দরপতন থামছে না পুঁজিবাজারে, লেনদেন বাড়লেও ‘নেই ভারসাম্য’
“আমরা তো বিনিয়োগকারীদের তাড়িয়ে দিয়েছি। ফ্লোর প্রাইস না উঠানো পর্যন্ত বাজার ঠিক হবে না,” বলছেন ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের সভাপতি রিচার্ড ডি রোজারিও।
পুঁজিবাজারে টানা দ্বিতীয় দিন ‘ঢালাও দরপতনে’ বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে কেবল ১৪টির। বিপরীতে দর হারিয়ে লেনদেন শেষ করেছে ১৪২টি কোম্পানি।
১৪১টি কোম্পানি আগের দিনের দরে হাতবদল হয়েছে যেগুলোর প্রায় সবগুলো বেঁধে দেয়া সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইসে রয়েছে। এগুলোর শেয়ারের চাহিদাও নেই সেভাবে।
সব মিলিয়ে লেনদেন হয়েছে ২৯৭টি কোম্পানির। অথচ বাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৯২টি। এর মধ্যে একটির লেনদেন স্থগিত। বাকি ৯৪টি কোম্পানির একটি শেয়ারও হাতবদল হয়নি।
বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আরও ৯ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ৬ হাজার ২১৮ পয়েন্ট, যা গত প্রায় দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। ২৭ কর্মদিবস আগে গত ১২ জানুয়ারি সূচক ছিল ৬ হাজার ২১৫ পয়েন্ট।
আগের দিনও বাজারে ছিল একই চিত্র। সেদিন ১৮টির দর বাড়ার বিপরীতে কমে যায় ১৪৮টির। আর লেনদেন হয়নি ৯৩টি কোম্পানির। সূচক কমে ১৮ পয়েন্ট।
এই দরপতনের দিন একটিই ইতিবাচক প্রবণতা দেখা গেছে আর সেটি হলো লেনদেন। আগের দিন তিন শ কোটি টাকার নিচে নেমে গেলেও সেখান থেকে কিছুটা বেড়ে হাতবদল হয়েছে ৩২৬ কোটি ৭২ লাখ ৬২ হাজার টাকা।
লেনদেন বেড়েছে ৪১ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার টাকা। আগের দিন হাতবদল হয়েছিল ২৮৫ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার, যা ছিল গত ৮ জানুয়ারির পর সর্বনিম্ন।
পুঁজিবাজারের এই চিত্রের জন্য ফ্লোর প্রাইসকে দায়ী বলে মনে করেন ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের সভাপতি রিচার্ড ডি রোজারিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকাল পর্যন্ত টানা সাত দিন লেনদেন কমেছে। শুধু লেনদেন কমা নয়, একটার পর একটা প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে। আমরা তো বিনিয়োগকারীদের তাড়িয়ে দিয়েছি। ফ্লোর প্রাইস না উঠানো পর্যন্ত বাজার ঠিক হবে না। গলা টিপে রেখে বাজারকে স্থিতিশীল রাখা যায় না।”
লেনদেনে ‘ভারসাম্যহীনতা’
এদিন ২৯৭টি কোম্পানিতে যে লেনদেন হয়েছে তার ৫০ দশমিক ৬১ শতাংশই হাতবদল হয়েছে ১০ কোম্পানিতে। এসব কোম্পানিতে হাতবদল হয়েছে ১৬৫ কোটি ৩৭ লাখ ১৪ হাজার টাকা।
এর মধ্যে সবচেয়ে বেশি ৩৮ কোটি ১১ লাখ ৮১ হাজার টাকা হাতবদল হয়েছে শীর্ষে থাকা কোম্পানি জেনেক্স ইনফোসিসে।
অন্য কোম্পানিগুলো হলো বাংলাদেশ শিপিং করপোরেশন, সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট, শাইনপুকুর সিরামিকস, অলিম্পিক, জেমিন সি ফুড, আমরা নেটওয়ার্ক, ওরিয়ন ফার্মা, মুন্নু অ্যাগ্রো, এবং বসুন্ধরা পেপার।
