১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘মিথ্যা তথ্য’: খান ব্রাদার্সের চেয়ারম্যান-এমডিসহ ৭ জনকে জরিমানা

ঘোষিত লভ্যাংশ না দেওয়ায় অর্থদণ্ডের মুখে পড়েছে জেনেক্স ইনফোসিস ও অফতাব অটোস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 12:10 AM

Updated : 26 Aug 2026, 03:39 PM

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সাতজনকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানির আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য দেওয়ায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

অর্থদণ্ডের মুখে পড়ে সাতজন হলেন— কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তোফায়েল কবির খান, তিন পরিচালক রুহুল কবির খান, হযরত আলী ও জারিন কবির খান এবং প্রধান অর্থ কর্মকর্তা আজিজুল জব্বার ও কোম্পানি সচিব তপন কুমার।

এদের মধ্যে প্রথম পাঁচজনকে দিতে হবে ২৫ লাখ টাকা করে। প্রধান অর্থ কর্মকর্তার ১০ লাখ আর কোম্পানি সচিবের জরিমানা হয়েছে ৫ লাখ টাকা।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের ১০১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এদিকে ঘোষিত লভ্যাংশ না দেওয়ায় জেনেক্স ইনফোসিস ও অফতাব অটোসকে জরিমানা করেছে বিএসইসি। 

এরমধ্যে জেনেক্স ইনফোসিসের পরিচালক ও কর্মকর্তাদের এক লাখ টাকা করে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বিএসইসির ভাষ্য, ২০২৪ সালের জুন পর্যন্ত কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও লভ্যাংশ বিতরণ করা হয়নি।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, পরিচালক প্রিন্স মজুমদার ও পরিচালক নিলোফার ইমাম।

অন্যদিকে ঘোষিত লভ্যাংশের সোয়া কোটি টাকা বিতরণ না করায় আফতাব অটোমোবাইলসের চেয়ারম্যান, এমডি, তিন পরিচালক ও দুই কর্মকর্তাকে এক কোটি ৩৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

এর মধ্যে চেয়ারম্যান শাফিউল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকে জরিমানা দিতে হবে ৩০ লাখ টাকা করে। তিন পরিচালকের জরিমানা হয়েছে ২০ লাখ টাকা করে। 

এছাড়া ওই সময়কার প্রধান অর্থ কর্মকর্তাকে ১০ লাখ টাকা ও কোম্পানি সচিবকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।