Published : 18 Dec 2025, 12:54 PM
দেশের পুঁজিবাজারে যে অচলাবস্থা চলছে, তার মাশুল ব্যাংক খাতকে গুনতে হচ্ছে বলে মনে করেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান।
তার কথায়, “ব্যাংক এখন তিন মাস, ছয় মাসের জন্য আমানত পায়; এক বছর, তার বেশি সময়ের জন্য আমানত নাই বললেই চলে।
“এই স্বল্প মেয়াদের আমানত দিয়ে দীর্ঘ মেয়াদে ঋণ দিতে হচ্ছে। পুঁজিবাজার কার্যকর না থাকায় ব্যাংকিং খাতের উপর চাপ বাড়ছে।”
বৃহস্পতিবার ঢাকার পল্টনে ‘ব্যাংকিং সেক্টর রিফর্ম: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন সৈয়দ মাহবুবুর।
তিনি বলেন, “বাণিজ্যিক ব্যাংকের যেসব কাজ করার কথা না, সেসব করে গেছে। বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো বিনিয়োগ করা তিন মাস থেকে ছয় মাসের জন্য।
“ক্যাপিটাল মার্কেট অ্যাক্টিভ না থাকার কারণে আমদের দীর্ঘ মেয়াদি বিনিয়োগে যেতে হয়েছে।”
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশে (এবিবি) ২০১৮-১৯ মেয়াদে চেয়ারম্যান ছিলেন।

তিনি বলেন, ব্যাংক ঋণের ওপর ভর করেই দেশের শিল্পায়ন হয়েছে। খেলাপি ঋণ ২০১৭ সাল থেকে হঠাৎ করে বেড়ে গেছে।
“২০০৮ সালেও খেলাপি ঋণের অবস্থা সন্তোষজনক অবস্থায় ছিল। আট হাজারের মত ছিল খেলাপি ঋণ, তখন সবকিছু ভালো ছিল; কিছু কিছু যে খারাপ ছিল না তা অবশ্য না। ইসলামী ব্যাংক দখল নেওয়ার পরেই ব্যাংকিং সেক্টরের অবস্থা খারাপ হতে শুরু করে। একটা মাফিয়াতন্ত্র শুরু হয়।”
জুলাই গণঅভ্যুত্থানে দেড় দশকের আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকিং খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করেন সৈয়দ মাহবুবুর রহমান।
তিনি বলেন, “রিজার্ভ যেটা কমছিল, সেটা এখন বাড়ছে। এখন সেন্ট্রাল ব্যাংক ডলার বিক্রি করে না, বরং মার্কেট থেকে কিনতেছে। ডলার মার্কেটে যে অস্থিরতা ছিল, সেটা এখন নেই।
“ডলার রেট বাজারভিত্তিক করার পর যে ধারণা ছিল, রেট অনেক দূর চলে যাবে—সেটা হয়নি।”
খেলাপি পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ মন্তব্য করে তিনি বলেন,
“ব্যাংকিং সেক্টরের পরিবর্তন করলে সব ঠিক হয়ে যাবে, তা না; কারণ রাজনৈতিক সদিচ্ছা ছাড়া...
“ব্যাংকিং খাতে চ্যালেঞ্জ হলো খেলাপি ঋণ। ইতোমধ্যে খেলাপি ঋণ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যারা ঋণ নিচ্ছেন, তারা এটা ভাবা বাদ দেন যে টাকা নিলে ফেরত দিতে হবে না।”
মাহবুবুর রহমান বলেন, সরকার ব্যাংক থেকে নিয়মিত ঋণ নিতে থাকলে বেসরকারি খাত সংকুচিত হবে। তার চাপ সব ব্যাংকের উপর পড়বে।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম। ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি ছিলেন গভর্নর আহসান এইচ মনসুর।