্পিউটারটি বিক্রি করে দেন।
বর্তমান বাজারদরের তুলনায় এ দাম নামমাত্র হলেও সেই অর্থ দিয়ে অন্তত নিউ অরলিন্সে সুস্বাদু রাতের খাবার আর গানের সন্ধ্যায় কাটানো মুহূর্ত উপভোগ করেছিলেন মূল মালিক।
১৪ অক্টোবরের নিলামের আগে অ্যাপল-১ নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করেছে আন্তর্জাতিক নিলামকারী কোম্পানি বোনহ্যামস।
৯ থেকে ১১ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস, ২১ থেকে ২৩ সেপ্টেম্বর বস্টন, ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর স্যান ফ্রান্সিসকো ও সবশেষে অক্টোবরের নিলাম চলাকালে নিউ ইয়র্কে প্রদর্শিত হবে প্রযুক্তি ইতিহাসের এ অনন্য স্মারক।