পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি ছুঁই ছুঁই
শেয়ার হাতবদল হয় ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকার, যা আগের দিন ছিল ৭২২ কোটি ২৯ লাখ টাকা। তার আগের দিন হাতবদল হয় ৮৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।
ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকা দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
বুধবার প্রধান সূচক—ডিএসইএক্স বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৩, যা আগের দিনের চেয়ে ৯৩ পয়েন্ট বেশি।
এদিন শেয়ার হাতবদল হয় ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকার, যা আগের দিন ছিল ৭২২ কোটি ২৯ লাখ টাকা। তার আগের দিন, অর্থাৎ সোমবার হাতবদল হয় ৮৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।
এর আগে ডিএসইতে এর কাছাকাছি লেনদেন হয় গত বছরের ২ সেপ্টেম্বর। সেদিন ডিএসইতে এক হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
গত জুনের শেষ দিক থেকে সূচক ও লেনদেন বাড়তে থাকা ডিএসইতে আগের দিন শেয়ার হাতবদল হয় ৭২২ কোটি ২৯ লাখ টাকার। তার আগের দিন অর্থাৎ গত সোমবার লেনদেন হয় ৮৬০ কোটি ৭০ লাখ টাকার।
দীর্ঘ পতনের পরে লেনদেন ও সূচকে এমন ঊর্ধ্বমুখী প্রবণতা প্রত্যাশিত ছিল বলে মনে করেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘এটা প্রত্যাশিত ছিল, এর সলিড গ্রাউন্ড আছে। এখন বাজারকে স্থায়ী করতে হবে, এটা টেকসই করতে বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করতে হবে বিনিয়োগকারীদের। কারণ দিন শেষে সব লাভ-লোকসানেরে দায় বিনিয়োগকারীদের ভোগ করতে হয়।’’
নিয়ন্ত্রক সংস্থাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, তাদেরকে এখন নজরদারি বাড়াতে হবে। নতুন কোম্পানিকে বাজারে আনার এটাই উপযুক্ত সময়।
মে মাস থেকে পাঁচশ কোটির নিচে লেনদেন করা ডিএসই গত ৮ জুলাই ৬০০ কোটি টাকার ঘর পার করে। পরের সপ্তাহে ১৬ জুলাই তা ৭০০ কোটি টাকা ছাড়িয়ে যায়।
বুধবার বাজার মূলধনও বেড়ে হয় সাত লাখ ৮ হাজার ৩৪৮ কোটি টাকা। আগের দিন যা ছিল সাত লাখ ২ হাজার ৮৯৮ কোটি ৭৭ লাখ টাকা। একদিনেই বেড়েছে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা। গত এক মাসে বাজার মূলধন বৃদ্ধি পায় প্রায় ৬০ হাজার কোটি টাকা।
কোভিড মহামারীর পর বাজারে পতন শুরু হলে ২০২২ সালের প্রায় পুরোটা সময় মূলধন চলে যায় ৫ লাখ কোটি টাকার নিচে।
অর্থনীতি পুনরুদ্ধার শুরু হলে ফ্লোর প্রাইস দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপের পর সূচকের পতন কিছুটা থামে। ২০২২ সালের অক্টোবরে বাজার মূলধন ছিল সাত লাখ কোটির ঘরে।
ফ্লোর প্রাইস থাকায় বাজার মূলধনে খুব একটা অবনমন হয়নি পরের বছরও। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে ১ জানুয়ারি সর্বোচ্চ বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।
নির্বাচনের পরে ফ্লোর প্রাইস তুলে নিতে শুরু করলে বাজার মূলধনও কমতে থাকে। তবে গত বছরের অগাস্ট পর্যন্ত তা সাত লাখ কোটি টাকার আশপাশেই ছিল।
ওই মাসের ১৮ তারিখের পর বাজার মূলধন সাত লাখ কোটি টাকার নিচে নামলেও পরের মাসে সাত লাখ কোটি টাকায় ওঠে।
২ সেপ্টেম্বর লেনদেন উঠে যায় হাজার কোটি টাকার ঘরে। এরপর দীর্ঘ সময় লেনদেন কমার সঙ্গে সঙ্গে বাজার মূলধন সাত লাখ কোটি টাকার নিচে নেমে যায়। মাঝে মাঝে লেনদেন সামান্য বাড়লেও তা টেকসই হয়নি।
বুধবার লেনদেনে আসা ৩৯৯টি কোম্পানির মধ্যে দর বাড়ে ২১৮টির, কমে ১০২টির আর আগের দরে লেনদেন হয় ৭৯টি কোম্পানির শেয়ার।
ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনে প্রথম অবস্থানে উঠে আসা ব্যাংক খাত ২৩০ কোটি ২২ লাখ টাকার লেনদেন করে। সাধারণত ব্যাংক খাতের শেয়ার হাতবদল হয় ৬০ থেকে ৭০ কোটি টাকার।
দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে হাতবদল হয় ১৩৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ১১৪ কোটি ১১ লাখ টাকা।
তৃতীয় অবস্থান থেকে প্রকৌশল খাতের কোম্পানিগুলো লেনদেন করে ৯৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার।
এদিন দর বৃদ্ধির তালিকায় শীর্ষ তিন কোম্পানি হলো কপারটেক ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া ও মিউচুয়াল ট্রাস্ট।
সবচেয়ে বেশি দর হারায় সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১, দুলামিয়া কটন ও দেশ গার্মেন্টস।
