২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক বাড়ল আরও

শেয়ার হাতবদল হয় ৯৫১ কোটি ৭৮ লাখ টাকার, যা আগের দিন ছিল ৯৮৬ কোটি ৫৩ লাখ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

দেশের বড় পুঁজিবাজার— ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কয়েক দিন ধরে যে ঊর্ধ্বমুখী প্রবণতা চলছে, তা অব্যাহত রয়েছে। 

বৃহস্পতিবার এ বাজারের প্রধান সূচক— ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯২।

এদিন শেয়ার হাতবদল হয় ৯৫১ কোটি ৭৮ লাখ টাকার, যা আগের দিন ছিল ৯৮৬ কোটি ৫৩ লাখ। 

সপ্তাহের শেষ কার্যদিবসে ব্লক মার্কেটে লেনদেন হয় ১৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার।

এদিন সকালে লেনদেন শুরু হওয়ার ২১ মিনিট পরেই সূচক সংশোধনে চলে যায়। এরপর কেনার চাপ বাড়লে প্রথম ঘণ্টা শেষে হারানো সূচকের সবটাই ফিরে পাওয়ার পাশাপাশি যোগ হয় ৪৭ পয়েন্ট। সূচক দাঁড়ায় ৫ হাজার ৪১১ পয়েন্টে।

এরপর বিক্রির চাপ বাড়লে বেলা সোয়া ১২টায় সূচক আগের দিনের চেয়েও ৩ পয়েন্ট নিচে চলে যায়। এর মধ্যে ব্যাংক খাতের শেয়ার কেনাবেচা বাড়লে সূচক ফের বাড়তে থাকে। 

গত মে মাস থেকে পাঁচশ কোটি টাকার নিচে লেনদেন করা ডিএসইতে গত ৮ জুলাই ৬০০ কোটি টাকার ঘর পার করে। পরের সপ্তাহে ১৬ জুলাই তা ৭০০ কোটি টাকার ঘর অতিক্রম করে। এরপর থেকে বাজার ঊর্ধ্বমুখী রয়েছে।

বৃহস্পতিবার লেনদেনে আসা ৩৯৮টি কোম্পানির মধ্যে দর বাড়ে ১৬১টির, কমে ১৭১টির এবং আগের দরে লেনদেন হয় ৬৬টি কোম্পানির শেয়ার।

ডিএসইর তথ্য অনুযায়ী, প্রথম অবস্থানে থাকা ব্যাংক খাতে হাতবদল হয় ২১৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ২৩০ কোটি ২২ লাখ।

দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে হাতবদল হয় ১২০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। তৃতীয় অবস্থান থাকা বীমা খাতে লেনদেনের পরিমাণ ৭৭ কোটি ৬৮ লাখ টাকা।

দিন শেষে ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে উঠে আসে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

আর দর হারানোর শীর্ষে ছিল হাইডেলবার্গ সিমেন্ট, কেয়া কসমেটিক্স এবং আরএকে সিরামিক।