Published : 10 Aug 2026, 12:37 PM
বাংলাদেশ ব্যাংক যে চারটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) ‘অকার্যকর’ ঘোষণা করেছে, তার মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটির লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
এ তিন কোম্পানি হচ্ছে—ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জই বিনিয়োগকারীদের এ বার্তা দেওয়া হয়।
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের বিষয়ে বলা হয়েছে, “ব্যাংক রেজুল্যুশন আইন, ২০২৬ অনুযায়ী অকার্যকর ঘোষণা করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন ১০ অগাস্ট থেকে স্থগিত থাকবে।”
ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিষয়ে একই ধরনের বার্তা দেওয়া হয়েছে।
এর আগে রোববার রাতে এই তিন এনবিএফআইয়ের সঙ্গে আভিভা ফাইন্যান্স লিমিটেডকেও ‘অকার্যকর’ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। চার কোম্পানির মধ্যে কেবল আভিভা ফাইন্যান্স পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৩ সালে তালিকাভুক্ত হওয়া ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার সবশেষ রোববার হাতবদল হয় ২ টাকা ১০ পয়সায়।
২০০৮ সালে তালিকাভুক্ত হওয়া এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার সবশেষ হাতবদল হয় ২ টাকা ৫০ পয়সায়।
এর আগের বছর তালিকাভুক্ত হওয়া ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ার রোববার হাতবদল হয় ২ টাকা ১০ পয়সায়।
সেদিন রাতে বাংলাদেশ ব্যাংক চার এনবিএফআইকে অকার্যকর ঘোষণা করে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীদের নিয়োগ বাতিল করে প্রশাসক বসায়। দীর্ঘ সময় ধরে নানা অনিয়ম ও ঋণ কেলেঙ্কারিতে এ চার কোম্পানি ডুবতে বসেছে।
অন্তর্বর্তী সরকারের সময় থেকে ‘অবসায়ন’ নিয়ে আলোচনায় থাকা ছয় এনবিএফআইয়ের মধ্যে চারটির বিষয়ে ব্যাংক রেজল্যুশন আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। আপাতত অকার্যকর হওয়ার তালিকা থেকে রক্ষা পেয়েছে পিপলস লিজিং ও প্রিমিয়ার লিজিং।