অগ্নিকাণ্ডে ক্ষতির কথা ডিএসইকে জানাল গোল্ডেন সন
প্রকৌশল খাতে তালিকাভুক্ত গোল্ডেন সন লিমিটেড তাদের কারাখানায় আগুন লেগে ‘বড় ধরনের ক্ষতি’ হওয়ার কথা ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
বুধবার ডিএসইর ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরও গোল্ডেন সন তাদের কারখানার কার্যক্রম চালু রেখেছে।
গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামে গোল্ডেন সনের কারখানা ও প্রধান কার্যালয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভবনের তিনটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ায় কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল, তৈরি করে রাখা পণ্য পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়নি।
গোল্ডেন সন লিমিটেড গার্মেন্টস এক্সেসরিজ, ফ্যান, খেলনা, স্ক্রু, ঘরে ব্যবহারের হট পটসহ বিভিন্ন পণ্য তৈরি করে।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া গোল্ডেন সন লিমিটেডের শেয়ার লেনদেন হচ্ছে ‘জেড’ ক্যাটাগরিতে।
২০১৬ সালে তারা বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে ৫০ পয়সা লভ্যাংশ দিয়েছিল। এরপর আর লভ্যাংশ দেয়নি। ২০১৯ অর্থবছরে এ কোম্পানি লোকসান করেছে ১৭ কোটি ৩ লাখ টাকা।
পুঁজিবাজারে এ কোম্পানির ১৭ কোটি ১৭ লাখ ২৯ হাজার ৭৭২ টি শেয়ার আছে। এর মধ্যে ৩৮ দশমিক ৯৮ শতাংশ আছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯ দশমিক ৪৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪১ দশমিক ৫৯ শতাংশ শেয়ার আছে।
গোল্ডেন সন লিমিটেডের বর্তমান বাজার মূলধন ১৪৪ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১৭১ কোটি ৭৩ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৮১ কোটি ২১ লাখ টাকা।
