২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংক: শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা ও পর্ষদ ভেঙ্গে দেওয়ার আবেদন

“ব্যাংকের মোট শেয়ারের প্রায় ৮২ শতাংশ নিজেদের মধ্যে (এসআলম)  কুক্ষিগত করেছে” বলে অভিযোগ করা হয় এক আবেদনে।

শেখ আবু তালেব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 01:37 AM

Updated : 26 Aug 2026, 10:17 AM

ক্ষমতার হাতবদল হতে না হতেই ব্যাংক খাতে আলোচনায় আসা ইসলামী ব্যাংকের মালিকানায় থাকা এস আলমের শেয়ার কেনাবেচায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে; পাশাপাশি পর্ষদ ভেঙে দেওয়ার আবেদনও করা হয়েছে।

আর্থিক খাতের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জমা দিয়েছে দুটি দল।

রোববার নতুন গভর্নর আহসান এইচ মনসুর বরাবর ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার জন্য আবেদন করেন ব্যাংকটির কিছু গ্রাহক।

শেয়ার কেনাবেচা বন্ধের দাবির বিষয়ে বিএসইসি মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমরা আবেদন ও তার সঙ্গে দেয়া তথ্য যাচাই-বাছাই করে দেখব। আইন অনুযায়ী, তথ্যর প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে।’’

তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ার লেনদেনের নিষেধাজ্ঞারি বিষয়ে বিএসইসির নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করে সিডিবিএল ও ডিএসই।

এ বিষয়ে ডিএসইর চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আবেদনের একটি কপি ডিএসইর সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। তালিকাভুক্ত হওয়ায় আমরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করব ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএসই।’’

দুই আবেদন

রাজধানীর বিভিন্ন শাখার গ্রাহক পরিচয় দিয়ে ৮১ জনের স্বাক্ষর সম্বলিত আবেদনটি জমা দিয়েছেন সৈয়দ মেজবাহ উদ্দীন মাহীন। 

সেখানে অভিযোগ করা হয়, ‘‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক। আড়াই কোটি গ্রাহকের এ ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস ও কতিপয় অসাধু কর্মকর্তার কূটকৌশলে ব্যাংকের তহবিল পাচার এবং লুটপাটের ভয়ংকর চিত্র বিভিন্ন সময় অসংখ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।”

এমন প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের হারানো গৌরব পুনরুদ্ধার, ব্যাংকের সব শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা এবং আস্থা ফেরাতে বর্তমান ‘দুর্নীতিগ্রস্ত পরিচালনা পর্ষদ’ ভেঙ্গে দেওয়া জরুরি বলে তুলে ধরা হয় আবেদনে।

ফাইল ছবি

ফাইল ছবি

তৈরি পোশাক খাতের উদ্যোক্তা সৈয়দ মেজবাহ অভিযোগ করে বলেন, ‘‘আমি প্রবাস থেকে এসে ১৯৯৪ সাল থেকে ব্যাংকটিতে আমার সব ধরনের হিসাব পরিচালনা করছি। আমি ব্যাংকটিতে টাকা রাখলেও কখনই ঋণ নেইনি। এক সময়ে ভালো মানের ব্যাংকটি এখন লুটেরা, অর্থ আত্মসাতাকরীরা চালাচ্ছে। এতোদিন তা সহ্য করে আসছিলাম। এখন এইসব লুটেরাদের সড়াতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছি, বোর্ড ভেঙে দিতে।’’

তার মতে, ব্যাংকটিতে নীতিবান ব্যক্তিদের দায়িত্ব দিলে আবার ঘুড়ে দাঁড়াতে পারবে।

অন্যদিকে অস্থির পরিবেশে শেয়ার বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে যাওয়া ঠেকাতে সব ধরনের শেয়ার কেনাবেচার উপর নিষেধাজ্ঞা চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যানের কাছে আবেদন করেছে আরেকটি দল।

সেই চিঠিতে অভিযোগ করা হয়, “বিগত বছরগুলোতে দেশের ব্যাংকিং সেক্টর এক বিশেষ অবস্থার মধ্য দিয়ে তার কার্যক্রম চালিয়ে নিয়েছে। এস আলম গ্রুপ দেশের প্রচলিত আইন কানুনকে অত্যন্ত সুকৌশলে পাশ কাটিয়ে বিভিন্ন অবৈধ পন্থা ও প্রভাবের মাধ্যমে ব্যাংক থেকে বিনিয়োগ/(ঋণ) সৃষ্টির মাধ্যমে সেই অর্থ দিয়ে দেশ এবং বিদেশের একাধিক কোম্পানির মাধ্যমে শেয়ার ক্রয় দেখিয়ে ব্যাংকের মালিকানা নিজেদের কাছে নিয়ে নেয়।

‘‘একই প্রক্রিয়ায় ব্যাংকের দীর্ঘদিনের শেয়ার হোল্ডারদের তাদের ধারণকৃত শেয়ারসমূহ বিক্রি করতে বাধ্য করার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মত রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ব্যাংকের মোট শেয়ারের প্রায় ৮২ শতাংশ নিজেদের মধ্যে কুক্ষিগত করে নেয়।’’

ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও আবেদনকারী তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, নামে বেনামে অনেক শেয়ার কিনেছে এস আলম গ্রুপ। এসব প্রতিষ্ঠানের দখলে ইসলামী ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার চলে গেছে। এখন সেই শেয়ার পছন্দ মত লোকজনের কাছে বিক্রি করে ব্যাংকে প্রভাব রাখতে চায়।’’

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গুলিতে আহত একজন। ফাইল ছবি

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গুলিতে আহত একজন। ফাইল ছবি

তিনি বলেন, ‘‘আমরা চাই ব্যাংকটি এস আলম মুক্ত হোক। এক সময়ে ৭০ শতাংশ শেয়ারই বিদেশিদের ছিল। এখন তা নেই। ব্যাংকের টাকা ঋণ নিয়ে সেই টাকা দিয়ে ভুয়া কোম্পানির নামেই ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছে। ঋণ কেলেঙ্কারি ও নিজেদের লোক বসিয়ে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। আমরা তালিকা দিয়েছি, বিএসইসির কাছে আবেদন করেছি শেয়ার বিক্রি বন্ধ করতে।’’

বিএসইসিতে জমা পড়া আবেদনের সঙ্গে দেওয়া তালিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার কিনেছে এমন ২৪ প্রতিষ্ঠান ও ব্যক্তির তথ্য রয়েছে, যার মধ্যে ১৩ ব্যক্তি ও ১১ প্রতিষ্ঠান।

এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে গত ১১ অগাস্ট পর্যন্ত ব্যাংকটির ১৩১ কোটি ৮৯ লাখ ১২ হাজারের বেশি শেয়ার রয়েছে বলে দাবি করা হয়।

এ পরিমাণ শেয়ার ইসলামী ব্যাংকের মোট শেয়ারের ৮১ দশমিক ৯২ শতাংশ। সবশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকটির মোট শেয়ারের সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি।

আবেদনকারীরা দাবি করেছেন, এই ২৪ ব্যক্তি ও কোম্পানির সবাই পরোক্ষভাবে এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত।

ইসলামী ব্যাংকের হালচাল

দেশে শরীয়াহভিত্তিক প্রথম ব্যাংক হিসেবে ১৯৮৩ সালে চালু হওয়া ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৫ সালে।

একক ব্যাংক হিসেবে দেশের ব্যাংক খাতের মোট  আমানতের ২৫ শতাংশ ও বিনিয়োগের উল্লেখযোগ্য অংশে দীর্ঘদিন থেকে ভূমিকা রাখা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে মোট প্রবাসী আয়ের ৩০ শতাংশ দেশে আসে।

সবশেষ গত জুলাই শেষে ব্যাংকটির মোট শেয়ারের ৩৫ দশমিক ৬৮ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৪৩ দশমিক ২২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারিদের কাছে ১২ দশমিক ৯৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারিদের হাতে রয়েছে ৮ দশমিক ১৪ শতাংশ শেয়ার।

তবে ২০১৭ সালে এস আলম গ্রুপ মালিকানায় আসার পর থেকে ব্যাংকটিতে নানা পরিবর্তন দেখা দেয়, যেটির প্রভাব পড়ে ব্যাংকিং কার‌্যক্রমে। এমনকি তারল্য সংকটও দেখা দেয়।

পুঁজিবাজার থেকে শেয়ার কিনে এবং ‘জোরজবরদস্তি করে’ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটিতে সংস্কারের হাত দেওয়ার কথা আলোচনা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে প্রথমে পুঁজিবাজার থেকে শেয়ার কিনে পর্ষদে আসে এস আলম গ্রুপ। এ ব্যবসায়িক গোষ্ঠী নিয়ন্ত্রণ নেওয়ার আগে ব্যাংকে বিদেশিদের শেয়ার ছিল ৫২ শতাংশের মত, যা এখন ১৩ শতাংশে নেমে এসেছে।

ধীরে ধীরে শেয়ার ছেড়ে দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি), দুবাই ইসলামী ব্যাংক, আল-রাজি গ্রুপ, কুয়েতের সরকারি ব্যাংক কুয়েত ফাইন্যান্স হাউস, সৌদি কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড টুরিস্ট এজেন্সিসহ বেশির ভাগ উদ্যোক্তা ও সাধারণ শেয়ারধারী প্রতিষ্ঠান। ধারণা করা হয় এসব শেয়ার কিনেছে এস আলম গ্রুপ।

ছাত্র-জনতা গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে ব্যাংক খাতে পালাবদলের মধ্যে সবার আগে ইসলামী ব্যাংককে এস আলমের ’দখল মুক্ত’ করতে আন্দোলন শুরু হয়। সরকার পতনের পরপরই ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে গত ১১ অগাস্ট এক পক্ষ গুলি ছুড়লে ৬ জন আহত হয়।

আরও পড়ুন:

ইসলামী ব্যাংক: খাতুনগঞ্জ শাখাতেই এস আলমের ঋণ ৬৭ হাজার কোটি টাকা

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে হামলা, গুলিতে আহত ৬

'২০১৭ এর পর নিয়োগ পাওয়াদের ইসলামী ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না'