২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় পুঁজিবাজারে লেনদেন সাড়ে ৩ ঘণ্টা

সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ পর্যন্ত বিরতিহীন লেনদেন চলবে; এরপর ১০ মিনিট পোস্ট ক্লোজিং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 04:59 PM

Updated : 07 Mar 2024, 04:59 PM

রোজায় দেশের পুঁজিবাজারে লেনদেন এক ঘণ্টা কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করা হয়েছে। এসময় সকাল ১০টা থেকে দুপুর ১.২০টা পর্যন্ত লেনদেন চলবে।

এরপর পোস্ট ক্লোজিং সময় থাকবে ১.২১টা থেকে ১.৩০টা পর্যন্ত- দশ মিনিট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে বাংলাদেশে রোজা শুরু হতে পারে।

আসন্ন রোজায় পুঁজিবাজারের লেনদেন সূচি ঠিক করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দাপ্তরিক কাজে অফিস খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

রমজান মাস এবং ঈদ-উল-ফিতর-এর ছুটির পর ডিএসই অফিস ও লেনদেনসূচি স্বাভাবিক সময়ে ফিরবে।

সাধারণ সময়ে পুঁজিবাজারের লেনদেন চলে সকাল ১০টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন।

আর অফিসসূচি সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

রোজার মাসে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজের জন্য ব্যাংক বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

নিরবচ্ছিন্ন ব্যাংকিং চালানোর নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার এক সার্কুলারে জানিয়েছে, রোজায় সব সরকারি-বেসরকারি ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য বিরতি থাকবে। এই বিরতির সময়ে স্বাভাবিক সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বর্তমানে ব্যাংকের অফিস সূচি হচ্ছে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে লেনদেন চলে সাড়ে তিনটা পর্যন্ত।

এছাড়া এবছর রোজা শুরুর দিন থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

আরও পড়ুন:

পুরনো খবর:

রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
রোজায় ব্যাংক লেনদেন ৯.৩০-২.৩০