২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিন পর সূচক বাড়লেও ‘হতাশার বৃত্তেই’ পুঁজিবাজার

১০৬টির শেয়ারের কোনো ক্রেতাই ছিল না। ৯৯ টি কোম্পানি মিলিয়ে হাতবদল হয়েছে কেবল ১৭ হাজার ৫১৭টি শেয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 04:22 PM

Updated : 10 Oct 2023, 07:03 PM

অর্থনীতি ও রাজনীতি নিয়ে উদ্বেগের মধ্যে তিন কর্মদিবস পর সূচক বাড়ল পুঁজিবাজারে, কিন্তু বিনিয়োগকারীদের দীর্ঘ হতাশা দূর হওয়ার লক্ষণও দেখা যায়নি।

ফ্লোর প্রাইস বা বেঁধে দেওয়া সর্বনিম্ন দরে হাজার হাজার বিনিয়োগকারী প্রতিদিনই কোটি কোটি শেয়ার বিক্রির ঘরে বসিয়ে রাখছেন, কিন্তু ক্রেতার দেখা মিলছে না। তাদের সবার টাকা আটকে গেছে।

মার্জিন ঋণ নিয়ে শেয়ার কিনেছিলেন যেসব বিনিয়োগকারী, তারা এক বছরেরও বেশি সময় ধরে শেয়ার বিক্রি করতে পারছেন না, কিন্তৃ ঋণের সুদ ঠিকই বহন করতে হচ্ছে।

ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারী থেকে শুরু করে বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী-সবারই একই চিত্র।

মঙ্গলবারও দর পতনের তুলনায় দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা অনেক বেশি হলেও ফ্লোর প্রাইসে আটকে থাকা কোম্পানির সংখ্যাই সবচেয়ে বেশি।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ১৭ পয়েন্ট বাড়লেও লেনদেন আগের দিনের তুলনায় ৫৩ পয়েন্ট কমে আবার নেমেছে চারশ কোটির নিচে।

বেশিরভাগ কোম্পানির লেনদেন ‘নামে’

ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১০৬টির শেয়ারের কোনো ক্রেতাই ছিল না।

বাকি কোম্পানিগুলোর মধ্যে ১১ কোম্পানির ১টি, ১৮ কোম্পানির ২ থেকে ১০টি শেয়ার, ৩০টি কোম্পানির ১১ থেকে ১০০টি শেয়ার, ৪০টি কোম্পানির ১১০ থেকে এক হাজারটি শেয়ার হাতবদল হয়েছে। এই ৯৯টি কোম্পানির কেবল ১৭ হাজার ৫১৭টি শেয়ার লেনদেন হয়েছে সারা দিনে।

আরও ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১ হাজার ৩০ থেকে সর্বোচ্চ ১০ হাজারটি। এই সবগুলো কোম্পানি মিলিয়ে লেনদেন হয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৯৮টি।

মোট ২৮৩টি কোম্পানি হাতবদল হলেও বলার মতো লেনদেন হয়েছে কেবল ৮৩টির। এগুলোর এক লাখের বেশি শেয়ার হাতবদল হয়েছে। আর ১০ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে সব মিলিয়ে ১৪২টি কোম্পানির।

যেসব কোম্পানির কমপক্ষে এক লাখ শেয়ার হাতবদল হয়েছে, সেগুলোর আরও লাখ লাখ শেয়ার বিক্রির জন্য বসানো ছিল। কিন্তু ক্রেতার ঘর ছিল ফাঁকা।

সব মিলিয়ে এদিন দর বেড়েছে ১২৪টি কোম্পানির, বিপরীতে দর হারিয়েছে ১৮টি। সবচেয়ে বেশি ১৪১টি কোম্পানি আগের দিনের দরে ফ্লোর প্রাইসে হাতবদল হয়েছে।

শেয়ারদর বৃদ্ধির এই দিনটিতে লেনদেন কমে গেছে।

দিনভর হাতবদল হয়েছে ৩৭২ কোটি ৪০ লাখ ৩৪ হাজার টাকা, যা আগের দিন ছিল ৪২৬ কোটি ১০ লাখ ১২ হাজার টাকা।

চাঙ্গা পুঁজিবাজারে দুটি বা তিনটি কোম্পানিতেই এর চেয়ে বেশি লেনদেন দেখা গেছে।  

আবার যে লেনদেন হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকা ২০টি কোম্পানিতেই লেনদেন হয়েছে ১৭১ কোটি টাকার বেশি।

বীমা খাতের ইউটার্ন

বৃহস্পতিবার এক পয়েন্টের পর রোববার ২৪ আর সোমবার ৭ পয়েন্ট পতনের পর সূচকের এই ঘুরে দাঁড়ানোর পেছনে লাফার্জ হোলসিম ও সি পার্ল বিচ রিসোর্টের পাশাপাশি ভূমিকা ছিল সাধারণ বীমা খাতের কোম্পানিগুলোর।

বড় মুলধনী কোম্পানি লাফার্জের শেয়ারদের ১.২৯ শতাংশ বৃদ্ধির কারণে সূচকে যোগ হয়েছে ২.৩০ পয়েন্ট, সি পার্লের দর ৪.৩৭ শতাংশ বাড়ায় সূচক বেড়েছে ১.৯২ পয়েন্ট।

আগের তিন কর্মদিবসে টানা দর কমে ফ্লোর প্রাইসের দিকে আসতে থাকা সাধারণ বীমা খাতের কোম্পানিগুলোই ছিল দর বৃদ্ধির শীর্ষে।

সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া ১০টি কোম্পানির মধ্যে পাঁচটিই আর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ২০টি কোম্পানির মধ্যে ১২টিই এক খাতের।

এর মধ্যে সাধারণ বীমার তিনটি কোম্পানির শেয়ারদর ৯ শতাংশের বেশি, একটি করে কোম্পানির যথাক্রমে ৮, ৬ ও ৫ শতাংশের বেশি, আটটি কোম্পানি চার শতাংশ বা তার চেয়ে বেশি, ১৪টি কোম্পানির তিন শতাংশের বেশি, সাতটি কোম্পানির দর বেড়েছে ২ শতাংশের বেশি।

এই খাতের ৪২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪১টির, একটি ছিল আগের দিনের দরে।

লেনদেনেও সাধারণ বীমা খাতের প্রাধান্য দেখা গেছে। মোট লেনদেনের প্রায় ৩০ শতাংশই হয়েছে সাধারণ বীমা খাতে।

খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিগুলোর বেশ ভালো করেছে। ২১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০টির, দর হারিয়েছে পাঁচটি, চারটি আগের দিনের দরে আর দুটির লেনদেন হয়নি। মোট লেনদেনের ১৫ শতাংশের বেশি ছিল এই খাতে।