২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটের আগে চাঙ্গা পুঁজিবাজার

বেশ কয়েক দিন মন্দা চললেও বাজেট ঘোষণার আগের দিন দেশের দুই পুঁজিবাজারেই কিছুটা চাঙ্গাভাব দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 05:39 PM

Updated : 11 Oct 2022, 02:04 PM

এদিন মূল্যসূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে বেশ। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরও।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করবেন।

তার আগের দিন বুধবার দুই বাজারেই মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫০৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মঙ্গলবারের চেয়ে ১৮৮ কোটি ৩০ লাখ টাকা বেশি।

মঙ্গলবার এই বাজারে ৩১৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক প্রায় ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে বুধবার ১৭৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে সাত গুণেরও বেশি। মঙ্গলবার এই বাজারে ২৩ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭০৭ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।