২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সূচকের সঙ্গে লেনদেনও কমছে পুঁজিবাজারে

ঢাকার বাজারে লেনদেন কমে হয়েছে ৩০২ কোটি টাকা, যা প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2024, 04:37 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

গত সপ্তাহের শেষ দিনের মত নতুন সপ্তাহের শুরুর দিনও সূচক ও লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। 

রোববার সূচকের ঘরে ৫ হাজার ১৯৭ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু হয়েছিল ডিএসইতে। সারাদিনে ৫১ পয়েন্ট হারিয়ে লেনদেন শেষে সূচকে ছিল ৫ হাজার ১৪৬ পয়েন্টে। 

তাতে দুই দিনে ডিএসই সূচক কমল মোট ৯৯ পয়েন্ট। এ দিন লেনদেনে অংশ নেওয়া ১১০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ২২৮টির কমেছে, আগের দিনের দরে লেনদেন হয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের। 

রোববার এ বাজারে লেনদেন কমে হয়েছে ৩০২ কোটি টাকা, যা প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২৭ অক্টোবর ডিএসইতে ৩০৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। 

সূচকের সঙ্গে লেনদেন কমে যাওয়াকে বাজারের জন্য ‘ভালো সংকেত’ মনে করছেন না ডিএসই স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) সাবেক সভাপতি রিচার্ড ডি রোজারিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ব্যাংকের সুদ হার বেড়ে গেছে। এটা অর্থনীতির জন্য কতটুকু ভালো হবে তা বুঝতে সময় লাগবে। পুঁজিবাজারে তারল্য প্রবাহ কমে যেতে পারে অর্থনীতির গতিশীলতা না বাড়লে। দ্রুত তারল্য বাড়ানো প্রয়োজন। সেটা প্রকাশ্যে বা গোপনে যেভাবেই হোক।”

রোববার ব্যাংক, বীমা, প্রকৌশল, বস্ত্র খাতের শেয়ারের লেনদেনে ছিল মিশ্র ধারা। অন্যান্য খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম কমে যাওয়ায় পতন ঘটে সূচকের।

দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে সবচেয়ে বেশি দাম বেড়েছে ডরিন পাওয়ার, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যনাস মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, জেনেক্স ইনফোসিস ও আলহাজ টেক্সটাইলের শেয়ারের।

অন্যদিকে সবচেয়ে বেশি দর হারিয়েছে এনার্জি প্যাক, গ্লোবাল হেভি কেমিকেলস, এসকোয়ার টেক্সটাইল, ফিনিক্স ফাইন্যান্স ও বিডিওয়েল্ডিং।