এমজেএলবিডির শ্রম আইন লঙ্ঘন
পুঁজিবাজারে জ্বালানি-বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ শ্রম আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
এতে বলা হয়, ২০১৩ সালের বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির যে কোনো সময়ের মুনাফার ৫ শতাংশ একটি ওয়াকার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডাব্লিওপিপিএফ) বিতরণ করার কথা থাকলেও তা হয়নি। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণীতে ডাব্লিওপিপিএফ সম্পর্কে কোনো তথ্য দেয়নি।
ওই পাঁচ শতাংশ মুনাফা বাদ হিসাব তৈরি করা হলে গত ১৮ মাসে কোম্পানির নিট মুনাফা ২৩ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার ৮৯৩ টাকা কমে যেত।
নিরীক্ষক প্রতিষ্ঠানের মতে, কোম্পানির আর্থিক প্রতিবেদনে মোটামোটি বিষয়টি যুক্তিসংগতভাবে উপস্থাপন করা হয়েছে। এমজেএলবিডির ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদনে কোম্পানির পারফরমেন্স ও নগদ প্রবাহ ফাইন্যান্সিয়াল রিপোটিং স্ট্যান্ডার্ডস, কোম্পানি আইন ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস মেনেই করা হয়েছে।
