কারসাজি ‘একেবারে বন্ধ করা সম্ভব নয়’, বললেন বিএসইসি কর্মকর্তা
“কারসাজির এক পথ বন্ধ করলে আরও নতুন নতুন কৌশল বের করে কারসাজি করে তারা”, বললেন বিএসইসি নির্বাহী পরিচালক সাইফুর রহমান
পুঁজিবাজারে ‘কারসাজি’ সারাবিশ্বেই হয় দাবি করে নিয়ন্ত্রক সংস্থার নির্বাহী পরিচালক সাইফুর রহমান দাবি করেছেন, এই ‘কারসাজি’ একেবারে বন্ধ করা সম্ভব নয়।
তার দাবি, কারসাজির একটি পথ বন্ধ করলে নতুন নতুন পথ বের করে ফেলে এর সঙ্গে জড়িতরা।
বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নিয়ে ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলনের কথা জানাতে সোমবার ডাকা সংবাদ সম্মেলনে এমন কথা বললেন সাইফুর। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে হয় এই আয়োজন।
বাংলাদেশে প্রায়ই পুঁজিবাজারে কারসাজির অভিযোগ উঠে। ‘প্রমাণ’ পেয়ে বিএসইসি নানা সময় জরিমানাও করেছে। এর মধ্যে গত এক বছরে সবচেয়ে বেশিবার ব্যবস্থা নেওয়া হয়েছে আলোচিত একজন বিনিয়োগকারী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত এক বছরে আটবারে তাদেরকে ১৪ কোটি ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সাতটি ঘটনায় কারসাজি করে ১৮৭ কোটি টাকা আয়ের প্রমাণ পাওয়ার বিষয়টি উঠে এসেছে বিএসইসিরই তদন্তে। সবশেষ আরেকটি ঘটনায় মোট কত টাকা আয় হয়েছে, সেই বিষয়টি প্রকাশ করা হয়নি।
সাইফুরের কাছে সাংবাদিকরা জানতে চান, কারসাজি কেন ঠেকানো যাচ্ছে না। জবাবে তিনি বলেন, “গোটা বিশ্বে শেয়ারবাজারে ম্যানুপুলেশন (কারসাজি) হয়, কারসাজি একেবারে বন্ধ হবে সেটা বলা যাবে না। কারণ, কারসাজির এক পথ বন্ধ করলে আরও নতুন নতুন কৌশল বের করে কারসাজি করে তারা।”
তাহলে কি কিছুই করার নেই?- উত্তরে তিনি বলেন, “নতুন নতুন কৌশলে কারসাজি চক্রটি ধরতেই অটোমেশন করা হচ্ছে, যাতে কারসাজির শুরুতে তাদের চিহ্নিত করা যায়, আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি দেওয়া যায়।
কারসাজি করে দুইশ কোটি টাকা আয় করলে ১৪ কোটি টাকা জরিমানা দিতে কে অখুশি হবে না? এমন প্রশ্নে সাইফুর বলেন, “গত দুই বছরে যতগুলো এনফোর্সমেন্ট অ্যাকশন হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে দেখা যাবে আমরা লিডিং পজিশনে আছি। বিগত দিনে অনেক জরিমানা করা হয়েছে।
“এনফোর্সমেন্ট বিভাগ কারসাজি চক্রকে শাস্তি দিচ্ছে। তাদের শাস্তি যেন আরও বেশি হয় সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। ট্রাইব্যুনালে মামলা করা হচ্ছে, আইনকে আরও পুঁজিবাজার উপযোগী করা হচ্ছে।”
বেশ কিছু সিকিউরিটিজ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়টি নিয়েও বিএসইসির দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা কী ছিল- জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘‘আমরা বিনিয়োগকারীতের হিসাব নিয়মিত পর্যবেক্ষণ করছি। আশা করছি, হিসাব সংরক্ষণ ব্যবস্থা ‘অটোমেশন’ এর কাজটি শেষ হলে- এসব সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।
“সামনে যাতে এমন ঘটনা না হয়, সেজন্য কাজ করছে কমিশন। যারা টাকা হারিয়েছেন- তারা ধারাবাহিকভাবে তা ফেরত পাবেন, একটু সময় লাগবে।”
নিয়ম ভাঙাসহ অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তাদের নাম প্রকাশ কেন করা হচ্ছে না- জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, ‘‘যারা অনিয়ম করছে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু সিদ্ধান্ত বিভিন্ন কারণে প্রকাশ করা হয় না।’’
আইএসকোর সম্মেলন ঘিরে ‘উচ্চাশা’
পুঁজিবাজারে ক্রমাগত দরপতনের মধ্যে আগামী বুধবার ঢাকায় দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন্স বা আইএসকোর এশিয়া প্যাসিফিক রেজিওনাল কমিটির সম্মেলন হতে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ঢাকার বনানীর শেরাটন হোটেলে দুই দিনের আয়োজনটি উদ্বোধন করবেন বিএসইসি চেয়ারম্যান ও এপিআরসি এর ভাইস-চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
পরদিন শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের।
বিএসইসি বলছে, এই সভা পুঁজিবাজারে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লিখিত বক্তব্যে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, ‘‘নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানে তৃতীয় পক্ষের সেবা গ্রহণের সমস্যা ও সমাধান, বিনিয়োগকারীর সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মানের প্রভাব, ভুয়া গ্রাহক হিসাব খুলে এর মাধ্যমে বাজার কারসাজি ও ইনসাইডার ট্রেডিং কারীদের খুঁজে বের করার কৌশল নিয়েও সদস্য দেশগুলো অভিজ্ঞতা বিনিময় করবে।”
সম্মেলনে বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগ আচরণ, নিয়ন্ত্রক প্রযুক্তি, অনলাইনে ব্রোকারেজ ও পরামর্শ পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের তত্ত্বাবধান সংক্রান্ত ইস্যুতে আলোচনা হবে বলেও লিখিত বক্তব্যে তুলে ধরা হয়।
আন্তর্জাতিক পর্যায়ের সভাটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ায় দেশের পুঁজিবাজার সম্পর্কে বিদেশিদের আরও জানার সুযোগ হবে বলে মনে করছে বিএসইসি।
১৯৮৩ সালে প্রতিষ্ঠা আন্তর্জাতিক এ সংগঠনটির বাংলাদেশ ২০১৩ সালে সদস্য হয়, বর্তমান যার সদস্য সংখ্যা ২৩৩।
সংগঠনটির চারটি আঞ্চলিক কমিটির মধ্যে এপিআরসি অন্যতম। বর্তমানে ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২১ টি দেশ এ আঞ্চলিক কমিটির সদস্য।
২০২২ সালের অক্টোবর মাসে বাংলাদেশ এপিআরসি এর ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণ করে।
