সামিটে একীভূত ৩ কোম্পানির শেয়ার বিও হিসাবে
জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের সঙ্গে তিন কোম্পানির একীভূতকরণ শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
সিডিবিএলের মাধ্যমে সামিট পূর্বাঞ্চল পাওয়ার, সামিট উত্তরাঞ্চল পাওয়ার এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেডের একীভূতকরণ শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।
সামিট পূর্বাঞ্চলের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৩০৯টি শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা। সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানির একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৬৬৮টি এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ারের একটি শেয়ারের বিপরীতে ১ দশমিক ৪৭৫টি শেয়ার দেওয়া হয়।