এর মধ্যে দশম স্থানে থাকা বসুন্ধরা পেপারে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৫ লাখ ৬১ হাজার টাকা।
অন্যদিকে লেনদেনের ৬৬ দশমিক ৮৫ শতাংশ হাতবদল হয়েছে শীর্ষ ২০ কোম্পানিতে। এগুলোতে লেনদেন ছিল ২১৮ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার টাকা। অর্থাৎ ২০টি কোম্পানির বাইরে লেনদেন ছিল মোট ১০৮ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকা।
দর বৃদ্ধির সংখ্যা বেশি নয়, হারও কম
সপ্তাহের প্রথম কর্মদিবসের মত দ্বিতীয় দিনও বাজারে লোকসানি কোম্পানির শেয়ারের দৌরাত্ম্য কিছুটা কম দেখা গেছে। যেসব কোম্পানির দর বেড়েছে তার মধ্যে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী লোকসানে আছে কেবল একটি কোম্পানি। আর পাঁচ বছর পর উৎপাদনে ফিরে তিন বছরের স্থগিত আর্থিক প্রতিবেদন প্রকাশের ঘোষণা দেওয়ার পর একটির দর ক্রমাগত বাড়ছে।
যেগুলোর দর বেড়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া গোল্ডেন জুবেলি মিউচুয়াল ফান্ড লভ্যাংশ ঘোষণার পর ৩০ শতাংশ দর হারিয়ে ফেলার পর টানা তিনদিন দরবৃদ্ধির সর্বোচ্চ সীমা পর্যন্ত বেড়ে লেনদেন শেষ করেছে। তবে এর ইউনিটের চাহিদা ছিল কম। ৯.৭৫ শতাংশ দর বৃদ্ধি পাওয়া ইউনিটটিতে লেনদেন হয়েছে ১১ লাখ ২১ হাজার টাকা।
এর বাইরে তিন বছরের আর্থিক প্রতিবেদন একসঙ্গে প্রকাশ করার ঘোষণা দেওয়া এমারেল্ড অয়েলের দর বেড়েছে ৪.৮৩ শতাংশ।
আর দুটি কোম্পানির দর বেড়েছে ২ শতাংশের বেশি, দুটির বেড়েছে এক শতাংশের বেশি। বাকিগুলোর দরে তেমন কোনো হেরফের হয়নি।
শীর্ষ দশে থাকা বাকি কোম্পানিগলো হলো আল আরাফাহ ব্যাংক, বিডিল্যাম্পস, আনলিমা ইয়ার্ন, অলিম্পিক, এপেক্স ফুটওয়্যার, আলহ্বাজ টেক্সটাইল, ওয়ান ব্যাংক ও বাটা শু।
পতনে ক্ষতিগ্রস্ত যেসব কোম্পানির বিনিয়োগকারী
যেসব কোম্পানি দর হারিয়েছে, তুলনামূলকভাবে সেগুলোতে পতনের হার ছিল বেশি।
বীমা খাতের কোম্পানি বিজিআইসি ৯.৭৮ শতাংশ দর হারিয়ে একদিনের দরপতনের সর্বোচ্চ সীমা ছুঁয়েছে।
দ্বিতীয় অবস্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দর হারিয়েছে ৭.৪২ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস দর হারিয়েছে ৪.০৭ শতাংশ।
আরও ৫টি কোম্পানি ৩ শতাংশের বেশি, চারটি কোম্পানি দুই শতাংশের বেশি, ১১টি কোম্পানি ১ থেকে দুই শতাংশের মধ্যে দর হারিয়েছে।
ফ্লোর প্রাইস তুলে দিয়ে দরপতনের সর্বোচ্চ সীমা ১ শতাংশ করে দেওয়া কোম্পানিগুলোর মধ্যে যেগুলোর লেনদেন হয়েছে, তার মধ্যে বেশিরভাগের দরই কমেছে বেঁধে দেওয়া ওই সর্বোচ্চ হারে।
দরপতনের সর্বোচ্চ সীমায় থাকা কোম্পানিগুলোর দর মন্দাবাজারেও গত কয়েক মাসে অনেকটাই বেড়ে গিয়েছিল। এখন পতনের সময় সেগুলোই আরও বেশি দর হারাচ্ছে।
এর মধ্যে সবচেয়ে বেশি দর হারানো বিজিআইসি তার ফ্লোর প্রাইস ৩৮ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ৭৫ টাকা ১০ পয়সায় উঠে গিয়েছিল। এখন নেমে এসেছে ৫৪ টাকা ৪০ পয়সায়।
