আরও শেয়ার কিনবে জেনারেশন নেক্সটের উদ্যোক্তা
টানা তিন বছর মুনাফা দেখিয়েও লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দেয় কোম্পানিটি। এরপর বিএসইসি পরিচালনা পর্ষদকে তলব করলে গত বছর ১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সটের করপোরেট উদ্যোক্তার পক্ষ থেকে আট দিনের মধ্যে তৃতীয়বারের মত নিজ কোম্পানির শেয়ার কেনার ঘোষণা এসেছে।
আগে দুই দফায় ১০ লাখ করে ২০ লাখ শেয়ার কেনা ‘এ জে করপোরেশন’ আরও ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, করপোরেট উদ্যোক্তা এ কে করপোরেশন লিমিটেড আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পুঁজিবাজার থেকে এই শেয়ার কিনবে।
একই দিন অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই করপোরেট উদ্যোক্তা গত ৮ ও ১৩ ফেব্রুয়ারি ৩০ কর্মদিবসের মধ্যে যে ১০ লাখ করে শেয়ার কেনার ঘোষণা দিয়েছিল, সেটি কেনা হয়ে গেছে এরই মধ্যে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা শেয়ার কেনাবেচা করতে চাইলে পুঁজিবাজারে ঘোষণা দিতে হয়।
২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকে টানা বোনাস লভ্যাংশ এবং ২০১৪ সালে প্রতি তিনটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো কোম্পানিটি ২০১৯ সাল থেকেই কোনো লভ্যাংশ দিচ্ছিল না।
টানা তিন বছর শেয়ার প্রতি এক পয়সা করে মুনাফা দেখিয়েছে কোম্পানিটি। গত জুনে সমাপ্ত অর্থবছরের মুনাফা বিতরণ না করার সিদ্ধান্ত নেয়ার পর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কারণ ব্যাখ্যা করতে বলে।
এরপর ২০২২ সালের ১২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশের সিদ্ধান্ত পাল্টানো হয়। সেদিনের সিদ্ধান্ত অনুযায়ী এরই মধ্যে ১ শতাংশ নগদ, অর্থাৎ শেয়ার প্রতি ১০ পয়সা লভ্যাংশ বিতরণ করা হয়েছে। এরপর এ কোম্পানিকে ‘জেড’ এর বদলে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়।
গত ৩০ জানুয়ারি তারা প্রকাশ করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন। সেখানে জানানো হয় ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি এক পয়সা লোকসান হয়েছিল এ কোম্পানির।
এই আর্থিক প্রতিবেদন প্রকাশের পরের সপ্তাহেই আসে করপোরেট উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা।
৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের এ কোম্পানির পরিশোধিত মূলধন ৪৯৪ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ৪৯ কোটি ৪৯ লাখ ৭৪ হাজার ৫৫৫টি।
এই শেয়ারের কেবল ১৩ দশমিক ৮২ শতাংশ আছে উদ্যোক্তা পরিচালকদের হাতে, যদিও বিএসইসির নির্দেশনা অনুযায়ী মোট শেয়ারের কমপক্ষে ৩০ শতাংশ তাদের হাতে থাকার কথা। পাশাপাশি প্রতিজন উদ্যোক্তা পরিচালকের থাকতে হবে কমপক্ষে ২ শতাংশ শেয়ার। এই হিসাবে একেকজনের কমপক্ষে ৯৮ লাখ ৯৯ হাজার ৪৯১টি শেয়ার থাকার কথা।
এই পরিমাণ শেয়ার কারও নেই জানিয়ে ২০২১ সালের ডিসেম্বরে জেনারেশন নেক্সটের পরিচালনা পর্ষদের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে একটি রিট আবেদন হয়। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি।
তালিকাভুক্তির পরপর কোম্পানির শেয়ারদর ৭০ টাকা ছাড়িয়ে গেলেও ২০২১ সালের মাঝামাঝি সময়ে তা ২ টাকার ঘরে নেমে আসে। এরপর তা এক পর্যায়ে অভিহিত মূল্য ১০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়ে ফের দর হারাতে থাকে।
বর্তমানে কোম্পানির শেয়ারদর ৬ টাকা। গত এক বছরে দর ৫ টাকা ৭০ পয়সা থেকে ৭ টাকা ১০ পয়সা পর্যন্ত ওঠানামা করেছে। গত ছয় মাসে কোম্পানির সর্বোচ্চ দর ছিল ৬ টাকা ৯০ পয়সা।
