হোলসিম কিনে নিতে বিএসইসির অনুমোদনের অপেক্ষায় লাফার্জ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট হোলসিম বাংলাদেশকে কিনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
একই সঙ্গে কোম্পানিটি লাফার্জ-সুরমা সিমেন্ট নামের পরিবর্তে লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড নাম ব্যবহার করতে চায়।
বুধবার ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে বলা হয়, মঙ্গলবার কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ দুইটি বিষয়ে সম্মতিও জানিয়েছে বিনিয়োগকারীরা।
এর আগে হোলসিমের পুরো শেয়ার কিনে নিতে গত বছরের ২ নভেম্বর থেকে আলোচনা শুরু করে লাফার্জ সুরমার পরিচালনা পর্ষদ। পরে ১৫ ডিসেম্বর হোলসিমকে কিনে নেওয়া প্রসঙ্গে ডিএসইতে একটি সংবাদ প্রকাশ করে তারা।
বাংলাদেশে হোলসিমের ১০০ শতাংশ শেয়ারের মালিকানা কিনে নিতে নগদ ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার গুণতে হবে লাফার্জ সুরমা সিমেন্টকে।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯২৮ কোটি টাকা।
এখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