দ্বিতীয় অবস্থানে থাকা প্রগতি লাইফ ইন্সুরেন্সের দর গত ১ নভেম্বর ছিল ৬৬ টাকা ২০ পয়সা। জানুয়ারির শেষে দর দাঁড়ায় ১৬৯ টাকা ১০ পয়সা। সেটি নেমে এসেছে ১০৭ টাকা ২০ পয়সায়।
একইভাবে জেনেক্স ইনফোসিসের দর ১১৬ টাকা থেকে ৯১ টাকা ৮০ পয়সায়, আইটি কনসালটেন্টের দর ৪০ টাকা ১০ পয়সা থেকে ৩৪ টাকায়, মেট্রো স্পিনিংয়ের দর ৫৪ টাকা ৬০ পয়সা থেকে ৩৬ টাকা ৮০ পয়সায়, সোনালী পেপারের দর হঠাৎ করে ৭০০ টাকা ছাড়িয়ে তিন কর্মদিবসের মধ্যে তার ফ্লোর প্রাইস ৬১৫ টাকা ১০ পয়সায়, নাভানা ফার্মাসিউটিক্যালসের দর ৯০ টাকা ৭০ পয়সা থেকে ৬৯ টাকা ৩০ পয়সায়, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দর ৮২ টাকা ৭০ পয়সা থেকে ৬৬ টাকা ১০ পয়সায়, জেমিনি সি ফুডের দর ৫১৫ টাকা থেকে ৪২৬ টাকা ২০ পয়সায় নামতে সময় নিয়েছে এক সপ্তাহ বা তার চেয়ে কম।
সূচকের পতনে দায় যেসব কোম্পানির
সূচক সবচেয়ে বেশি ১.৮ পয়েন্ট কমিয়েছে সোনালী পেপার। জেনেক্স ইনফোসিসের দরপতনে সূচক কমেছে ১.০৭ পয়েন্ট।
এর বাইরে বিজিআইসির কারণে ০.৭৫ পয়েন্ট, প্রগতি লাইফের কারণে ০.৬৬ পয়েন্ট, নাভানা ফার্মা ও এডিএন টেলিকমের কারণে ০.৬৩ পয়েন্ট করে, কোহিনূর কেমিক্যালসের কারণে ০.৫৮ পয়েন্ট, ইউনিক হোটেলের কারণে ০.৪৯ পয়েন্ট, বাংলাদেশ শিপিং করপোরেশনের কারণে ০.৪৩ পয়েন্ট এবং আইটিসির কারণে ০.৩৯ পয়েন্ট সূচক কমেছে।
সব মিলিয়ে এই ১০টি কোম্পানিই সূচক কমিয়েছে ৭.৪৩ পয়েন্ট।
বিপরীতে আল আরাফাহ ইসলামী ব্যাংক ১.৫১ পয়েন্ট এবং অলিম্পিক সূচকে যোগ করেছে ১.২৭ পয়েন্টে। অন্য কোনো কোম্পানি ১ পয়েন্ট সূচক বাড়াতে পারেনি।
সূচকে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে, এমন কোম্পানির মধ্যে আরও আছে ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, এমারেল্ড অয়েল, বাটা শু, গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড, সি পার্ল হোটেল, ওরিয়ন ফার্মা এবং এপেক্স ফুটওয়্যার।
এসব কোম্পানির অবদান ছিল ০.১৫ থেকে ০.৩৮ পয়েন্ট।
সব মিলিয়ে এই ১০টি কোম্পানি যোগ করতে পেরেছে ৪.৪৮ পয়েন্ট।
কৃত্রিমভাবে দাম ধরে রাখার ‘কুফল’
শেয়ারের দরপতন ঠেকাতে আরোপ করা ফ্লোর প্রাইসের কারণে লেনদেনের খরা তৈরি হয়েছে বলে বিশ্বাস করেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে তিনি বলেন, “৬০ শতাংশ কোম্পানি এবার দেখিয়েছে তাদের আয় খারাপ। তাহলে মার্কেটকে নামতে দিতে হবে না? পেঁয়াজের সরবরাহ যখন বেশি থাকে দাম কমে যায়। যখন সরবরাহ কমে তখন দাম বেড়ে যায়। যদি বলে দেন, এর কমে দিতে পারবে না। সম্ভব?
“যখনই এ ধরনের (ফ্লোর প্রাইস) সিদ্ধান্ত নেয়া হয়েছে, তার বিপরীত প্রতিক্রিয়া খারাপই এসেছে। ঠিক একই কাহিনী। কোম্পানি আয় করেছে খারাপ, আর শেয়ারের দাম আটকিয়ে রেখেছেন। তা কী করে সম্ভব?”
তিনি বলেন, “যতদিন বাজারকে নিজস্ব গতিতে চলতে দেওয়া না হবে, ফ্লোর প্রাইস না ওঠানো হবে ততদিন বাজার ভালো হওয়ার সম্ভাবনা কম। আরও আগে যদি ফ্লোর তোলা হত, তাহলে ক্ষতি কম হত। এখন তুললে যতটুকু ক্ষতি হবে, যত দেরি হবে, ব্লিডিং আরও বেশি হবে।”
